আজই ইতিহাসে লেডেকি?

অভিযান শুরু করে দিলেন কেটি লেডেকি। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের এক আসরে ছয়টি সোনা জয়ের দুঃসাহসিক অভিযান। সতীর্থ মিসি ফ্র্যাঙ্কলিনের একটি রেকর্ড ছুঁতে ও আরেকটি রেকর্ড ভাঙার স্বপ্ন নিয়ে বুদাপেস্টে এসেছেন মার্কিন নারী সাঁতারু। পরশু দানিয়ুব অ্যারেনায় সাঁতারের প্রথম দিনে দুটি সোনা জিতে স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু করেছেন ২০১২ লন্ডন অলিম্পিকে ১৫ বছর বয়সেই সোনা জিতে হইচই ফেলে দেওয়া লেডেকি।
৪০০ মিটার ফ্রিস্টাইলে টানা তৃতীয় সোনা জেতার ঘণ্টাখানেক পর আবার পুলে ফিরে জিতেছেন ১০০ মিটার রিলে। এই সোনাটি জিতেই ছুঁয়ে ফেলেছেন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে সবচেয়ে বেশি সোনা জয়ের ফ্র্যাঙ্কলিনের রেকর্ড। দুজনই জিতেছেন ১১টি সোনা।
২০১৩ ও ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ৯টি সোনা জিতেছিলেন লেডেকি। ২০১৩ সালে বার্সেলোনায় সাঁতার চ্যাম্পিয়নশিপেই ফ্র্যাঙ্কলিনের ৬টি সোনা জয়ের কীর্তি। লেডেকি সেটি ছুঁতে পারবেন কি না, সেটি ভবিষ্যতের ব্যাপার। তবে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ডের যৌথ মালিকানা থেকে আজই ফ্র্যাঙ্কলিনকে ছিটকে ফেলতে পারেন। কাল হিটে প্রথম হয়েই ১৫০০ মিটারের ফাইনালে উঠেছেন ২০ বছর বয়সী লেডেকি। আজ হবে ফাইনাল। এরপর বাকি থাকবে ২০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলে।
গত বছর রিও অলিম্পিকে ৫টি ইভেন্টে অংশ নিয়ে ৪টি সোনা ও ১টি রুপা জিতেছিলেন লেডেকি। রিওতে ১৫০০ মিটারে সাঁতরাননি।
পরশু প্রথম দিনে একটি বিশ্ব রেকর্ড দেখেছে বুদাপেস্ট। মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম ল্যাপে সাঁতরে রেকর্ড গড়েছেন সুইডেনের সারা শ্রস্ট্রম (রিলেতে শুধু প্রথম ল্যাপই বিশ্ব রেকর্ডের জন্য বিবেচিত হয়)। ইতিহাসের প্রথম সাঁতারু হিসেবে ৫২ সেকেন্ডের নিচে ১০০ মিটার সাঁতরেছেন তিনি। ৫১.৭১ সেকেন্ডে ১০০ মিটার পেরিয়েও অবশ্য দলকে পদক জেতাতে পারেননি। সুইডেন হয়েছে পঞ্চম। এএফপি, ইএসপিএন।