অলিম্পিকে করোনা সুরক্ষাবলয় অকার্যকর, এখন পর্যন্ত আক্রান্ত ৩৫৩
টোকিও অলিম্পিকে ক্রীড়াবিদদের করোনা-সংক্রান্ত নিয়ম মেনে চলার প্রবণতায় যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। প্রথম দিকে সব বিষয়ে কড়াকড়ি থাকলেও সময় যত গড়াচ্ছে, ততই এ ব্যাপারে একধরনের শিথিলতা পরিলক্ষিত হচ্ছে। এরই মধ্যে অলিম্পিক ভিলেজে দল বেঁধে হইচই করা, এমনকি একসঙ্গে মদ্যপানের মতো ঘটনাও ঘটেছে। আয়োজকদের পক্ষ থেকে এরই মধ্যে এ ব্যাপারে দোষীদের সতর্ক করে দেওয়া হয়েছে।
করোনার এ সময়ে অলিম্পিক আয়োজন করছে জাপানের রাজধানী টোকিও। সংক্রমণের মধ্যেই এ আয়োজন ক্ষোভের কারণ হয়েছিল জাপানের সাধারণ মানুষের। অলিম্পিকের কারণে করোনার সংক্রমণ জাপানে বেড়ে যাবে, এমন শঙ্কাই প্রকাশ করেছিল তারা। তীব্র বিরোধিতা ও জনগণের আপত্তির মুখেও অলিম্পিক আয়োজন করে সংক্রমণ ঠেকাতে বিভিন্ন নিয়মকানুন জারি করেন আয়োজকেরা। ক্রীড়াবিদদের জন্য আচরণবিধিও তৈরি করা হয়। কিন্তু এ আচরণবিধি মেনে চলার ব্যাপারে অনেকেরই অনীহা আয়োজকদের উদ্বিগ্ন করে তুলেছে।
অলিম্পিকে করোনাভাইরাস অনেক আগেই সুরক্ষাবলয় ভেদ করেছে। এরই মধ্যে টোকিও অলিম্পিকে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫৩। আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ জন। আক্রান্তের সংখ্যাই বলছে, টোকিও অলিম্পিকে সুরক্ষাবলয় এরই মধ্যে অকার্যকর।
নিয়ম ভাঙার এক ঘটনা ঘটিয়েছে জর্জিয়ার দুই ক্রীড়াবিদ। অলিম্পিকে করোনা–সংক্রান্ত যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল গেমস ভিলেজের বাইরে না যাওয়া। কিন্তু জর্জিয়ার দুই ক্রীড়াবিদ নিয়ম ভেঙে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন। তবে তাঁরা আয়োজকদের নজর এড়াতে পারেননি। এরই মধ্যে দুই জর্জিয়ান ক্রীড়াবিদকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এ দুই ক্রীড়াবিদই জুডোতে পদক জিতেছেন। তাঁরা নিজেদের ইভেন্ট শেষ করেই গেমস ভিলেজের বাইরে শহর দেখতে বেরিয়েছিলেন বলে স্বীকার করেছেন। নিজেদের দেশের দুই পদকজয়ী নিয়ম ভঙ্গ করায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে জর্জিয়া।
অলিম্পিক ভিলেজে ১১ হাজারের মতো ক্রীড়াবিদ ও কর্মকর্তা রয়েছেন। সবার ওপর নজর রাখার বিষয়টি অসম্ভব প্রমাণিত হয়েছে। নিজেদের ইভেন্ট শেষ করার ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার নিয়ম থাকলেও ফিরে যাওয়া ক্রীড়াবিদদের জায়গায় প্রতিদিনই নতুন নতুন লোক যোগ হচ্ছেন। সবচেয়ে বড় কথা অতীতে আর কোনো অলিম্পিকেই আয়োজকদের ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের ওপর ‘পুলিশি নজরদারি’ করতে হয়নি। পুরো বিষয়টিই আয়োজকদের কাছে একেবারেই নতুন। এ ছাড়া যেসব ক্রীড়াবিদ ও কর্মকর্তারা অলিম্পিকে অংশ নিতে এসেছেন, তাঁরা সবাই নিজ নিজ দেশের তারকা ক্রীড়াবিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ফলে এমন মানুষ যখন নিয়ম ভাঙেন, তখন সেটি আয়োজকদের জন্য বিব্রতকর ব্যাপার হয়ে দাঁড়ায়।
এমন অবস্থার মধ্য দিয়েই অলিম্পিক শেষের দিকে এগিয়ে যাচ্ছে। ৮ আগস্ট পর্দা নামবে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়া আসরের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি জাপানকে যে চ্যালেঞ্জের মুখে ফেলবে, সেটি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আজ জাপানে ১৫ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। কেবল টোকিওতেই সংক্রমণের সংখ্যা পাঁচ হাজার।