অলিম্পিকে যাচ্ছেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, তিরন্দাজ শ্যামলী রায়ের পর রিও অলিম্পিক যাত্রীদের তালিকায় যোগ হয়েছেন সাঁতারু মাহফিজুর রহমান (সাগর) ও সোনিয়া আক্তার (টুম্পা)। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এই দুজনের অলিম্পিকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছে। সাঁতার ফেডারেশন দুজনের জন্য ওয়াইল্ড কার্ডের আবেদন করেছিল, বিওএ দুজনকেই ব্রাজিল যাওয়ার ছাড়পত্র দিয়েছে। এঁদের মতো বাকি ও শ্যামলীও ওয়াইল্ড কার্ড নিয়েই রিও ডি জেনিরোতে যাচ্ছেন। ব্রাজিলে মাহফিজুর অংশ নেবেন ৫০ মিটার ফ্রি স্টাইলে, সোনিয়া ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে।
সর্বশেষ ২০১২ লন্ডন অলিম্পিকেও অংশ নিয়েছিলেন মাহফিজুর। সেবার অলিম্পিকে বাংলাদেশ দলের পতাকাবাহক ছিলেন নৌবাহিনীর এই সাঁতারু। এবার কে বাংলাদেশের পতাকা বহন করবেন, সেটি অবশ্য এখনো নিশ্চিত হয়নি। বাংলাদেশের মোট কতজন অ্যাথলেট ব্রাজিলে যাচ্ছেন, সেটিও নিশ্চিত হয়নি। তবে গলফ থেকে অলিম্পিকে যাওয়াটা প্রায় নিশ্চিত সিদ্দিকুর রহমানের। আগামীকাল প্রকাশিতব্য অলিম্পিক র্যাঙ্কিংয়ের ৬০-এর মধ্যে থাকলেই চলত। তবে গত সপ্তাহে চীনা তাইপের টুর্নামেন্ট শেষ হওয়ার পর র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বর্তমানে ৫৩তম স্থানে আছেন সিদ্দিকুর।
ভারোত্তোলন ফেডারেশন বিওএর কাছে মাবিয়া আক্তার সীমান্তের নাম পাঠিয়েছে। তবে তাঁর ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে। অ্যাথলেটিকস থেকে মেজবাহ আহমেদ ও শিরীন আক্তার এবং বক্সিংয়ের আল-আমিনের মধ্যে একজন হয়তো ওয়াইল্ড কার্ড পেতে পারেন। বিওএ আগামীকাল চূড়ান্ত করবে বাংলাদেশ দল।