অ্যাথলেটদের সামান্য চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে অ্যাথলেটিকসের দৈন্যদশার কথা ক্রীড়াঙ্গনের মুখে মুখে ফেরে। গত এসএ গেমসে অ্যাথলেটিকসে অর্জন বলতে মাত্র দুটি ব্রোঞ্জ। সাফল্যহীন অ্যাথলেটিকস এখন পথহারা। পথের ঠিকানা খুঁজতে কাল মতবিনিময় সভা ডেকেছিল অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত এই সভায় জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে সোনাজয়ী অ্যাথলেটরা ছিলেন। কোচ ও সংগঠকেরাও এসেছিলেন আমন্ত্রিত হয়ে।

এই সভায় অ্যাথলেটরা অবশ্য এমন কিছু বলেননি, যা পূরণ করা অসম্ভব অ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষে। মোটামুটি বিভিন্ন সময় তাঁরা যেসব দাবি তুলেছেন, ঘুরেফিরে সেসবই এসেছে। সবার মুখে একটা কথাই ঘুরেফিরে শোনা গেছে, ‘দীর্ঘমেয়াদি অনুশীলন।’

দ্রুততম মানব মেজবাহ আহমেদ অবশ্য এটিকে দাবি আকারেই পেশ করেছেন, ‘অ্যাথলেটদের সামনে এগিয়ে নিতে দেশে-বিদেশে লম্বা সময়ের অনুশীলন প্রয়োজন। এটা পেলে একজন খেলোয়াড় নিজেকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে পারবে।’ দ্রুততম মানবী শিরিন আক্তার এর সঙ্গে যোগ করেন, ‘অনুশীলনই আসল। আমরা চাই ভালো অনুশীলন-সুবিধা। আর ট্রায়াল হলে আমরা যেন হাতে সময় পাই। হুট করে এটা না হওয়াই ভালো।’

বিকেএসপির কোচ আবদুল্লাহ হেল কাফি এই সভায় বলেছেন, ‘প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই করলেই শুধু হবে না। সবার সামনে পারফরম্যান্সের একটা মানদণ্ড রাখা উচিত। যেন তা ছোয়াঁর চেষ্টা করেন খেলোয়াড়েরা। উদ্দেশ্যহীনভাবে কিছু করলে ফল আসবে না কখনোই।’ সঙ্গে অ্যাথলেটদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও তুলেছেন। বছরব্যাপী একটা সূচি রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন সাবেক এই দ্রুততম মানব।

নৌবাহিনীর কোচ রফিকুল ইসলাম মনে করেন, অ্যাথলেটিকস ফেডারেশন লম্বা সময় নিয়ে প্রতিভা খোঁজার কাজটা করতে পারে। এভাবে প্রতিভা তুলে এনে বিদেশে পাঠালে ভালো অ্যাথলেট বেরিয়ে আসবেই তাঁর বিশ্বাস। কোচেস কোর্সের ওপরও জোর দিয়েছেন তিনি।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রাকিব মন্টু সবার কথা শুনে প্রতিশ্রুতি দিলেন, ‘আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তাতে জয়ী হতে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে টুর্নামেন্ট করে খেলোয়াড় তুলে আনব। অ্যাথলেটিকসের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছুই করব আমরা।’