অসম্ভবকে সম্ভব করে শুমাখারের ‘মুকুট’ হ্যামিল্টনের
মাইকেল শুমাখার এখন কেমন আছেন? কাল লুইস হ্যামিল্টনের কীর্তি কি তাঁর কান পর্যন্ত পৌঁছেছে?
শুমাখারের নাম একটু অপরিচিত লাগতে পারে। প্রায় অর্ধযুগ আগেও তাঁর নাম থাকত রজার ফেদেরারের পাশে। এখন যে নেই তা নয়, কিন্তু সাত বছর আগের ভয়ংকর দুর্ঘটনা শুমাখারকে পাদপ্রদীপের আলো থেকে ঠেলে সরিয়েছে। জগৎটাই এমন। ট্রয়ের রণাঙ্গনে না থাকলে মানুষ হয়তো ‘একিলিস’কেও ভুলে যেত। তেমনি খেলাধুলায় ময়দানেও না থাকলে লোকে ভুলে যায়। শুমাখারের নিজেরও কি মনে আছে?
কোমা থেকে ফিরেছেন ২০১৪ সালে। তারপর থেকে চিকিৎসকেরা মাঝে-মধ্যে নিদান দেন— শুমাখার জেগে আছেন কিন্তু সাড়া নেই, শুমাখার আর কখনো ফর্মুলা ওয়ানের ট্র্যাকে ফিরতে পারবেন না, দুর্ঘটনার আগে শুমাখার যেমন ছিলেন, তেমনটা আর কখনো দেখা যাবে না।
তবু কাল নিশ্চয়ই শুমাখারের কানে কথাটা কেউ তুলেছেন। তাঁর স্ত্রী করিনা? কিংবা সন্তান জিনা-মারি অথবা মিক—কেউ নিশ্চয়ই বলেছে, ‘বাবা, তোমাকে আদর্শ মেনে আসা লোকটা আজ তোমারই কীর্তি ছুঁয়ে ফেলেছে!’ হ্যাঁ, হ্যামিল্টনের কথাই বলা হচ্ছে। কাল জার্মানিতে আইফেল গ্রাঁ প্রি জিতে শুমাখারের সমান ৯১টি গ্রাঁ প্রি ট্রফি জয়ের রেকর্ড ছুঁলেন এই ব্রিটিশ। আর সে কারণেই বিস্মৃত হতে যাওয়া নামটা উঠে এসেছে সংবাদমাধ্যমে—শুমাখার! কাল হ্যামিল্টনের সংবাদ সম্মেলনেও তিনি ছিলেন একটু অন্যভাবে।
হ্যামিল্টন সংবাদকর্মীদের প্রশ্নের জবাব দেওয়ার সময় মিক এসে দাঁড়ান তাঁর পাশে। হাতে তাঁর বাবার একটা রেস হেলমেট। হ্যামিল্টনের হাতে সেটি তুলে দেন মিক। হ্যামিল্টন সেই হেলমেট উঁচিয়ে ধরেন অযুত ক্যামেরার সামনে—যেন রূপকভাবে পাশাপাশি দাঁড়ানো শুমাখার-হ্যামিল্টন, পাশাপাশি রাখা দুটো ৯১ ট্রফি জয়ের কীর্তি। শুমাখার সর্বশেষ গ্রাঁ প্রি জয়ের ১৪ বছর ১০ দিন পর তাঁর পাশে দাঁড়ালেন হ্যামিল্টন। আদর্শের প্রতি এর চেয়ে ভালো নৈবেদ্য আর কি হতে পারে!
২০০৬ সালে শুমাখার প্রথমবার অবসর নেওয়ার সময় তাঁর নামের পাশে ছিল ‘অমোচনীয়’ ৯১ গ্রাঁ প্রি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫১ গ্রাঁ প্রিজয়ী ফরাসি অ্যালাইন প্রস্ত। তখন কেউ ভাবতে পারেনি জার্মানের কীর্তি ছুঁতে পারবে কেউ। কিন্তু ওই যে ‘তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে’—কথাটা ফলিয়ে ২০০৭ সালে ফর্মুলা ওয়ানের ট্র্যাকে প্রথম নাম লেখালেন হ্যামিল্টন। কিন্তু ‘বধিবে’ কথাটা খাটে না, আর সেটি দুজনের সম্পর্ক বিচারে। কাগজ-কলমের হিসেব অবশ্য এসব বোঝে না—২৫ অক্টোবর পর্তুগাল গ্রাঁ প্রি-তে হ্যামিল্টন তাঁর আদর্শকে পেছনে ফেলতে পারবেন কি না, সে হিসেব চলছে না সেখানে।
২০০০ এর দশকে শুরুতে শুমাখার-ফেরারির যে রসায়ন ছিল, আর কখনো তেমন কিছু দেখা যাবে কি না তা কেউ ভাবেনি। ফর্মুলা ওয়ানের মজাটাই এখানে। গতির এ খেলায় প্রতিযোগীরা নিয়মিতই অসম্ভবকে সম্ভব করছেন। ঠিক যখনই ভাবছেন এই ল্যাপ রেকর্ড আরও নিচে নামানো সম্ভব না, তখনই সেটা ভেঙে যাচ্ছে, যখন ভাবছেন এই গাড়ির মডেলটা ‘পারফেক্ট’ ঠিক তখনই গাড়িটিকে আরও উন্নত করা হচ্ছে, যে ড্রাইভারকে হারানো সম্ভব না বলে ভেবে বসে ছিলেন, তিনি-ও হেরে যাচ্ছেন—যেমন শুমাখার। জীবন-পথের লড়াই তাঁকে ফর্মুলা ওয়ানের ট্র্যাক থেকে বিচ্যুত করেছে।
