আছেন ১৩ বছরের গৌরিকাও

দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করাটাই স্বপ্নের মতো ব্যাপার। তবে গৌরিকা সিংয়ের কাছে এটা যেন স্বপ্নের চেয়েও বেশি! নেপালি এই কিশোরী সাঁতারু শুধু দেশকেই প্রতিনিধিত্ব করবে না, রিও অলিম্পিকে সে-ই সবচেয়ে কম বয়সী প্রতিযোগী। আগামী রোববার যখন মেয়েদের ১০০ মিটার হিটে অংশ নিতে পুলে নামবে গৌরিকা, তার বয়স হবে ১৩ বছর ২৫৫ দিন! কিশোরী সাঁতারুর চোখে-মুখে খেলা করছে সেই রোমাঞ্চ।
গৌরিকা সিংয়ের কাছে পুরো ব্যাপারটাই স্বপ্নের ঘোরের মতো মনে হচ্ছে, ‘দারুণ ব্যাপার, আমার কাছে কিছুটা অবিশ্বাস্যও মনে হচ্ছে। আমার স্বপ্ন ছিল অলিম্পিকে যাওয়া। কিন্তু যেতে পারব কি না, সেই সংশয়ে ছিলাম। কারণ, আমার বয়স খুবই কম। মাস খানেক আগে যখন নিশ্চিত হলো যে আমি যাচ্ছি, বড় একটা ধাক্কা খেয়েছিলাম।’
ওই ধাক্কাটাও অবশ্য গত বছর এপ্রিলে পাওয়া ধাক্কার মতো বিশাল নয়। ভয়ংকর এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। দুই বছর বয়সেই পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যাওয়া গৌরিকা তখন নেপালে এসেছিল জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। প্রলয়ংকরী সেই ভূমিকম্পে ধসে পড়েছিল নেপালের অনেক ভবন, নিহত হয়েছিল হাজারো মানুষ। স্রেফ কপালের জোরেই সেদিন বেঁচে গিয়েছিল গৌরিকা আর তার পরিবার। সেই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে তার, ‘ভয়ংকর ব্যাপার ছিল সেটা। আমরা রাজধানী কাঠমান্ডুতে একটা ভবনের পাঁচ তলায় ছিলাম। ভাগ্য ভালো, ওই ভবনটা নতুন ছিল। তাই আশপাশের অন্য সব ভবনের মতো সেটি ধসে পড়েনি।’
ওই ঘটনাটা গৌরিকাকে এতই নাড়িয়ে দিয়েছিল যে জাতীয় চ্যাম্পিয়নশিপে জেতা পুরো প্রাইজমানিটাই দিয়ে দিয়েছিলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। সেই ভয়াবহ ঘটনা থেকে বেঁচে ফেরার মানসিক শক্তিটাই এবার রিওতে তার প্রেরণা। প্রস্তুতিটাও মন্দ হয়নি। এ বছরের ফেব্রুয়ারিতেই গোয়াহাটিতে দক্ষিণ এশিয়ান গেমসে রুপা জিতেছে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। ব্রোঞ্জ পেয়েছে ১০০ মিটার ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলে। তবে অলিম্পিকের মতো বড় আসরে চাপটাও তো বিশাল। তাই সাহস দিয়ে যাচ্ছে তার পরিবারও।
কন্যার অর্জনে গৌরিকার বাবা পরশ সিংও উচ্ছ্বসিত, ‘সে অন্য সবার চেয়ে আলাদা একটা মেয়ে। আমারও অবিশ্বাস্য লাগছে, সে রিওর সবচেয়ে কম বয়সী অ্যাথলেট। এই বয়সেই সে চাপ সামলানোটাও দারুণভাবে শিখে গেছে।’
অলিম্পিকের ইতিহাসে গৌরিকাই অবশ্য সবচেয়ে কম বয়সী অ্যাথলেট নয়। মাত্র ১০ বছর ২১৮ দিন বয়সে ১৮৯৬ সালে এথেন্স অলিম্পিকে অংশ নিয়েছিলেন গ্রিক জিমন্যাস্ট দিমিত্রিওস লনড্রাস। ব্রোঞ্জও জিতেছিলেন নিজের ইভেন্টে। সবচেয়ে কম বয়সে অলিম্পিকে অংশ নেওয়া এবং পদক জেতার রেকর্ডটা এখনো তাঁরই আছে। এএফপি, রয়টার্স।