অলিম্পিকে যাবেন তো উসাইন বোল্ট?

রিও অলিম্পিকের আর খুব বেশি দেরি নেই। কিন্তু অলিম্পিক সুস্থ উসাইন বোল্টকে দেখবে কি না, এ নিয়ে জেগেছে ঘোর সংশয়। শুক্রবার জ্যামাইকান অলিম্পিক ট্রায়ালের ১০০ মিটার ইভেন্ট শুরু হওয়ার আগ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বোল্ট।
বোল্টের ম্যানেজার নিউজেন্ট ওয়াকার বলেছেন, ‘চোটের চিকিৎসার কারণে বোল্ট জ্যামাইকান অলিম্পিক ট্রায়ালের বাকি প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।’
বেইজিং অলিম্পিকে ‘ট্রেবল’ জয়ের পর ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটার দৌড়ের পাশাপাশি ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন বোল্ট। এবারের রিও অলিম্পিকে টানা তৃতীয়বারের মতো নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন বিশ্বের দ্রুততম মানবের। কিন্তু চোটের কারণে তাঁর প্রস্তুতি রীতিমতো বাধাগ্রস্ত! আগামী ২২ জুলাই লন্ডনের ডায়ামন্ড মিটে দৌড়েই রিও অলিম্পিকের জন্য নিচের প্রস্তুতির পরীক্ষা দিতে হবে বোল্টকে।
প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে জ্যামাইকান ‘বজ্র-বিদ্যুৎ’ বলেন, ‘প্রথম রাউন্ডে দৌড়ানোর সময়ই হ্যামস্ট্রিংয়ে কিছুটা অসুবিধা হয়েছিল। সেমিফাইনালে একই জিনিস আবারও হলো। এই মুহূর্তে আমার এই চোটের চিকিৎসা করাতে হবে। আশা করছি, জুলাইয়ে লন্ডন অ্যানিভার্সারি গেমসে নিজের সুস্থতা প্রমাণ করে রিও অলিম্পিকে অংশ নিতে পারব।’ সূত্র: এএফপি, রয়টার্স।