অলিম্পিকে যাচ্ছেন কারা?

‘এক সাংবাদিক যখন খবরটা প্রথম দিলেন, বললাম আপনি কি মজা করছেন আমার সঙ্গে? তারপর তো শুনলাম ব্যাপারটা সত্যি। আমার জীবনে এত বড় আনন্দের খবর পাব কল্পনাও করতে পারিনি।’ শ্যামলী রায় এখনো যেন শিহরিত। রিও অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের স্বল্পপরিচিত এই আর্চার। তাঁর সঙ্গে আরও একজনের যাওয়া নিশ্চিত। সেই একজন পরিচিত মুখ কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার আবদুল্লাহ হেল বাকি।
যদিও কদিন আগেই ব্রাজিলে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলে এসেছেন বলে ‘ফুটবলের দেশে’ যাওয়ার শিহরণটা তাঁর কাছে এখন শ্যামলীর চেয়ে কম। তবে পেলের দেশে ৫-২১ আগস্ট অনুষ্ঠেয় অলিম্পিকে খেলার শিহরণটা কিন্তু আলাদাভাবে তাঁকেও কাঁপিয়ে তুলছে।
অলিম্পিক এমন এক গেমস, যা সব খেলোয়াড়কেই আলাদাভাবে দোলায়। তৃতীয় বিশ্বের প্রতিনিধি বাংলাদেশের খেলোয়াড়দের তো আরও বেশি। লাল-সবুজের খেলোয়াড়েরা এই বিশ্বমঞ্চে যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় পেছনের সারির প্রার্থী। তাই ওয়াইন্ড কার্ড বা বিশেষ বিবেচনায় যেতে হয়। বাংলাদেশের খেলোয়াড়দের কাছে ‘ওয়াইল্ড কার্ড’ তাই মহামূল্যবান এক রত্নই।
গতবার গোটা পাঁচেক ওয়াইল্ড কার্ড মিলেছে, এবারও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) চাওয়া তেমনই। তবে এবার ব্যতিক্রম হিসেবে বিওএর সিলেবাসের বাইরে একজন যেতে পারেন। ব্যক্তিগত যোগ্যতা নির্ধারণী মানদণ্ড পেরিয়ে অলিম্পিকে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বলতর এখন গলফার সিদ্দিকুর রহমানের। তাইওয়ানে ৫৯তম স্থানে থেকে খেলা শেষ করেছেন গতকাল। ১১ জুলাইয়ের মধ্যে তাঁর অলিম্পিক র্যা ঙ্কিং ৬০-এর মধ্যে থাকলে সুযোগ পাবেন অলিম্পিকে। সিদ্দিক নিজেও গতকাল জানালেন, ‘র্যা ঙ্কিংয়ে বড় কোনো ওলট-পালট না হলে অলিম্পিকের ব্যাপারে আমি এখন অনেক বেশি অাশাবাদী।’
এমন আত্মবিশ্বাস অবশ্য আর কারও মধ্যে নেই। কারণ, অন্যদের ভরসা ওয়াইল্ড কার্ড, সেই ওয়াইল্ড কার্ডের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে বিওএর মাধ্যমে পড়া দরখাস্তগুলোর ভাগ্য ঝুলে আছে। অ্যাথলেটিকস ফেডারেশন নাম জমা দিয়েছে দ্রুততম মানব-মানবী মেজবাহ আহমেদ ও শিরিন আক্তারের। সাঁতার ফেডারেশন মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তারের। আর্চারিতে গত লন্ডন অলিম্পিকে যাওয়া ইমদাদুল হক মিলনের সঙ্গে রোমান সানার জন্যও চেষ্টা চলছে। বক্সিংয়ের জন্যও চাওয়া হয়েছে একটি। তবে ওয়াইল্ড কার্ড চাওয়া মানেই পাওয়া নয়।
খেলোয়াড়দের আন্তর্জাতিক রেটিংয়ের ওপরই নির্ভর করে ওয়াইল্ড কার্ড। এবার যেমন আর্চারিতে শ্যামলী রায় সেটি পেয়েছেন বিশ্ব আর্চারি, এশিয়ানসহ অন্য প্রতিযোগিতায় ভালো করায়। ঘরোয়া প্রতিযোগিতায় ২০১০ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২০১৪ থেকে খেলা রিকোর্ভ বো ইভেন্টের নড়াইলের মেয়ে বলছেন, ‘ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও ডেনমার্কে বিশ্ব চ্যাম্পিয়নে ভালো স্কোর করেছিলাম। র্যা ঙ্কিং ভালো হওয়ায় পেয়ে গেলাম ওয়াইল্ড কার্ড।’
কিন্তু সম্প্রতি এসএ গেমসে দুটি সোনা জিতেও সাঁতারু মাহফুজা খাতুন শিলার অলিম্পিক-স্বপ্ন অপূর্ণই থাকছে। অনেকে এতে ফেডারেশনের দায় দেখছেন। তবে বিওএর কোষাধ্যক্ষ ও অলিম্পিক-সম্পর্কিত বিষয়গুলো দেখভাল করা কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল তা মানছেন না, ‘এসএ গেমসকে আন্তর্জাতিক রেটিংয়ে সেভাবে মূল্যায়ন করে না অলিম্পিক কমিটি। এশিয়ান, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার পারফরম্যান্সের ভিত্তিতে রেটিংই আসলে বিবেচ্য। তাই শিলারটা হয়নি।’
এসএ গেমসে ভারোত্তোলনে সোনাজয়ী মাবিয়া আক্তারের সম্ভাবনাও এমনিতেই কম ছিল। ফেডারেশনে ক্ষমতার রদবদল তাঁর সম্ভাবনা আরও কমিয়ে দিয়েছে। যদিও মাবিয়া বলছেন, ‘এখনো কিছু বলা যাচ্ছে না। ওয়াইল্ড কার্ড পাওয়ার সময় তো আছে।’ তবে রাজীব উদ্দিনের কথা শুনলে হতাশই হতে পারেন মাবিয়া। বিওএর এই কর্মকর্তা বলছেন, ‘আইওসিতে সার্বক্ষণিক যোগাযোগ রেখে বুঝলাম, অ্যাথলেটিকস আর সাঁতারে একটি করে ওয়াইল্ড কার্ড দিতে পারে বাংলাদেশকে। বাকিগুলোতে তেমন আশা দেখি না।’
কিন্তু মাবিয়ারা আশায় আছেন। তাকিয়ে আছেন মেজবাহ-সাগররাও। তাঁদের ভাগ্য জানা যেতে পারে দুই-তিন দিনের মধ্যেই। স্বপ্ন পূরণ হলে এই খেলোয়াড়দের ঈদটাও কাটবে ভালো।