অ্যাথলেটিকস ট্র্যাক আরও বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের বিজ্ঞাপনী শুটিংয়ের বলি বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাক। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ফুটবলের বিজ্ঞাপনী শুটিংয়ের বলি বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাক। গতকাল তোলা ছবি l প্রথম আলো

এমনিতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাথলেটিকস ট্র্যাকের দুরবস্থা অনেক দিনের। ট্র্যাকের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ক্ষত হয়েছে। অযত্ন-অবহেলায় ট্র্যাকের আয়ুও ফুরিয়ে যাচ্ছে দ্রুত। এবার নতুন করে আরেকবার ক্ষতিগ্রস্ত হলো এই ট্র্যাক। ড্রেসিংরুমের সামনে বড় একটা ক্ষত দেখা যাচ্ছে এখন।

কীভাবে এটা হলো? বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া জানালেন, ঈদের ঠিক আগে আগে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের জন্য বিজ্ঞাপন বানাতে গিয়েই এই ক্ষতিটা হয়েছে। ক্ষোভের সঙ্গে কাল তিনি বলছিলেন, ‘৪ জুলাই ফুটবলের বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে এই ক্ষত ওরা করেছে। বিষয়টা জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে চিঠি দেওয়া হবে ফুটবল ফেডারেশনকে। তারা কাজটা খুব খারাপ করেছে।’

এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বললেন, বাফুফে কখনো চায় না এমন ক্ষতি হোক ট্র্যাকের। কারণ এটি জাতীয় সম্পদ এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। তাঁর কথা, ‘অসতর্কতায় ক্ষতিটা যখন হয়েই গেছে, এজন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে সতর্ক থাকব। ক্ষতটা সারাতে প্রয়োজনে ক্ষতিপূরণ দিতেও দ্বিধা করবে না বাফুফে।’

তবে অ্যাথলেটিকস ফেডারেশন বিষয়টা জানে না। ঈদের ছুটির কারণে কর্মকর্তারা এদিকটায় আসেননি। কাল এই প্রতিবেদকের কাছে বিষয়টা জেনে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বললেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে ট্র্যাক দেখে প্রতিক্রিয়া জানাব।’

আসলে ট্র্যাকের ক্ষতি হওয়াটা গা-সওয়া হয়ে যাওয়ায় কেউই আর এসব নিয়ে মাথা ঘামায় না। এর আগেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে নানা অনুষ্ঠান হয়েছে এবং ঝড়টা গেছে ট্র্যাকের ওপর দিয়ে। অ্যাথলেটরা বছরে কয়েকটা দিনের জন্য এখানে আসেন। খেলে চলে যান। ট্র্যাকটা পড়ে থাকে অনাদরে।