>

১০০ মিটারে দুজনের রোমাঞ্চকর লড়াই দেখেছে বিশ্ব। সেই লড়াইয়ে জয়ের হাসি হেসেছেন উসাইন বোল্ট। সাম্প্রতিক ফর্মের কারণে বোল্টের প্রধান হুমকি হয়ে ওঠা জাস্টিন গ্যাটলিন হেরেছিলেন সেকেন্ডের এক শতাংশ সময় বেশি নিয়ে! সেই রোমাঞ্চের রেশ কাটতে না–কাটতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে আবার মুখোমুখি বোল্ট-গ্যাটলিন। বার্ডস নেস্টে আজ কে হাসবেন?
ক্লান্ত, ক্লান্ত, ক্লান্ত! আগের দিন হিটে জেতার পর শব্দটা এতবার বলেছেন, শুনে মনে হতে পারে কোমরের চোটটা বুঝি আবারও ফিরে বিধ্বস্ত করে দিয়েছে উসাইন বোল্টকে। কাল ২০০ মিটারের সেমিফাইনালে তাঁকে হেসেখেলে জিততে দেখার পর মনে হলো, কোথায় ক্লান্তি! এ তো সেই চিরচেনা বোল্ট। সমাপ্তিরেখা ছোঁয়ার আগেই যাঁর মুখে উদ্যাপনের হাসি। এই বোল্টকে কে থামাবেন ফাইনালে?
অ্যাথলেটিকসের পৃথিবী একজনের মধ্যেই হয়তো তাঁকে থামানোর সামর্থ্য দেখছে এবার। তিনি জাস্টিন গ্যাটলিন। এই আমেরিকানের সমস্যাটা অবশ্য চোট কিংবা ক্লান্তি নয়। নিজের ভাবমূর্তি। সেই বেইজিং আসার পর থেকেই তাঁকে শুনতে হচ্ছে তিনি ‘মন্দ’ মানুষ, ডোপপাপী। যে অপরাধ করেছিলেন, তার শাস্তি ভোগ করেই আবার ট্র্যাকে ফিরেছেন। কিন্তু গা থেকে মন্দ লোকের তকমা মুছতে পারছেন না কিছুতেই। ট্র্যাকে নামার আগে শুনতে হচ্ছে, তিনি জিতলে অ্যাথলেটিকস কলঙ্কিত হবে। হিটে জেতার পর তাঁকে দুয়ো দিচ্ছে লোকে। এমন চাপের মধ্যেই ১০০ মিটারে বোল্টের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছেন। হেরেছেন, কিন্তু সেই হার সেকেন্ডের শতাংশ ব্যবধানে। অথচ রুপার পদক নিতে মঞ্চে উঠে আরও একবার দুয়োই শুনলেন। যাঁরা এটা বেশি করছে বলে মনে করছেন গ্যাটলিন, সেই ব্রিটিশ সংবাদমাধ্যম বিশেষ করে বিবিসির সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। ভেতরের ক্ষোভ জমে জমে এখন জেদে রূপ নিয়েছে। বার্ডস নেস্টে আজ ২০০ মিটারের ফাইনালে গ্যাটলিনের সেই জেদ কি গুঁড়িয়ে দেবে বোল্টের সাম্রাজ্য?
আগের দিন বোল্ট ও গ্যাটলিন দুজনই প্রাথমিক হিটে জিতেছিলেন খুব সহজে। তবে বোল্টের (২০.২৮ সেকেন্ড) চেয়ে গ্যাটলিনের (২০.১৯ সেকেন্ড) সময় কম ছিল। কাল সেমিফাইনালে দুজনই নিজেদের টাইমিং আরও কমিয়ে আনলেন। গ্যাটলিনের লাগল ১৯.৮৭ সেকেন্ড, বোল্টের ১৯.৯৫। ফাইনালের আগে শুধু ফর্ম বিচারে অবশ্য গ্যাটলিনই এগিয়ে। ২০০ মিটারে বছরের সেরা সময়টা (১৯.৫৭ সেকেন্ড) তাঁর। অন্যদিকে কোমরের চোটে অনেক দিন ট্র্যাকের বাইরে থাকা জ্যামাইকান স্প্রিন্টারের এ মৌসুমে গতকালের আগে সেরা সময় ছিল ২০.১৩ সেকেন্ড। গত মে মাসে অস্ত্রাভায় গোল্ডেন স্পাইকে এ সময় নিয়েছিলেন তিনি।
কিন্তু কে না জানে বোল্ট তাঁর সেরাটা জমিয়ে রাখেন ফাইনালের জন্য! ১০০ মিটারের আগেও তো ফর্মের বিচারে তিনি পিছিয়ে ছিলেন গ্যাটলিনের চেয়ে। আর ২০০ মিটার তো তাঁর সবচেয়ে প্রিয় ইভেন্ট। সাত বছর আগে বেইজিং অলিম্পিকে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন (১৯.৩০ সেকেন্ড)। মাইকেল জনসনের যে রেকর্ড কোনো দিন ভাঙা সম্ভব কি না সেই আলোচনা হতো একসময়। অথচ বোল্ট শুধু জনসনকে পেছনেই ঠেলে দেননি, পরের বছর বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে গড়েন নতুন রেকর্ড (১৯.১৯ সে.)। যেটি অক্ষত আছে এখনো।
এমন একটা ইভেন্ট কি আর অন্য কাউকে জিততে দিতে পারেন ট্র্যাকের রাজা! পরশু হিটের পরেই বলেছিলেন, ‘২০০ মিটার আমার কাছে ১০০ মিটারের চেয়েও বেশি গুরুত্ব পায়। আমি এই রাউন্ডগুলো যতটা সহজে পারা যায় পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং যত কম পারা যায় শক্তি ক্ষয় করছি।’
কোনো সন্দেহ নেই, সেই শক্তি বোল্ট জমিয়ে রাখছেন ফাইনালের জন্য। গ্যাটলিনের ‘জেদ’ কি বাধা হয়ে দাঁড়াতে পারবে সেই শক্তির সামনে? এএফপি।