

বিদ্যুৎ কুমার রায়: জাতীয় প্রতিযোগিতায় টানা ২৫টি সোনা জয়ের অনন্য কীর্তি তাঁর। আটটি দক্ষিণ এশিয়ান গেমসে অংশ নিয়ে একটি রুপাসহ চারটি পদক। কমনওয়েলথ ও সাফ ভারোত্তোলনে জিতেছেন দুটি রুপা।
কিছুদিন আগে অবসর নিলেও ভারোত্তোলন ছাড়তে পারছি কই! খেলাটা রক্তের সঙ্গে এমনভাবে মিশে আছে যে খেলা ছাড়ার পরই হয়ে গেলাম আনসারের কোচ। ২৫ বছর ন্যাশনালে টানা সোনা জিতেছি, এই খেলাটির সঙ্গে বন্ধন কি আর কাটে!
ভারোত্তোলন নিয়ে আমার আশা আছে, নিরাশাও কম নয়। নিরাশা এই জন্য যে আগে প্রতি মাসে ট্রায়াল হতো, পারফরম্যান্সের ভিত্তিতে বৃত্তি পেতেন খেলোয়াড়েরা। ১০, ৫, ৩, ১ হাজার...এভাবে বিভিন্ন অঙ্ক। দুর্ভাগ্য, গত দুই-তিন বছর থেকে এই প্রণোদনা বন্ধ। গত কয়েক বছরে ভারোত্তোলনে আসা বেশ কিছু আন্তর্জাতিক পদক এই বৃত্তিরই সুফল। আগের চেয়ে গত ১০ বছরে প্রচুর পদক এসেছে। সোনালি রেখা জেগেছে ভারোত্তোলনের আকাশে। কিন্তু অনেকেই একটা প্রশ্ন করেন, বাংলাদেশের খেলোয়াড়েরা পদক পাচ্ছে তার মানে কি তিনজনে তৃতীয় হয়ে?
মোটেও তা নয়। এই খেলায় অনেক প্রতিযোগিতা। এশিয়ান জুনিয়র, সিনিয়র, সাফ, ক্লাব, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ সিনিয়র-জুনিয়র ইত্যাদি। দুই-তিন মাস পরপরই প্রতিযোগিতা। পাঁচটিতে খেললে তিনটিতেই হয়তো পদক আসে আমাদের। কদিন আগে ইসলামিক গেমসে সাবিরা, সীমান্ত দ্বিতীয়-তৃতীয় হয়েছে। সাত-আটজন ছিল প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক পদক হাতের মোয়া নয়, এগুলো ফাইট করেই আনতে হয়। আমি পদক এনেছি নিজেকে নিংড়ে দিয়ে। এখন তো মেয়েদের খেলায় প্রতিযোগী বেশি। এমনকি সৌদি আরবও খেলে!
কাজেই এই অর্জনকে ছোট করলে অন্যায় হবে। একেকটি পদকের পেছনে অনেক শ্রম, অনেক ঘাম ঝরে। কিন্তু মূল্যায়ন কি হয়? আগে প্রতি কেজি ওয়েট বেশি তুলতে পারলে ২০০ টাকা পুরস্কার ছিল। রেকর্ডের জন্য আরও বেশি। আমি নিজেও রেকর্ড করে প্রতি মাসে ৫, ১০ হাজার টাকা পেয়েছি। বেশ কয়েক বছর এই সুযোগটা ছিল। দুই-আড়াই বছর ধরে এটিও বিলুপ্ত!
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগে বাড়তি কিছু অনুদান দিয়েছে। সেখান থেকেই দেওয়া হতো ওই সব পুরস্কার। এখন আর এনএসসি কিছুই দেয় না। সম্প্রতি জুনিয়র মেয়েরা কাতারে খেলে সিলভার পেল, এনএসসি কিছুই দেয়নি। ২০১৩ সালে কমনওয়েলথ ভারোত্তোলনে পদক এনে আমি কানাকড়িও পাইনি। ১৯৮৮ সালে আমার ক্যারিয়ারের শুরুর দিকে ন্যাশনালে প্রথম হলে ৩০০ টাকা দিত। ২০০০ সালের দিকে রেকর্ড করলে পেতাম ৫ হাজার, ১০ হাজার টাকা। কোথায় সেটি বাড়বে তা না, উল্টো বন্ধই হয়ে গেছে।
পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ জিতে ক্রিকেটারদের অর্থ পুরস্কারে ভাসিয়ে গাড়ি-বাড়িরও প্রতিশ্রুতি দিয়েছে সরকার। আমাদের আপত্তি নেই। কিন্তু অন্য খেলাগুলোর দিকেও একটু নজর দিতে বিনীত অনুরোধ করব সরকারকে। দুঃখজনক হলো, সরকার এসব নিয়ে ভাবে না। ২০১২ সালে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে দুটি গোল্ড আনলাম আমরা। আমি পেলাম সিলভার। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার আমাদের পুরস্কার দিলেন তিন হাজার টাকা! হাস্যকর বলব, নাকি লজ্জায় মুখ লুকাব? সেদিন অপমানে জর্জরিত হয়েছিলাম।
