আরও একটি! ফেল্প্সের ১৯তম সোনা আর ২৩তম পদক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বড় সোনার খনিগুলোর একটি যেন হয়ে উঠেছেন তিনি! অলিম্পিকে ১৯টি সোনার পদক, ভাবা যায়! গত অলিম্পিকেই অতীতের সব রেকর্ড ভেঙেচুরে নিজের নামের পাশে ১৮টি সোনার পদক যুক্ত করেছিলেন। আজ ৪x১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে আরও একটি পদক জিতলেন ফেল্‌প্‌স। এটি অবশ্য দলগত পদক।

৩১ বছর বয়সী ফেল্‌প্‌স অলিম্পিক ইতিহাসেই সবচেয়ে বেশি পদকজয়ী খেলোয়াড় হিসেবে রিওতে এসেছিলেন। এবার তাঁর নামের পাশে মোট পদক যুক্ত হলো ২৩টি। টানা পাঁচ অলিম্পিকে সাঁতরাচ্ছেন, এও তো অবিশ্বাস্য কীর্তি।

ফেল্‌প্‌স জিতে গেলেন ১৯ নম্বর অলিম্পিক সোনার পদক। ছবি: এএফপি
ফেল্‌প্‌স জিতে গেলেন ১৯ নম্বর অলিম্পিক সোনার পদক। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র দলের হয়ে আজ তিনি দ্বিতীয় লেগটায় সাঁতরেছেন। ৩ মিনিট ৯ দশমিক ৯২ সেকেন্ড টাইমিং গড়ে জিতেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হয়েছে ফ্রান্স, তৃতীয় অস্ট্রেলিয়া।
২০০৪ অলিম্পিকে ছয়টি, ২০০৮-এ আটটি, ২০১২ অলিম্পিকে চারটি সোনা জেতেন ফেল্‌প্‌স। এরপর চলে যান অবসরে। যাওয়ারই কথা। আর কী জিতবেন, কীই-বা বাকি আছে! কিন্তু ক্ষুধা যে মেটেনি, তা অনুভব করতেই আবার ফিরে আসেন। ভাগ্যিস ফিরেছেন। নামের পাশে যে আরও একটি সোনা যুক্ত হলো।
জানেন নিশ্চয়ই, অলিম্পিক ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সোনার মালিক লারিসা লাতিনিনার চেয়ে দ্বিগুণ সোনা জিতেছেন ফেল্‌প্‌স! সেই সংখ্যাটা বাড়ছে। বাড়তে পারে আরও!