আর চমকাবে না 'বিদ্যুৎ'

শেষ লিফটটা ঠিকঠাক হলো না। ঠিক হলে এবারও সোনা জিততেন। তাহলে বলা যেত, চ্যাম্পিয়ন হয়েই ক্যারিয়ারের ইতি টানলেন বিদ্যুৎ কুমার রায়। সেই আফসোস কিন্তু একদমই থাকল না তাঁর। একটা জায়গায় বরং শুরু আর শেষের দিনটা মিলে গেল দারুণভাবে।
১৯৮৮ সালে নিজ জেলা ময়মনসিংহের হয়ে জাতীয় ভারোত্তোলনে রুপা দিয়ে শুরু। দীর্ঘ ২৭ বছরের পরিক্রমায় কাল ক্যারিয়ারের শেষ দিনেও জিতলেন রুপা। বয়স ৪৩। মাঝে ২৫টি জাতীয় প্রতিযোগিতায় টানা সোনা। দুই যুগেরও বেশি সময়ের এমন গৌরবোজ্জ্বল ক্যারিয়ার সত্যিই বিরল।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে তাই শেষ লিফটটা তুলেই ফিরে গেলেন অতীতে। নিজের প্রথম কোচ ইব্রাহিম খলিলসহ অন্য অনেক কোচ, ফেডারেশন, পরিবারের অবদানের কথা স্মরণ করলেন কৃতজ্ঞকণ্ঠে। বিশেষ করে বললেন তাঁর দল আনসারের কথা। একফাঁকে উঠে এল শচীন টেন্ডুলকারের উদাহরণ, ‘টেন্ডুলকার টানা ২৪ বছর চ্যাম্পিয়ন ছিলেন। আমার ইভেন্টে আমিও এর চেয়ে বেশি সময় সেরা। আমি গর্বিত, আনন্দিত।’
গর্ব করার মতোই অর্জন। সাফ গেমসে একটি রুপা, তিনটি ব্রোঞ্জ। সাফ ভারোত্তোলনে একটি রুপা। কমনওয়েলথ মাস্টার্সে আছে রুপা, যেটিকে বলছেন নিজের সেরা। আরও অনেক পদক তুলেছেন গলায়। জাতীয় ক্রীড়া পুরস্কার জিতেছেন। গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা পুরস্কারসহ আরও অনেক পুরস্কার আছে তাঁর শোকেসে। এখন চান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে।
সেটি পারলে ভালোই। তৃপ্তিটা আরও বাড়বে। তবে বিদ্যুৎ বারবারই বলছিলেন, ‘আমার কোনো অতৃপ্তি নেই। সবই তো পেয়েছি। ময়মনসিংহ শহরে সরকারের কাছ থেকে এক টুকরা জায়গা পাওয়াও কম নয়। শুরুর দিনে যেমন আনন্দে আকাশে উড়েছি, শেষ দিনেও সমান অনুভূতি। মাঝখানে যে টানা ২৫টা গোল্ড পেলাম, সেটা মনে হয় ভুলেই গেছি।’
শুরুতে খেলেছিলেন ৭৫ কেজি ওজন শ্রেণিতে। শেষটায় ১০৫ কেজি মাইনাসে। সময়ের সঙ্গে ভারোত্তোলনের অগ্রযাত্রা দেখেছেন, বিদ্যুৎ নিজেও এগিয়েছেন। সেটা মনে করিয়ে দিয়ে বললেন, ‘অন্য খেলার একজন খেলোয়াড় ক্যাম্পে থাকলে সরকার থেকে দৈনিক খাওয়া খরচ ৪০০ টাকা পায়, আমার ওয়েটের একজনও যদি ৪০০ টাকাই পায়, তাহলে তো হলো না। আশা করি, ক্রীড়া প্রশাসন এই ব্যাপারগুলো ভেবে দেখবে।’
পুরস্কার নেওয়ার পর সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়। গলায় উঠল বেশ কিছু ফুলের মালা। ভারোত্তোলন ফেডারেশন একটা ক্রেস্টও দিয়েছে। সেই পর্ব শেষে তাঁকে কাঁধে তুলে নিলেন সতীর্থরা, নাচলেনও। এমন বর্ণিল অবসর কজনের ভাগ্যে থাকে! এখন তাঁর স্বপ্ন নতুন খেলোয়াড় তুলে আনার। নবীনদের সঙ্গে ২৭ বছরের সব অভিজ্ঞতা বিনিময় করতে চান ময়মনসিংহের দুর্গাবাড়ির ‘ডাক্তারবাবু’।