অ্যাথলেটিকস থেকে নিষিদ্ধ হতে পারে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া নিষিদ্ধ হতে পারে অ্যাথলেটিকস থেকে। ছবি: রয়টার্স।
রাশিয়া নিষিদ্ধ হতে পারে অ্যাথলেটিকস থেকে। ছবি: রয়টার্স।

অভিযোগটা গুরুতরই। অ্যাথলেটিকসে ডোপিংয়ের বিষয়ে তদন্তকারী আন্তর্জাতিক সংস্থা (ডব্লিউএডিএ) নিয়োজিত এক কমিশন জানিয়েছে, রাশিয়ায় অ্যাথলেটদের মধ্যে নিষিদ্ধ ওষুধ গ্রহণের ব্যাপারটি তাদের ক্রীড়া সংস্কৃতির অংশই হয়ে দাঁড়িয়েছে। আর এ ব্যাপারে অব্যাহত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পুরো বিষয়টিকেই আরও কদাকার চেহারা দিয়েছে। গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনটি যদি আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা আমলে নেয়, তাহলে খেলাটি থেকে নিষিদ্ধ হয়ে যেতে পারে রাশিয়া।
কমিশন অবশ্য এ ব্যাপারে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থাকেও কমবেশি দায়ী করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ ডোপিংয়ের প্রতিরোধে অ্যাথলেটিকসের বিশ্ব সংস্থার পদ্ধতিগত প্রচুর ত্রুটি থেকে যাচ্ছে। প্রতিবেদনের একটি জায়গায় বলা হয়েছে, মস্কোতে ডব্লিউএডিএ অনুমোদিত একটি পরীক্ষাগারে পাঠানো ১৪১৭টি নমুনা নাকি ধ্বংস করে ফেলা হয়েছে। ডোপিং তদন্তকারী সংস্থার নিরীক্ষা দল মস্কোতে পৌঁছানোর আগে দিয়ে সরকারিভাবেই কাজটি করা হয়েছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়।
তবে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো কমিশনের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, প্রতিবেদনে রুশ অ্যাথলেটিকসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো বানোয়াট। নমুনা ধ্বংসের ব্যাপারটি সম্পর্কে তাঁর বক্তব্য হচ্ছে, ওটা ডব্লিএডিএর অনুরোধেই করা হয়েছিল।
আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থার সভাপতি সেবাস্তিয়ান কো বলেছেন, রাশিয়ান অ্যাথলেটিকসের বিরুদ্ধে অভিযোগের যে মাত্রা তাতে তিনি শঙ্কিত ও বিচলিত বোধ করছেন। তিনি জানিয়েছেন, তিনি রাশিয়াকে এসব অভিযোগের জবাব দেওয়ার জন্য এই সপ্তাহের শেষ নাগাদ সময় দেবেন। তাদের জবাব পাওয়ার পরই পরবর্তী করণীয় ঠিক হবে। সূত্র: রয়টার্স।