আবারও প্রতিভার খোঁজে শ্যুটিং
জাতীয় দলের কয়েকজন শ্যুটারকে একপাশে রাখলে দেখা যাবে নিচের দিকে বড় একটা বড় শূন্যতাই চলছে। সেই শূন্যতা পূরণে শ্যুটিং ফেডারেশনের আগের কমিটি বেশ কয়েকবারই প্রতিভা অন্বেষণ কর্মসূচি হাতে নিয়েছিল। কিন্তু ফেডারেশনে ক্ষমতার পালাবদলে ওই সব কর্মসূচি মুখ থুবড়ে পড়ে দ্রুতই। বর্তমান কমিটি দায়িত্ব নিয়ে গোটা ব্যাপারটা সাজিয়েছে অন্যভাবে।
এত দিন টুকটাক নবীনদের ক্যাম্প হয়েছে, উঠতি শ্যুটাররা প্রতিযোগিতার মঞ্চেও দাঁড়িয়েছে। তবে এই প্রথম আয়োজন করা হচ্ছে নবীনদের নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতা। ‘হামিদুর রহমান যুব শ্যুটিং প্রতিযোগিতা’ নামে দুই দিনের এই আয়োজন গুলশান শ্যুটার রেঞ্জে শুরু হচ্ছে আজ, তবে খেলা শুরু আগামীকাল। প্রতিযোগিতাটি এখন থেকে প্রতিবছরই হবে। শ্যুটিং সংগঠকদের মতে এটি নবীন শ্যুটার তুলে আনতে রাখতে পারে বড় ভূমিকা।
যুব টুর্নামেন্টে নিচের দিকে বয়সের কোনো বাধা নেই, তবে সর্বোচ্চ সীমা থাকছে অনূর্ধ্ব-১৮। ফেডারেশনের আশা, সারা দেশের ২৫টি ক্লাবের ১২০ জন শ্যুটার অংশ নেবে। প্রতিযোগিতা হচ্ছে ৬০ ও ৪০ শটের ১০ মিটার এয়ার রাইফেল, এয়ার পিস্তল এবং ৫০ মিটার রাইফেল প্রোন।
কিন্তু প্রতিযোগিতা শেষে এই নবীনেরা কী করবে, কোথায় যাবে—সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অতীতে দেখা গেছে, ঢাকায় এসে ছেলেমেয়েরা কয়েক দিন ভালোই কাটায়, পরে বাড়ি গিয়ে বেশির ভাগ নবীনেরই আর শ্যুটিংয়ে ফিরে আসা হয় না। ফেডারেশনও থাকে উদাসীন। অনেকে তাই হারিয়ে যায় হাতে ভালোভাবে রাইফেল ধরতে না-ধরতেই।
শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব (শ্যুটিংয়ে গঠনতন্ত্র বদলে সাধারণ সম্পাদককে মহাসচিব করা হয়েছে) ইন্তেখাবুল হামিদ এই ছেলেমেয়েদের হারিয়ে যেতে দেবেন না বলে কাল প্রতিশ্রুতিই দিলেন। গুলশান শ্যুটিং রেঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন, ঢাকায় এই যুব প্রতিযোগিতা শেষে নবীনেরা ফিরে গিয়ে নিজ ক্লাব বা কাছের কোনো ক্লাবের রেঞ্জে প্রশিক্ষণ নেবে। ফেডারেশন ঢাকা থেকে কোচ পাঠাবে, যাতে এদের খেলার মধ্যে ধরে রাখা যায়।
এভাবে খেলার মধ্যে বসবাস করেই উঠে এসেছেন একজন আসিফ হোসেন খান, শারমিন আক্তার রত্না বা আবদুল্লাহেল বাকি। খেলোয়াড় তৈরিতে তাই দীর্ঘ প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দিচ্ছেন ফেডারেশনের মহাসচিব, ‘লম্বা সময় নিয়ে আমরা শ্যুটিংয়ে একটা পাইপলাইন তৈরি করতে চাই। কারণ খেলোয়াড় তুলে আনা অতিজরুরি হয়ে পড়েছে।’
ঢাকার বাইরে আপাতত পাঁচটি জেলায় প্রশিক্ষণ হবে নবীনদের, শুরুর সম্ভাব্য সময় ১৫ সেপ্টেম্বর।