অলিম্পিকে যোগ দিলেন বাংলাদেশের শিক্ষার্থী
তাজবীর আহমেদ সাজিদ টোকিও বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণায় নিয়োজিত বাংলাদেশের শিক্ষার্থী। পেশায় চিকিৎসক এই কৃতী বাংলাদেশির কর্মক্ষেত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখন তিনি জাপানে চিকিৎসার উচ্চতর পর্যায়ের গবেষণায় যুক্ত আছেন এবং সেই সূত্রে টোকিওতে তাঁর বসবাস।
শিক্ষাগত জীবনের পুরো সময় চমৎকার সাফল্য দেখিয়ে যাওয়া বাংলাদেশের এই তরুণ অলিম্পিকের কাজের সঙ্গে যোগ দেওয়ার বিরল এক সম্মান অর্জন করেছেন। অলিম্পিকে স্বেচ্ছাসেবীদের কাজের সঙ্গে সাজিদের কাজের বড় পার্থক্য হলো প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে সবার ঊর্ধ্বে থেকে নিজের দক্ষতার প্রমাণ দেখানোর মধ্য দিয়ে তিনি নির্বাচিত হয়েছেন।
অলিম্পিক চলাকালে সাজিদের কর্মস্থল টোকিওর বিগ সাইটে অলিম্পিকের প্রধান মিডিয়া সেন্টার–সংলগ্ন আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্র। সেখানে তিনি সহকারী ধারাভাষ্যকার হিসেবে টেনিস ইভেন্টে মূল ধারাভাষ্যকারদের সহযোগিতা করছেন। ফলে টোকিওর আরিয়াকে টেনিস আরেনায় অলিম্পিক টেনিসের যে প্রতিযোগিতা চলছে, সেখানে তাঁর নিয়মিত যাতায়াত।
জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে মাত্র তিনজন এই বিরল সুযোগ লাভ করেছেন। সাজিদের বাইরে অন্য দুজন ব্রাজিল ও রাশিয়ার নাগরিক। বাছাই পরীক্ষা পার হওয়ার পর তিন ধাপের প্রশিক্ষণ নিতে হয় তাঁদের। এর পরের পরীক্ষায় সবার শীর্ষে ছিলেন সাজিদ।
এখন তিনি শুধু টেনিসের বিশ্বতারকাদের কাছে থেকে দেখার সুযোগই পাচ্ছেন না, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সম্প্রচারকেন্দ্রের ভাষ্যকার দলের সহায়ক হিসেবেও কাজ করছেন। সাজিদের ধারাভাষ্য অলিম্পিক কমিটির বিভিন্ন দেশের সম্প্রচারকেন্দ্রগুলোর ধারাভাষ্যের অন্তর্ভুক্ত হচ্ছে, সেটা নিশ্চয় বড় এক অর্জন।
টোকিওতে প্রথম আলোর কাছে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে সাজিদ বলেছেন, ‘সরাসরি সম্প্রচারে কোনো রকম সমস্যা দেখা দিলে তা সমাধানের দায়িত্ব আমাদের। এ ছাড়া ব্রডকাস্টিং ইউনিটের সেটআপ ও রক্ষণাবেক্ষণের দিকগুলোও দেখতে হয়।
প্রতিটি ইভেন্টের শেষে ভেন্যুর মিডিয়া সেন্টারের মিক্সড জোনে ধারা বর্ণনা দেওয়ার সুযোগও এ কাজে পাওয়া যায়, যদিও করোনার কারণে খেলোয়াড়েরা খুব অল্প সময়ের জন্য এই মিক্সড জোনে আসছেন।’
এ কাজে কোনো মধুর অভিজ্ঞতা হয়েছে কি না, তা জানতে চাইলে সাজিদ বলেন, ‘আমি মাত্র একটি ম্যাচের শেষে নাওমি ওসাকার সঙ্গে লাইভ ব্রডকাস্টিংয়ে তাঁর কথা সম্প্রচারের সুযোগ পেয়েছি। এ ছাড়া পুরুষদের টেনিসের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ, কেই নিশিকোরি, অ্যান্ডি মারে এবং মেয়েদের টেনিসে বিশ্বজুড়ে পরিচিত নাম অ্যাশলেই বার্টি, আলিনা সাবালেঙ্কা, বারবারা ক্রেসিকোভাদের সামনে থেকে দেখা এবং তাঁদের খেলা অনুসরণ করার সুযোগই কেবল আমার হয়নি; খেলা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কীভাবে তাঁরা বক্তব্য রাখেন, সেটাও আমি দেখছি এবং আমার নিজের ভাষ্যও আন্তর্জাতিক সম্প্রচারে যুক্ত করতে পেরেছি।’
করোনাভাইরাস নিয়ে অনেকেই আতঙ্কিত। বিশেষ করে টোকিওতে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ভিড়ের জায়গা অনেকেই এড়িয়ে চলছেন।
এমন অবস্থায় এ কাজে জড়িত হয়ে করোনার ভীতি দেখা দিয়েছে কি না, সেই অনুভূতি বর্ণনা করে সাজিদ জানান, ‘আতঙ্ক অবশ্যই ছিল। তবে আইওসি এবং জাপানের আয়োজক কমিটি সংক্রমণ ঠেকাতে যেসব ব্যবস্থা নিয়েছে, তা হচ্ছে খুবই কার্যকর। ভ্যেনুতে উপস্থিত আমাদের সকলের টিকা নিতে হয়েছে এবং এক দিন অন্তর ভাইরাস পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক হওয়ায় পর সেই ভীতি এখন অনেকটা কেটে গেছে।’
একটি আক্ষেপ রয়েছে সাজিদের। সেটা হলো বাংলাদেশের কোনো খেলোয়াড় অলিম্পিকের টেনিসে জায়গা করে নিতে পারেননি, আর তাই টেনিস ভ্যেনুতে উড়ছে না বাংলাদেশের লাল-সবুজ পতাকা। তা সত্ত্বেও সাজিদ মনে করছেন, অলিম্পিক টেনিসের প্রতিযোগিতা চলাকালীন এখানকার সম্প্রচার দলের সঙ্গে কাজ করছে একজন তরুণ বাংলাদেশি, সেই অনুভূতি তাঁকে আনন্দ দিচ্ছে এবং এটাকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তিনি দেখছেন।
সাজিদের কাজ শেষ হবে ১ আগস্ট, যেদিন টেনিস প্রতিযোগিতা শেষ হবে। তবে সমৃদ্ধ যে অভিজ্ঞতার ভান্ডার এই তরুণের ঝুলিতে অল্প কয়েক দিনের মধ্যে জমা হয়েছে, সেটা তাঁকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে এবং নানা দেশ ও জাতির মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে আরও বেশি উৎসাহিত করবে।