আবারও 'জলের যুদ্ধে' হর্টন-ইয়াং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাক হর্টন ও সুন ইয়াং
ম্যাক হর্টন ও সুন ইয়াং

রিও অলিম্পিকেও শুরুটা ম্যাক হর্টনই করেছিলেন। এখানেও তিনিই ছুড়লেন প্রথম তিরটা।

অলিম্পিকে পুলের বাইরে দুজনের বাগ্‌যুদ্ধকে সংবাদমাধ্যম নাম দিয়েছিল ‘জলের যুদ্ধ’। এবার হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সেটিরই দ্বিতীয় পর্ব।

রিওতে একই পুলে অনুশীলনের সময় চীনের সুন ইয়াং সৌজন্যসুলভ ‘হ্যালো’ বলেছিলেন অস্ট্রেলিয়ার হর্টনকে। কিন্তু হর্টন সেটার জবাব দেওয়া তো দূরের কথা, উল্টো মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ওর (সুন ইয়াং) কথার জবাব দিইনি, কারণ ডোপপাপীদের সঙ্গে কথা বলার মতো সময় নেই আমার।’ ইয়াং ২০১৪ সালে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যদিও তিনি সব সময় দাবি করে এসেছেন, নিষিদ্ধ দ্রব্যটা নিয়েছিলেন হৃৎপিণ্ডের সমস্যার কারণে।

ইয়াংকে হারিয়েই রিওতে ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার পর ‘আমার ডোপপাপীদের প্রতি কোনো শ্রদ্ধা নেই’ বলে হর্টন আবারও তির ছোড়েন। যা শুনে ইয়াং কেঁদেছিলেন পর্যন্ত। এ নিয়ে দুই দেশের সংবাদমাধ্যমেও পাল্টাপাল্টি চলেছিল। চীনা সংবাদমাধ্যম তো অস্ট্রেলিয়াকে আক্রমণ করেছিল ‘অসভ্য’ ও ‘ব্রিটেনের বিদেশি জেলখানা’ বলেও। পরে ২০০ মিটারে সোনা জিতে সমালোচনার জবাব দিয়েছিলেন ইয়াং। সেটিতে যদিও হর্টন ছিলেন না।

হর্টন আর ইয়াং বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে আজ ৪০০ মিটারে নামছেন। ২০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলেও দেখা হতে পারে দুজনের। তাঁর আগে জলের যুদ্ধের দ্বিতীয় অধ্যায় শুরু করে দিলেন হর্টন। সংবাদ সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সুনের সঙ্গে আবারও দ্বৈরথে নামার আগে কেমন লাগছে? ২১ বছর বয়সী অস্ট্রেলিয়ান সোজা বলে দিয়েছেন, ‘এটা আমার আর ওর দ্বৈরথ নয়। এটা অভিজাত অ্যাথলেটদের সঙ্গে ডোপপাপী অ্যাথলেটদের লড়াই।’

সেই লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না হর্টন, ‘আশা করছি, আমিই পোডিয়ামের ওপর থাকব এবং নিচে তাকিয়ে ওকে দেখতে পারব।’

পুলের বাইরে হোক আর পুলে, কথাটার জবাব দেওয়ার জন্য যে ইয়াং মুখিয়ে আছেন, তা আর বলতে হবে নাকি! এএফপি, রয়টার্স।