অলিম্পিকের স্কোর ছাড়িয়ে গেলেন দিয়া

দিয়া সিদ্দিকীফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানী আর্মি স্টেডিয়ামে দিনভরই চলেছে বৃষ্টি। আর্চারির জন্য ঠিক উপযুক্ত পরিবেশ নয়। বৃষ্টির সঙ্গে বইছিল হাওয়া। এমন বৈরী পরিবেশেই নিজের সেরা স্কোর করলেন দিয়া সিদ্দিকী।

ঢাকায় আজ শুরু হয়েছে তির ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার র‍্যাঙ্কিং রাউন্ডে মেয়েদের রিকার্ভ এককে ক্যারিয়ার–সেরা ৬৩৭ স্কোর করেছেন দিয়া। এর আগে গত জুলাইয়ে টোকিও অলিম্পিকে র‍্যাঙ্কিং রাউন্ডে দিয়া করেন ৬৩৫ পয়েন্ট। এটাই ছিল এত দিন দিয়ার ক্যারিয়ার–সেরা স্কোর। তবে আজ অলিম্পিকের স্কোরও ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সেরা নারী আর্চার।

তির কোথায় পড়ল, সেটা মনোযোগ দিয়ে দেখছেন দিয়া
ছবি: প্রথম আলো

মেয়েদের র‍্যাঙ্কিং রাউন্ডে ২৬ জনের মধ্যে দিয়া হয়েছেন ১২তম। ৬৮৭ স্কোর করে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার রিও সু জাং। আগামীকাল এলিমিনেশন রাউন্ডের প্রথম ম্যাচে দিয়া মুখোমুখি হবেন কাজাখস্তানের আবদারাজাক আরুঝানের বিপক্ষে। দিয়ার পরই বাংলাদেশের হয়ে ভালো স্কোর করেছেন নাসরিন আক্তার।

৬২৯ স্কোর করে নাসরিন আক্তার হয়েছেন ১৫তম। ৬২১ স্কোর করে বিউটি রায় হয়েছেন ১৭তম, ৫৯৯ স্কোর করে ২৩তম শ্রাবণী আক্তার।

আমার আশা ছিল, আজ আরও ভালো স্কোর হবে।
নিজের সেরা স্কোর করেও হতাশ দিয়া সিদ্দিকী

প্রথম রাউন্ডে নাসরিন খেলবেন উজবেকিস্তানের মুনিরা নুরামানোভার বিপক্ষে, বিউটি খেলবেন কাজাখস্তানের ফরিদা তুকবায়েভার বিপক্ষে, শ্রাবণী খেলবেন ভিয়েতনামের নি থান থি এনগুয়েনের বিপক্ষে।

ছেলেদের কম্পাউন্ড ইভেন্টের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে ভালো ফল করেছেন রাকিব নেওয়াজ আহমেদ। ৩৪ জনের মধ্যে নবম হয়েছেন নেওয়াজ। তিনি করেছেন সর্বোচ্চ ৭০০ পয়েন্ট স্কোর। মোহাম্মদ আশিকুজ্জামান হয়েছেন ১১তম। তিনি স্কোর করেন ৬৯৯। সোহেল রানা ৬৯৮ স্কোর করে হয়েছেন ১৪তম।

এক ফ্রেমে বন্দী আর্চাররা
ছবি: প্রথম আলো

কম্পাউন্ডে দেশের সেরা আর্চার অসীম কুমার দাসের পারফরম্যান্স বেশ বাজেই হয়েছে। তিনি ৬৯০ স্কোর করে হয়েছেন ২১তম। এই বিভাগে র‍্যাঙ্কিং সেরা হয়েছেন দক্ষিণ কোরিয়ার চোই ইয়ংহি। তিনি ৭২০ স্কোরের মধ্যে পেয়েছেন ৭১৬ পয়েন্ট!

মেয়েদের রিকার্ভে নিজের সেরা স্কোর করেও অবশ্য খুশি নন দিয়া, ‘আমার আশা ছিল, আজ আরও ভালো স্কোর হবে। প্রথম দফায় তির ছুড়ে আমি ৩২৮ মেরেছিলাম। কিন্তু পরেরবার ৩০৯ মেরেছি। এ জন্যই স্কোরে আরও পিছিয়ে পড়ি। তবে প্রতিটি গেমে যে আমার স্কোরে উন্নতি হচ্ছে, এতে আমার আত্মবিশ্বাসও বাড়ছে। আরও ছন্দে খেলতে পারছি স্কোর বাড়ানোর জন্য।’