আইএএএফের নতুন সভাপতি কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক-নির্বাচনী প্রচারণায় এগিয়ে ছিলেন তিনি। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) সভাপতি পদে জিতলেন সেবাস্তিয়ান কো-ই। সাবেক পোল ভল্ট চ্যাম্পিয়ন সের্গেই বুবকাকে হারিয়ে বিশ্ব অ্যাথলেটিকসের নিয়ামক সংস্থার নতুন সভাপতি হলেন ১৫০০ মিটারে সাবেক এই ব্রিটিশ অলিম্পিক চ্যাম্পিয়ন। ২০৭ ভোটের মধ্যে কো পেয়েছেন ১১৫ ভোট, প্রতিদ্বন্দ্বী ইউক্রেনের বুবকা ৯২ ভোট।
লেমাইন দিয়াকের স্থলাভিষিক্ত হবেন কো। ১৬ বছর ক্ষমতায় থাকার পর সেনেগালের ৮২ বছর বয়সী ক্রীড়া সংগঠক দিয়াক সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন সভাপতির বড় চ্যালেঞ্জ হবে ডোপ বিতর্কে জেরবার বিশ্ব অ্যাথলেটিকসের ভাবমূর্তি পরিচ্ছন্ন রাখা। আইএএএফের ষষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার পর কো প্রতিশ্রুতি দিয়েছেন—কোনো ড্রাগ প্রতারককেই ছাড় দেওয়া হবে না। প্রতারণা ধরার জন্য সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান ৫৮ বছর বয়সী কো। এএফপি।