আরও ৪৫ ডোপপাপী
রাশিয়াকে ঘিরে থাকা ডোপিং কেলেঙ্কারির ধাক্কাই এখনো কাটেনি। এরই মধ্যে বেইজিং ও লন্ডন অলিম্পিকে অংশ নেওয়া খেলোয়াড়দের নমুনা পরীক্ষার পর পাওয়া গেল আরও ডোপপাপী। সর্বশেষ দুটি অলিম্পিকের ডোপ পরীক্ষার ফল আবারও বিশ্লেষণ করে দেখার যে প্রক্রিয়া হাতে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), সেটির দ্বিতীয় ধাপ থেকে ডোপপাপী পাওয়া গেছে ৪৫ জন।
সব মিলিয়ে ২০০৮ ও ২০১২ অলিম্পিকে এ পর্যন্ত ডোপপাপীর সংখ্যা দাঁড়াল ৯৮। পুনর্বিশ্লেষণের প্রথম দফায় মোট ৫৩ জন অ্যাথলেটের নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে।
এবারের বিশ্লেষণে কোন কোন অ্যাথলেট ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন, আইনগত কারণ দেখিয়ে সেটি জানায়নি আইওসি। তবে এর মধ্যে বেইজিংয়ে ডোপ পাওয়া গেছে ৩০ জন অ্যাথলেটের নমুনায়, লন্ডনে ১৫ জনের। বেইজিংয়ে ডোপপাপীদের মধ্যে ২৩ জনই পদকধারী।
সাধারণত অ্যাথলেটদের ডোপিংয়ের নমুনা ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করে আইওসি। যাতে পরে আধুনিক প্রযুক্তি দিয়ে সেটি চাইলে পরীক্ষা করা যায়। রিও অলিম্পিকের মাঝে ও পরে এমন আরও দুবার পুনর্বিশ্লেষণ চালাবে আইওসি। এএফপি।