আজ পর্দা নামছে গেমসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারো দিন আগে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে মশাল জ্বালিয়েছিলেন ফুটবলার বাইচুং ভুটিয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এসএ গেমসের সেই মশালটি নিভে যাবে আজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু সমাপনী অনুষ্ঠান। উদ্বোধনীর মতো সমাপনী অনুষ্ঠানটাও জমকালোভাবে করার পরিকল্পনা আয়োজকদের। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য সবই তুলে ধরা হবে অনুষ্ঠানে। গান গাইবেন শিল্পী শান এবং শিলংয়ের স্থানীয় জনপ্রিয় ব্যান্ড শিলং কয়ার। থাকবে আতশবাজির ফোয়ারাও।
কাল হয়ে গেল দক্ষিণ এশিয়ান গেমসের অলিম্পিক কাউন্সিলের সভা। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী গেমস হবে ২০১৮ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানালেন, ‘দুই বছর পর নেপালে গেমস হবে, এটা নিশ্চিত। এক মাস পর ঠিক হবে কতগুলো খেলা হবে সেখানে। তারিখটাও চূড়ান্ত হবে ওই সভায়।’
গেমসে কাল বাংলাদেশের পদক এসেছে মোট ৭টি। এর মধ্যে রুপা ৩টি ও ব্রোঞ্জ ৪টি। বরাবরের মতো কালও ছিল মেয়েদের দিন। রুপার পদক জিতেছে মহিলা হ্যান্ডবল, মহিলা কাবাডি ও শুটিংয়ের ১০ মিটার এয়ার পিস্তলের মেয়েদের দল। এ ছাড়া জুডোতে ২টি ও পুরুষ ফুটবলে ও হ্যান্ডবলে এসেছে ১টি করে ব্রোঞ্জ।
ফুটবলে সান্ত্বনার ব্রোঞ্জ: মালদ্বীপের সঙ্গে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর টাইব্রেকারেও ছড়াল উত্তেজনা। সাডেন ডেথে ৫-৪ গোলে জিতে ব্রোঞ্জ নিশ্চিত করে বাংলাদেশ। ২০১০ ঢাকা গেমসে সোনাজয়ীরা হতাশায় ডুবিয়েছে এবার। নির্ধারিত সময়ে বাংলাদেশের দুটি গোল করেন নাবিব নেওয়াজ জীবন ও সোহেল রানা। মালদ্বীপের গোল দুটি আলী ফাসিরের। সেমিফাইনালে লাল কার্ড দেখার কারণে কাল খেলেননি জামাল ভুইয়া। কোচ গঞ্জালো মোরেনো একই কারণে ছিলেন গ্যালারিতে। আর চোট পাওয়া হেমন্ত ভিনসেন্টকেও পায়নি এই ম্যাচে বাংলাদেশ।
শুটিংয়ে রুপা: ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে শুটঅফে উঠেছিলেন আরমিন আশা ও আরদিনা ফেরদৌস। ফাইনালে আরমিন হন চতুর্থ, আরদিনা ষষ্ঠ। তবে ১১০৩ স্কোর করে রুপা জিতেছে বাংলাদেশ। এই দলে খেলেছেন আরদিনা, আরমিন এবং তুরিং দেওয়ান।
এ ছাড়া কাবাডির ফাইনালে মহিলা দল ভারতের কাছে ৩৬-১২ পয়েন্টে হেরে রুপা জিতেছে। পুরুষ হ্যান্ডবল দল ৩৭-২৫ পয়েন্টে নেপালকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। জুডোতে অনূর্ধ্ব-৫২ কেজিতে তাহমিদা তাবাসসুম ও অনূর্ধ্ব-৮১ কেজিতে হাবিবুর রহমান জিতেছেন ব্রোঞ্জ পদক।
এসএ গেমস পদক তালিকা
             সোনা     রুপা     ব্রোঞ্জ
ভারত       ১৮৩     ৮৮     ৩০
শ্রীলঙ্কা        ২৫      ৬০     ৯৬
পাকিস্তান      ১০      ৩৬     ৫৪
আফগানিস্তান ৭        ৮     ১৮
বাংলাদেশ      ৪        ১৫     ৫৪
নেপাল         ৩        ২৩     ২৯
মালদ্বীপ       ০         ২       ১
ভুটান         ০         ১      ১৫