শুমাখার ২০০৬ সালে ফেরারি ছাড়ার পর সবার আশায় ছিলেন ফার্নান্দো আলোনসো। এই স্প্যানিয়ার্ডকে পরবর্তী ‘বিগ থিং’ হিসেবে ভেবেছিলেন সবাই। কিন্তু ফর্মুলা ওয়ান কতটা কঠিন তা বুঝিয়ে দেয় আলোনসোর পরবর্তী পথটা—অমিত প্রতিভা ও দক্ষতা নিয়েও পরের ১২ বছরে মাত্র ৩২ জয় পেয়েছেন। তাঁর ক্যারিয়ার প্রমাণ করে দেয় ফর্মুলা ওয়ানে প্রত্যাশা পূরণ না করে থাকাটা যত সহজ ঠিক তাঁর উল্টো—হ্যামিল্টনের মতো রেকর্ড গড়ে চলা—কাজ করে চলা ততটাই কঠিন। আরেকটু বুঝিয়ে বলা যায়। যেমন ধরুন ফুটবলের রবিনহো। ‘পরবর্তী পেলে’ তকমা নিয়ে পা রেখেছিলেন ইউরোপে। রবিনহো এখন কোথায়, আর কোথায় মেসি-রোনালদো!
জুনিয়র ক্যারিয়ারে প্রায় সব জিতে আসা হ্যামিল্টনও কিন্তু ভাবতে পারেননি। শুমাখারের ‘৯১’ যে ছোঁয়া সম্ভব সেটি প্রমাণ করে দেওয়ার পরও অবিশ্বাস ঝরেছে ৩৫ বছর বয়সীর কণ্ঠে, ‘মনে পড়ে (ছোটবেলায়) ভাইকে নিয়ে প্রতি রোববার ফর্মুলা ওয়ান দেখতাম। রেসের প্রথম ভাগ শেষে ওপরতলায় গিয়ে রেসিং গেম খেলতাম, যেখানে আমি হতাম শুমাখার। আমার ১৩-১৪ বছর বয়সের সেই সময় শুমাখার ছিলেন স্রেফ অবিশ্বাস্য। এখন ভাবতেই কেমন পাগলাটে লাগে। হ্যাঁ, আমি ফর্মুলা ওয়ানে আসার স্বপ্ন দেখেছি। কিন্তু শুমাখারের জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলা আমার সুদূরতম কল্পনাতেও ছিল না। কেমন লাগছে তা বোঝানো সত্যিই খুব খুব কঠিন।’
১৪ মৌসুমে ৯১ গ্রাঁ প্রি জয়! হ্যামিল্টন কি তাহলে ফর্মুলা ওয়ানে সবচেয়ে পূর্ণাঙ্গ চালক? চমকে ভরা খেলাটির কারণে জবাবটা সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো। তবে ফর্মুলা ওয়ানের একমাত্র কৃষ্ণাঙ্গ চালক তো বটেই, খেলাধুলার জগতে সবচেয়ে পরিচিত তারকাদেরও একজন। সেই তারকা ২২ বছর বয়সে যাঁর অভিষেক ঘটেছিল ম্যাকলারেনের সিটে, সঙ্গী ছিলেন সেই আলোনসো। আজ আলোনসো কোথায় আর হ্যামিল্টন কোথায়—শুমাখারের পাশে। এ জন্য লাগে আত্মবিশ্বাসের সঙ্গে লাগে নিবেদনও। মাত্র ১০ বছর বয়সে ম্যাকলারেন দলের প্রধান রন ডেনিসের কাছে গিয়ে হ্যামিল্টন বলেছিলেন, তিনি তাদের চালক হতে চান। তিন বছর পর ম্যাকলারেনের তরুণ চালকদের প্রকল্পে হ্যামিল্টনকে নিতে বাধ্য হয়েছিলেন ডেনিস।
২২ বছর পর সেই হ্যামিল্টন বাধ্য করেছেন শুমাখারকে একটি পোস্ট দিতে। না, শুমাখারের মনের কথাটাই কেউ হয়তো তাঁর টুইটার পেজে লিখে দিয়েছে, ‘রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। অভিনন্দন, লুইস!’
শুমাখারের সন্তান মিক নিজেও হাঁটছেন বাবার পথে। আগামী মৌসুমে তাঁর অভিষেক ঘটার কথা বাবার ফেলে যাওয়া ট্র্যাকে। মিকের নিশ্চয়ই মনে আছে থাকবে বাবার কথা—রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। হ্যামিল্টনের রেকর্ডটাও তাহলে...পারবেন মিক? হ্যামিল্টন যেহেতু এখনো থামেননি তাই মিকের কাজ আপাতত গুণে রাখা, ৯১, ৯২, ৯৩...। থামার পর না হয় বাবার জন্য...!