কাচঘেরা কক্ষের ভেতরে তখন শ্যুটঅফে ব্যস্ত আবদুল্লাহ হেল বাকি। বাইরে অপেক্ষমাণ জুনিয়র শ্যুটার এবং ক্লাব কর্মকর্তাদের মধ্যে চাপা উত্তেজনা। বাকি শেষ শটটি মারতেই বাইরে বসা শ্যুটারদের মধ্যে শুরু হলো আনন্দ-উল্লাস, করতালি। জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে আবারও সোনা জিতলেন আবদুল্লাহ হেল বাকি।
সেই ২০১০ সাল থেকে শুরু। পরের টানা দুই বছর জাতীয় শ্যুটিংয়ে সোনা জিতেছেন। মাঝে তিন বছর খেলা হয়নি। এবারও ধরে রেখেছেন শিরোপা। নতুন নিয়মে ২০৫.৩ স্কোর করে সোনা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের শ্যুটার। আর্মি শ্যুটিং ক্লাবের অঞ্জন সিংহ রুপা জিতেছেন ২০৪.২ পয়েন্ট পেয়ে। ঢাকা রাইফেল ক্লাবের শোভন চৌধুরী জিতেছেন ব্রোঞ্জ (১৮১.৬ পয়েন্ট)।
মেয়েদের ৫০ মিটার রাইফেল প্রোনে সোনা জিতেছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়ার আক্তার (৫৭১ স্কোর)। রুপা ঢাকা রাইফেল ক্লাবের শারমিন আক্তার রত্নার (৫৭০)। রত্নার দাবি, তিনিই সোনা জিতেছেন। ফেডারেশন থেকে প্রথম সরবরাহ করা স্কোরশিটে রত্নাকেই চ্যাম্পিয়ন দেখানো হয়েছিল। কিন্তু পরে কর্মকর্তারা রত্নাকে বাদ দিয়ে ‘গেজ স্কোর’ দিয়ে সুরাইয়াকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। ঢাকা ক্লাবের সাধারণ সম্পাদক জিএম হায়দার বললেন, ‘যখন ব্যাপারটা বুঝতে পারি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিয়ম অনুসারে ফল ঘোষণার ১ ঘণ্টার মধ্যে প্রতিবাদ জানাতে হয়। কিন্তু তখন আমি অন্য ইভেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম।’ এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বিকেএসপির জাকিয়া সুলতানা (৫৬৯ পয়েন্ট)।