আজারবাইজানে আশাবাদী বাকি

চোখে স্বপ্ন। সরাসরি যোগ্যতা অর্জন করে খেলতে চান আগামী বছর রিও অলিম্পিকে। এর আগে কখনো অলিম্পিকে খেলা হয়নি বলে আকাঙ্ক্ষাটা অনেক বেশি। দুই ভাবে তা পূরণ হতে পারে। প্রথমত, বিভিন্ন প্রতিযোগিতা থেকে ‘কোটা প্লেস’ অর্জন করা। দ্বিতীয়ত, বাংলাদেশের একজন শু্যটারকে ‘ওয়াইল্ড কার্ড’ দিয়ে সুযোগ দিতে পারে আন্তর্জাতিক শু্যিটং ফেডারেশন। সেই ‘একজন’ হয়েও পূরণ হতে পারে দেশসেরা শু্যটার আবদুল্লাহ হেল বাকির স্বপ্ন।
তবে বাকি নিজের যোগ্যতায় মাথা উঁচু করেই অলিম্পিকে যাওয়ার দিন গুনছেন। ‘কোটা প্লেস’ পাওয়ার প্রথম সুযোগটি অবশ্য এরই মধ্যে হাতছাড়া। গত মার্চে দক্ষিণ কোরিয়ায় বিশ্বকাপে ‘কোটা প্লেস’ পাননি। টুর্নামেন্টা মোটেও তাঁর ভালো কাটেনি। দ্বিতীয় সুযোগ হিসেবে এসেছে আজারবাইজানে আগামী ৬-১৬ আগস্ট অনুষ্ঠেয় বিশ্বকাপ। এরপর তাঁর সামনে আছে নভেম্বরে কুয়েতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। সেটি থেকেও ‘কোটা প্লেসে’ অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পাওয়ার সুযোগ নিতে পারেন।
বাকি অবশ্য ‘কোটা প্লেস’ পাওয়ার তৃতীয় সুযোগের অপেক্ষায় না থেকে আজারবাইজানের বিশ্বকাপকে করেছেন পাখির চোখ। এই সফরে তাঁর সঙ্গী শ্যুটার শোভন চৌধুরীও। ১০ মিটার এয়ার রাইফেলে তাঁদের খেলা ১০ আগস্ট। হাতে আরও কয়েক দিন সময় আছে। শোভনের বড় কিছুর প্রত্যাশা নেই। তবে বাকি ভালো করার ব্যাপারে খুবই আশাবাদী। শু্যটিংয়ের নতুন নিয়মে বাছাইয়ে সেরা আটে থেকে ফাইনালে যেতে পারলেই সম্ভাবনা বেড়ে যায় অনেক। ফাইনালে সেরা আটজন শুরু করে শূন্য পয়েন্ট নিয়ে, কাজেই ফাইনালে ভালো করলে কোটা প্লেসের জন্য সেরা তিনে থাকা অসম্ভব নয়।
কথা হচ্ছে, সেরা আটে যেতে পারবেন কি না। আগে বাছাইয়ের ৬০টি শট ছিল ১০ স্কোর করে। এখন প্রতিটি শটে স্কোর ১০.৯। ৬০০-র জায়গায় স্কোর ৬৫৪। বাকি এখন অনুশীলনে করছেন ৬২৫-এর আশপাশে, কখনো কখনো বেশিও হয়। এই কারণেই আশায় বুক বাঁধছেন, ‘এখন অনুশীলনে যে স্কোরটা করছি, এটা করতে পারলে সেরা আটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তারপর তো ২০ শটের খেলা (আগে ছিল ১০ শট), তাতে সম্ভাবনা থাকে অনেক।’
বাকিকে সেই সম্ভাবনার দুয়ারেই দেখছেন কোচ সাইফুল আলম রিংকি। কোরিয়ান কোচ লি আসার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততায় তিনি আসতে পারছেন না। কোচের দায়িত্ব আপাতত চালিয়ে নেওয়া রিংকি আশার গান শোনাচ্ছেন, ‘কোরিয়ায় তো সে ভালো করতে পারেনি। তবে এখন ভালো করছে। বিশ্বকাপের দল নির্বাচনী প্রতিযোগিতায় বাকির স্কোর ৬২৮। প্রতিযোগিতার মঞ্চে তা রাখতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বলই।’
গত অক্টোবরে কমনওয়েলথ গেমসে রুপাজয়ী বাকিও সামনে দেখছেন আলোর রেখা। পেছন থেকে প্রেরণা নিয়ে অলিম্পিকে খেলাই এখন তাঁর ধ্যানজ্ঞান। একটা রোমাঞ্চও অনুভব করছেন, ‘শু্যটিংয়ে আসার পর থেকেই স্বপ্ন দেখছি অলিম্পিকে খেলব। ঈদের ছুটি কমিয়ে তাই দ্রুতই অনুশীলনে নেমে পড়েছি।’
অলিম্পিকে সরাসরি খেলার স্বপ্ন পূরণে এইটুকু ‘ত্যাগ’ তো হাসিমুখে করবেনই!