অলিম্পিকে এবার স্টেডিয়ামের ভেতরে ধর্ষণের অভিযোগ

টোকিও অলিম্পিক ঘিরে বিতর্কের যেন শেষ নেই!ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোকিও অলিম্পিক যেন বিতর্কিত খবর থেকে মুক্তিই পাচ্ছে না!

গত বছর হওয়ার কথা থাকলেও করোনার কারণে এক বছর পিছিয়ে ২৩ জুলাই শুরু হচ্ছে ২০২০ টোকিও অলিম্পিক। কিন্তু করোনার কারণে পিছিয়েও সেই করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতেই পড়েছে অলিম্পিকের আয়োজন। অলিম্পিকের ভিলেজেই কয়েকজন অ্যাথলেটের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে গত কয়েক দিনে।

করোনাকে ঘিরে বিতর্কে টালমাটাল অলিম্পিক এবার বিতর্কিত আরেক খবরে। টোকিও অলিম্পিকের স্টেডিয়ামে এক জাপানি মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে উজবেকিস্তানের এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।

আর মাত্র পাঁচ দিন পরই শুরু হবে অলিম্পিক। সব বিতর্ককে সঙ্গী করেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এর মধ্যে গত শুক্রবার টোকিওর স্টেডিয়ামে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম জানাচ্ছে, ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তি উজবেকিস্তানের ৩০ বছর বয়সী নাগরিক। আজ রোববার তাঁকে আটক করা হয়েছে। দাভরোনবেক রাখমাতুল্লায়েভ নামের ওই অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর ধর্ষণের শিকার জাপানি মেয়ের বয়স ২০-এর ঘরে বলে লিখেছে সংবাদ সংস্থা এএফপি।

ঘটনাটা ঠিক কোথায় ঘটেছে, সেটির একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ টোকিও মেট্রোপলিটন পুলিশ জানায়নি বলে লিখেছে এএফপি। ঘটনার বর্ণনায় স্থানীয় সংবাদমাধ্যম লিখেছে, অভিযুক্ত ধর্ষকের সঙ্গে ওই নারীর পরিচয় ঘটনার দিন, অর্থাৎ শুক্রবারেই হয়েছে।

জাপানের ন্যাশনাল স্টেডিয়াম, এখানেই হওয়ার কথা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন।
ছবি: রয়টার্স

দুজনে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ড্রেস রিহার্সাল দেখতে গিয়েছিলেন। কিন্তু এরপর স্টেডিয়ামের দর্শকদের বসার আসনের কাছাকাছি কোথাও জাপানি মেয়েকে আক্রমণ করেন রাখমাতুল্লায়েভ, এমনটাই লিখেছে স্থানীয় সংবাদমাধ্যম।

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানাচ্ছে, অভিযুক্ত ধর্ষক ও ধর্ষণের শিকার নারী দুজনই খণ্ডকালীন চুক্তিতে অলিম্পিক গেমসের সঙ্গে জড়িত কোনো কাজ করতেন। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সাল দেখার আগে থেকেই ওই স্টেডিয়ামে দুজন কাজ করেছেন বলে লিখেছে কিয়োদো নিউজ।

অভিযুক্ত ব্যক্তি অবশ্য ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। জাপানের গণমাধ্যম এনএইচকে লিখেছে, অভিযুক্ত ধর্ষক রাখমাতুল্লায়েভের দাবি, জাপানি ওই নারীর দিকে যখন এগিয়ে গিয়েছিলেন, ওই নারী কোনো রকমের বাধা দেননি।

অলিম্পিক বাতিল করার দাবিতে আন্দোলন চলছে।
ছবি: রয়টার্স

যে উদ্বোধনী অনুষ্ঠানের ড্রেস রিহার্সাল ঘিরে এত কিছু, অলিম্পিকের সেই উদ্বোধনী অনুষ্ঠান আগামী শুক্রবার হওয়ার কথা। তার আগে অবশ্য করোনাকে ঘিরে অলিম্পিকে বিতর্ক ছড়াচ্ছে। এরই মধ্যে অলিম্পিকে পাঁচজন অ্যাথলেটের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে।

অ্যাথলেট, আয়োজক, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক—সব মিলিয়ে অলিম্পিকের সঙ্গে জড়িত ৫৫ জনের করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে। টোকিও শহরেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অলিম্পিকের আয়োজন বাতিল করার দাবি উঠেছে, সে দাবিতে লকডাউনের মধ্যেও বিক্ষোভও হচ্ছে! সব মিলিয়ে টোকিও অলিম্পিকের আয়োজন প্রশ্ন আর বিতর্কের মুখে।