আবারও জাতীয় হকি দলের কোচ গোবিনাথান

জাতীয় হকি দলের কোচ গোবিনাথনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪-২২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের জন্য আজ নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। বিকেএসপির বিশেষজ্ঞ হকি কোচ মালয়েশিয়ার গোবিনাথান কৃষ্ণমূর্তিকে আপাতত বেছে নিয়েছেন কর্মকর্তারা।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত মাসে দায়িত্ব থেকে অব্যাহতি নেন জাতীয় দলের প্রধান কোচ মাহবুব হারুন। এর পর থেকেই একজন কোচের খোঁজে ছিল হকি ফেডারেশন। যদিও দীর্ঘ মেয়াদে কোনো কোচকে এই মুহূর্তে নিতে পারছে না হকি ফেডারেশন, তাই বিকেএসপি থেকে শুধু চ্যাম্পিয়নস ট্রফির জন্য এই কোচকে আনা হয়েছে।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ‘আমরা আপাতত এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্বটা গোবিনাথানকে দিচ্ছি। এ জন্য বিকেএসপির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা রাজি হয়েছে। যেহেতু উনি বিকেএসপির সঙ্গে চুক্তিভুক্ত, তাই তাঁকে ছেড়ে দিতে হবে টুর্নামেন্টের পরপরই।’

ডিসেম্বরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ
ফাইল ছবি

গত জানুয়ারিতে বিকেএসপির বিশেষজ্ঞ হকি কোচ হিসেবে দ্বিতীয়বার বাংলাদেশে আসেন গোবিনাথান। এর আগে ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় হকি দলের দায়িত্বে ছিলেন তিনি। গোবিনাথান মালয়েশিয়া জাতীয় দলে রক্ষণভাগে খেলেছেন ১৯৯৭ সাল থেকে ২০০৪ পর্যন্ত। এরপর ২০০৭ সালে তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন।

এই মুহূর্তে মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভ পর্ব চলছে। প্রিমিয়ার হকি লিগ শেষ হবে ২৭ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর থেকে বিকেএসপিতে শুরু হতে পারে জাতীয় দলের ক্যাম্প।

প্রিমিয়ার হকি লিগ থেকে এরই মধ্যে বেছে নেওয়া হয়েছে ৩২ জনের প্রাথমিক দল। তাঁদের মধ্য থেকে সেরা ২৪ জনকে নিয়ে গড়া হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল। এবারের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও বাংলাদেশ।

বাংলাদেশের প্রাথমিক দল : অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান, মেহেদি হাসান, রেজাউল করিম (বাবু), মনোজ বাবু, শফিউল আলম (শিশির), সারোয়ার মোর্শেদ, খালেদ মাহমুদ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, হাসান জুবায়ের, আবেদ উদ্দিন, রাজু আহমেদ, রাসেল মাহমুদ (জিমি), মিলন হোসেন, মাইনুল ইসলাম (কৌশিক), আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, পুস্কর খীসা (মিমো), রাজীব দাস, মোহাম্মদ মহসিন ও দেবাশিষ কুমার রায়।