আজও ক্লান্তিহীন আজহারুল
>ডিসকাস থ্রো’র আজহারুলকে কিছু সোনার পদক দিয়ে মাপলে অনেক কিছুই বাকি থাকে। জাতীয় অ্যাথলেটিকসে শটপুটে আছে তাঁর ছয়টি সোনা। জাতীয় ভারোত্তোলন করেছেন, যেখানে ১০৫ ওজন শ্রেণিতে আছে চার সোনা!
ক্লান্তি তাঁকে আজও থামাতে পারেনি। শিগগিরই পারবে বলেও মনে হচ্ছে না। ৪৫ পেরিয়েও ছুটছেন আপন মনে। আপন লক্ষ্যে। পরশু তাই পড়ন্ত বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে আর কত দিন খেলবেন—প্রশ্ন শুনে ঝটপট বলে দেন, ‘এখনই খেলা ছাড়ব কেন? আমি শেষ হয়ে যাইনি। এখনো সুপার ফিট আছি।’

আজহারুল ইসলামের পেশিবহুল শরীরই সমর্থন করছে তাঁর কথা। এমন শারীরিক গঠনের অ্যাথলেট আজ আর অবশিষ্ট নেই। আজহারুল এখানেই ব্যতিক্রম একজন, ৪০তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে যিনি আলাদাভাবে চোখ কেড়ে নেন। নিজেই আমন্ত্রণ জানান তাঁর খেলা দেখার। আজ ডিসকাস হাতে প্রতিযোগিতায় নামবেন। এই ইভেন্টে আজ পূর্ণ হবে তাঁর ২০ বছর!
১৯৯৬ সালে বাংলাদেশ গেমসে ডিসকাস হাতে অভিষেকে ব্রোঞ্জ। এরপর শুধুই সাফল্যের গল্প। ১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত ইভেন্টটিতে টানা শ্রেষ্ঠত্ব তাঁরই। ২০১২ সালে জাতিসংঘ মিশনে থাকায় খেলা হয়নি। এ কারণেই কি না ২০১৩ বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ। অবশ্য পরের বছরই জাতীয় প্রতিযোগিতায় সদর্পে পুনরুদ্ধার করেন সোনা। গত বছর রুপা। এবার আশা, সোনার পদকটা গলায় ঝুলিয়েই বাড়ি যাবেন।
এই আজহারুলকে কিছু সোনার পদক দিয়ে মাপলে অনেক কিছুই বাকি থাকে। শুধু ডিসকাস কেন, জাতীয় অ্যাথলেটিকসে শটপুটে আছে তাঁর ছয়টি সোনা। জাতীয় ভারোত্তোলন করেছেন, যেখানে ১০৫ ওজন শ্রেণিতে আছে চার সোনা! ২০১০ ঢাকা এসএ গেমসে ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ। দক্ষিণ এশিয়ান গেমসে ওটাই পুরুষ ডিসকাসে বাংলাদেশের একমাত্র ব্রোঞ্জ! অথচ এমন জয়ের পরও তাৎক্ষণিকভাবে কারও অভিনন্দন পাননি। কেউ ব্যাপারটা সেভাবে লক্ষও করেনি। সেই দুঃখ তাঁর মনে আজও আছে।
তবে লম্বা পথ পাড়ি দিয়ে এসে আজহারুল তৃপ্তই। ক্যারিয়ারে প্রাপ্তির খাতাটা শূন্য তো নয়! ১৯৮৯ সালে সৈনিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে নাম লেখান। ২০১৩ সালে অবসরের আগে ছিলেন সার্জেন্ট। স্মৃতিতে তুলে আনেন নানা কিছু। একই সঙ্গে যখন ডিসকাস ও ভারোত্তোলন করতেন, দুটি বিভাগের দল থেকেই তাঁর ভাষায়, ডায়েট পেতেন, ‘দুটি দলের সদস্য হিসেবে এত এত খাবার পেতাম, শেষই করতে পারতাম না। খুব ভালো সময় কেটেছে তখন।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়ে একনিশ্বাসে বলে যান সুঠামদেহী আজহারুল।
চোখমুখে রোমাঞ্চ খেলা করে যখন তুলে আনেন ডিসকাস থ্রো শুরুর সেই সময়টা। সেনাবাহিনীতে যিনি ডিসকাস থ্রো করতেন, একদিন তাঁর থ্রো অনুশীলন দেখছিলেন। ওটা দেখে নাকি তাঁর হাত-পা কামড়াচ্ছিল ডিসকাস মারতে! ওই থ্রোয়ারকে সঙ্গে সঙ্গে দিয়ে বসলেন চ্যালেঞ্জ, ‘আমি আপনাকে হারিয়ে দেব!’ এ নিয়ে পাঁচ শ টাকা বাজিও ধরলেন। শেষ পর্যন্ত বাজিটা জিতে তরুণ আজহারুলের সে কী উল্লাস! ওই টাকায় মিষ্টি খাওয়ার কথা আজও ভোলেননি।
মজার ব্যাপার, যাঁকে অনুশীলনে হারিয়েছিলেন তাঁর সুপারিশেই সেনাবাহিনীর হয়ে ডিসকাস থ্রোতে অভিষেক জাতীয় প্রতিযোগিতায়। শুরুতে ৪১.৭০ মিটার নিতে পারতেন ডিসকাস। সেটিকে তুলে এনেছেন ৪৪.৯৮ মিটার পর্যন্ত। ২০০৫, ২০০৬ ও ২০১০ সালে রেকর্ডও গড়েন। এখনো জাতীয় ডিসকাসে রেকর্ডটা তাঁরই।
সেই সূত্রে নিজের বাহিনীতে ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছিলেন। জাতিসংঘ মিশনে তাই দুবার সুযোগ পান। ২০০২-০৩ সিয়েরা লিওনে ও ২০১১-১২ কঙ্গোতে। সেখানে দেখে আসেন জীবনের আরেক দিক। শান্তি মিশনে অস্ত্র হাতে ঘুরেছেন আফ্রিকার ঝঞ্ঝাবিক্ষুব্ধ দেশ দুটির এখানে-সেখানে। সঙ্গে থাকত গোলাবারুদ। ‘মাঝে মাঝে কঙ্গোর কিছু উচ্ছৃঙ্খল বাহিনী মিছিল নিয়ে আসত, তবে এসব দেখে আমাদের গা ছমছম করত।’ আজও যেন ভয় পান আজহারুল। বাংলাদেশের সৈনিকদের কাছে দরিদ্র আফ্রিকানরা খাবার চাইত। মাঝেমধ্যে তাঁরা সেটা দিতেন। তবে সতর্ক থাকতেন খুব।
ভয়ডরহীন জীবনে জয়ের অদম্য নেশা আছে আজহারুলের। নইলে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নৌবাহিনীর হয়ে খেলতে কেন ছুটে আসবেন জাতীয় প্রতিযোগিতায়! কিশোরগঞ্জের তারাইলের তালজাঙ্গা থেকে উঠে আসা এই অ্যাথলেট তিন মেয়ের প্রথমজনকে বিয়েও দিয়েছেন সম্প্রতি। শ্বশুর হয়েছেন, কিন্তু খেলার প্রতি টান এতটুকু কমেনি। আজহারুলরা হারতে জানেন না। কারণ, এই আজহারুলের জন্ম ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এমন দিনে জন্ম নেওয়া কেউ কি হারতে চান?