এই অপমানের জ্বালা থেকে মুক্তি দিতে ফেডারেশন সভাপতির উচিত খেলোয়াড়দের পাশে দাঁড়ানো। কিন্তু তাঁর কাছ থেকে আমরা তেমন কোনো আশ্বাস পাই না। ভারোত্তোলনে স্পনসরের আকালও নিরাশায় ঢেকে দেয় আমাদের। কিন্তু স্পনসর জোগাড় করা তো ফেডারেশনেরই দায়িত্ব।
তবু একঝাঁক ছেলেমেয়ে ঢাকায় এনএসসির জিমনেসিয়ামে ঠিকই টানা অনুশীলন করছে। আমি নিজেও এখন মাঝেমধ্যে ওদের সঙ্গে অনুশীলন করি। ওই জিমনেসিয়ামে গরমে সেদ্ধ হয়ে অনুশীলন চলে। একটা এসি পর্যন্ত নেই। অগত্যা দরজা-জানালা খুলে দুই-তিনটা ফ্যানই ভরসা। এমনিতে এই খেলায় প্রাপ্তির খাতা শূন্য। জাতীয় পর্যায়ে আসতে পারলে সার্ভিসেস দলে একটা চাকরি মেলে, এই যা! এর সঙ্গে টুকটাক কিছু আর্থিক সহায়তা পেলে দাঁড়িয়ে যেত একেকটি ছেলেমেয়ের জীবন।
সেই পথে বড় বাধা সরঞ্জামের অভাবও। ঢাকায় সাফ গেমসের সময় পাওয়া সরঞ্জামগুলো আর নেই। ভারোত্তোলনের বড় ‘কারখানা’ মেহেরপুর, ময়মনসিংহ, খুলনা, বাগেরহাটের অবস্থাও খারাপ। হামিদুলদের দেখে ৬০-৭০ জন খেলোয়াড় এসেছে মেহেরপুরের গাংনী থেকে, কিন্তু ওখানে অনুশীলনের সরঞ্জাম অপ্রতুল। আমার জেলা ময়মনসিংহে নামমাত্র এক সেট সরঞ্জাম। ১২ জনের জন্য অন্তত ৬ সেট দরকার। এক সেট মানে সারা দিন দাঁড়িয়ে থাকা, পারফরম্যান্স তো দাঁড়িয়ে থেকেই ডাউন! এই সরঞ্জামের অভাবে ক্লাবগুলো মরে যাচ্ছে। একেকটি সেট দিয়ে আট বছর চলে যায়, দাম তিন-চার লাখ আর এমনকি! কিন্তু এনএসসিকে এ ব্যাপারে সহায়তার অনুরোধ করেও কোনো লাভ হয়নি।
ক্রিকেট, ফুটবল নিয়েই দেশে মাতামাতি। অথচ আন্তর্জাতিক সাফল্য আনলেও ভারোত্তোলকেরা সামান্য অনুশীলন-সুবিধা থেকেও বঞ্চিত। শক্তিনির্ভর খেলা বলে ভারোত্তোলকদের খাওয়া-দাওয়াও খুব ভালো হওয়া দরকার। প্রোটিন খুব জরুরি। আমি নিজে মোটামুটি সচ্ছল বলে সমস্যা হয়নি। আমার সংস্থা আনসার ও ফেডারেশন থেকেও অনেক সহায়তা পেয়েছি। কিন্তু সবার তো আমার মতো ভাগ্য নয়।
তবু আশায় বুক বাঁধতে চাই। যদি আবার বৃত্তিটা চালু হয়, কিছু পুরস্কার মেলে! সুযোগসুবিধা বন্ধ হয়ে গেলেও কেউ কিন্তু ভারোত্তোলন ছাড়েনি। এটাই ভারোত্তোলনের বড় শক্তি।
এখনই যা করতে হবে
১
প্রতিটি জেলায় সরঞ্জাম দিতে হবে। এটি না দিলে ভারোত্তোলন বিলুপ্ত হতে সময় লাগবে না! এই উদ্যোগটা এনএসসির কাছে আশা করি।
২
খেলোয়াড় তৈরিতে কাজে লাগানো যেতে পারে সিনিয়রদের। এই খেলোয়াড়েরা বিভিন্ন জায়গায় যাবেন, নবীনদের প্রশিক্ষণ দেবেন। ভারোত্তোলকদের সুখ-দুঃখে ফেডারেশন সভাপতির ভূমিকা চাই। তাঁকে সক্রিয় হতে হবে।
৩
জেলা থেকে বাছাই করা খেলোয়াড়দের জন্য চাই লম্বা সময়ের ক্যাম্প। ঢাকায় দুই-তিন মাসের ক্যাম্পে রেখে বাছাই করতে হবে প্রতিশ্রুতিশীলদের। এঁদের পরে এক-দুই বছর টানা প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে।
৪
অন্তত জাতীয় পর্যায়ের সব খেলোয়াড়ের চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরিই একজন খেলোয়াড়ের হাতের পাঁচ।
৫
ভালো খেলোয়াড়দের মাসিক আর্থিক প্রণোদনা আবার চালু করতে হবে। দুই-তিন বছর আগেও খেলোয়াড়দের জন্য বৃত্তি ছিল পারফরম্যান্সবর্ধক মহৌষধ।