আত্মবিশ্বাসই শক্তি সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও ডি জেনিরোয় দক্ষিণ আফ্রিকার গলফ কিংবদন্তি গ্যারি প্লেয়ারের সঙ্গে সিদ্দিকুর রহমান l ছবি: সংগৃহীত
রিও ডি জেনিরোয় দক্ষিণ আফ্রিকার গলফ কিংবদন্তি গ্যারি প্লেয়ারের সঙ্গে সিদ্দিকুর রহমান l ছবি: সংগৃহীত

সিদ্দিকুর রহমান অলিম্পিকের মঞ্চে কেমন করেন, সেটি নিয়ে বাড়তি আগ্রহ সবার। তাঁর নিজের অপেক্ষাও শেষ। আজ সেই দিন, গেমস ভিলেজ থেকে ৯ কিলোমিটার দূরে রিওর গলফ কোর্সে অলিম্পিক অভিযান শুরু করবেন বাংলাদেশি এই গলফার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে শুরু করবেন সিদ্দিকুর।
পদকের লড়াইয়ে তাঁর পক্ষে থাকাটা অনেক কঠিন। র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থেকে শুরু করছেন। অলিম্পিকের জন্য সরাসরি যোগ্যতামান অর্জন করা ৬০ জন গলফারের মধ্যে সিদ্দিকুর ৫৬ নম্বরে। জিকা ভাইরাসকে কারণ হিসেবে দেখিয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সেরা চার গলফার রিওতে না গেলেও ভুলে গেলে চলবে না, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পঞ্চম সুইডেনের হেনরি স্টেনসন, ষষ্ঠ যুক্তরাষ্ট্রের বুবা ওয়াটসনের মতো গলফার কিন্তু আছেন। সিদ্দিকুরের বিশ্ব র‍্যাঙ্কিং ৩১৮। সুতরাং প্রত্যাশার লাগামটা টেনে ধরাই ভালো।
তবে বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে খেলাও কম নয়। ১১২ বছর পর অলিম্পিকে গলফ ফিরছে, তাতে সিদ্দিকুর ওড়াবেন বাংলাদেশের পতাকা, এটিও গর্বের। তাঁকে নিয়ে বিদেশি সংবাদমাধ্যমেরও আগ্রহও অনেক। ভারতীয় এক সাংবাদিক লিখেছেন, ‘সিদ্দিকুরকে ঘিরে প্রথম অলিম্পিক পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ।’ তবে এতটা স্বপ্ন দেখা মানে সিদ্দিকুরের ওপর চাপ বেড়ে যাওয়া। তিন দিন আগে শুটার আবদুল্লাহ হেল বাকি নিজের সেরাটাও করতে পারেননি ১০ মিটার এয়ার রাইফেলে। সিদ্দিকুর সেরাটা দিতে পারলেও সেটাই হবে বরং একটা অর্জন।
চার দিনে ৬০ গলফারের এই লড়াইয়ে ভালো করার ব্যাপারে সিদ্দিকুর নিজে অবশ্য খুব আশাবাদী। রিওর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন গত কয়েক দিনের টানা অনুশীলনে। তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি আশপাশে থাকে ওখানে। সিদ্দিকুর নিজে বলছেন, ‘এমনিতে কোনো সমস্যা নেই। সবকিছু ঠিকঠাকই চলছে। আমার প্রস্তুতিও ভালো। আত্মবিশ্বাসী মনে হচ্ছে নিজেকে। এখন চাইব কোর্সে নিজের সেরাটা দিতে।’
রিওর গলফ কোর্সটাও তাঁর পছন্দ হয়েছে। যদিও আজ প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানালেন সিদ্দিকুর। রিওতে দেখা হয়েছে অনেক পরিচিত গলফারের সঙ্গে। তবে চূড়ান্ত প্রতিযোগিতায় কাউকেই এককভাবে ফেবারিট বলছেন না। তিনি নিজেও বেশ মনোযোগ পাচ্ছেন অন্যদের। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা ছিল সিদ্দিকুরের হাতেই, যা দেখে অনেক গলফারই অভিনন্দন জানিয়েছেন তাঁকে।

মাহফিজুরের অপেক্ষাও শেষ

সিদ্দিকুরের অলিম্পিক শুরুর ঘণ্টা তিনেক পরই আজ বাংলাদেশ সময় রাত দশটায় রিওর পুলে নামবেন মাহফিজুর রহমান সাগর। অলিম্পিকে একটি মাত্র ইভেন্টই করছেন—৫০ মিটার ফ্রিস্টাইল। পাঁচ নম্বর হিটে নামবেন পাবনার সাঁতারু। এই হিটে বাকি সাতজন—মঙ্গোলিয়া, লিবিয়া, ফিজি, সেনেগাল, মেসিডোনিয়া, ঘানা ও কসোভোর সাঁতারু। কসোভো ও ঘানার সাঁতারুর টাইমিংই মাহফিজুরের চেয়ে পিছিয়ে, বাকিরা এগিয়ে। ইভেন্টটিতে তাঁর কোয়ালিফাইং টাইমিং ২৪.৭৩। ৬৪ প্রতিযোগী নিয়ে আটটি হিট হবে, সেরা ১৬ যাবেন সেমিফাইনালে। মাহফিজুর জানেন কাজটা অনেক কঠিন। তাই কাল রিও থেকে শুধু এটুকু বললেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টাই করব।’