অলিম্পিকে নিষিদ্ধ হবে পুরো রাশিয়াই?
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ নেওয়ার অভিযোগে গত শুক্রবার রিও অলিম্পিকের অ্যাথলেটিকসে রাশিয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। এবার আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংগঠনের (ওয়াডা) প্রতিষ্ঠাতা সভাপতি ডিক পাউন্ড বললেন, আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকে রাশিয়ার পুরো দলকে নিষিদ্ধ করাও অসম্ভব কিছু নয়।
যুক্তরাজ্যের সানডে টাইমসকে পাউন্ড বলেছেন, ‘রিও গেমস থেকে রাশিয়াকে বের করে দেওয়া হবে বিস্ফোরক সিদ্ধান্ত। তবে সেটি একেবারে অসম্ভবও নয়।’
আইএএএফের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, অলিম্পিকে শুধু অ্যাথলেটিকসে নিষিদ্ধ রাশিয়া। তবে এখন নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, শুধু ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বাইরেও ডোপিংয়ের বিষবাষ্প ছড়িয়ে পড়েছে কি না তা নিয়ে।
উদ্বেগ বাড়ছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও জার্মানির ফ্রাঙ্কফুর্টার আলজেমেইন-এর যৌথ প্রতিবেদনের কারণে। গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান অ্যাথলেটিকসে ডোপিং কেলেঙ্কারির পুরো বিষয়ের সঙ্গে জড়িত দুজন ব্যক্তিকে নাকি বার্ষিক ফির বিনিময়ে সাঁতারুদের ড্রাগ টেস্ট থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। এএফপি।