আর্জেন্টাইন–ঝলকে আবাহনীকে গুঁড়িয়ে মোহামেডানের জয়োল্লাস
মওলানা ভাসানী স্টেডিয়াম আজ আশ্চর্য রকম শান্ত। আবাহনী-মোহামেডান ম্যাচ চলছে অথচ কোনো গোলমাল নেই! আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ নেই। দুই দলের খেলোয়াড়দের মেজাজ হারিয়ে স্টিকের ঠোকাঠুকি নেই।
সমর্থকেরাও জড়িয়ে পড়েননি অপ্রীতিকর কোনো ঘটনায়। সব মিলিয়ে দুই প্রধান দলের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠল মাঠের খেলা। আবাহনী-মোহামেডান ম্যাচে শেষ কবে এতটা পরিচ্ছন্ন হয়েছে, মনে করা কঠিন।
এই লড়াইয়ে আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে ভালোভাবে টিকে রইল মোহামেডান। আবাহনীর পক্ষে লিগ জেতা প্রায় অসম্ভবই হয়ে পড়ল। আজই শেষ হওয়া প্রথম পর্বে ১১ ম্যাচে আকাশি নীলেরা হারল ২টি ম্যাচ। প্রথম হারে মেরিনার্সের কাছে। এই মেরিনার্সের কাছে হেরেছে মোহামেডানও। আজ আবাহনীকে হারিয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করেছে মোহামেডান। ১১ ম্যাচে সাদাকালোর পয়েন্ট ৩০। আবাহনীর ২৭। ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে মেরিনার্স।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আজ মোহামেডান জয় তুলে নিয়েছে বড় ম্যাচের চাপ সামলে। মোহামেডানের হয়ে মাঠে নামেন ২০১৬ আর্জেন্টিনা জাতীয় দলের দুই খেলোয়াড়, যার মধ্য একজন বিশ্বসেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ পেইলাত। ওদিকে গতকালই আবাহনী উড়িয়ে আনে হল্যান্ডের তিনজন খেলোয়াড়। এই খেলোয়াড়দের এনে মাঠের বাইরে মোহামেডানকে একটা কড়া জবাব দেয় আবাহনী। কিন্তু মাঠে পারল না জবাব দিতে। বেশ কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও সুবিধা করতে পারেনি আকাশি নীলেরা। কখনো কখনো ঠিকমতো স্টপ বা হিট কোনোটাই ভালো হয়নি।
ডাচ খেলোয়াড়েরা কিছুই করতে পারলেন না। দাঁড়িয় দাঁড়িয়ে দেখলেন দলের করুণ পরাজয়। অন্যদিকে মোহামেডানের আর্জেন্টাইন খেলোয়াড়েরা দলকে পথ দেখালেন। ৫ মিনিটে রাসেল মাহমুদ জিমির পাসে রিভার্স হিটে ম্যাচের প্রথম গোলটা করেন আর্জেন্টিনার হয়ে ২০১৬ রিও অলিম্পিক সোনা জেতা জোয়াকিম মেনিনি। ৫২ মিনিটে দলের চতুর্থ গোলটিও তাঁর।
৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ২-০ করে মোহামেডান। ভারতীয় ফরোয়ার্ড সুনিল ভিতালাচারিয়ার পুশ, আমিরুল ইসলাম স্টপ করার পর ছোট্ট একটা পুশ করেন আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত। এরপর দারুণ হিটে লক্ষ্যভেদ পাকিস্তানের তাজওয়ার আব্বাসের।
৪৯তম মিনিটে ৩-০। আবাহনী এই সময় আরও কোণঠাসা হয়ে পড়ে। মোহামেডানের ভারতীয় ফরোয়ার্ড সুনিলের আড়াআড়ি পাসে রাজীব দাসের গোল।
ম্যাচের আগে মোহামেডান হয়তো ভাবতে পারেনি এমন জয় পাবে। কিন্তু হকি মাঠে কখনো কখনো এমন হয় যে বড় দল নিষ্প্রভ থাকে বা কোনো দল গোল উৎসবে মেতে ওঠে। মোহামেডানের জন্য আজকের দিনটি ছিল তেমনই। তবে দিন শেষে জয়টা হকির। কোনো গোলমাল ছাড়া হকি মাঠে বড় ম্যাচ শেষ হওয়া বিরাট ঘটনাই। অবশ্য কৃতিত্ব দিতে হবে দুই আম্পায়ারকে। এক প্রান্তে শ্রীলঙ্কান ও আরেক প্রান্তে জাপানি আম্পায়ারের ভালোভাবেই ম্যাচটা শেষ করেন।
ম্যাচ শেষে দুই আর্জেন্টাইনই ছিলেন খুশি। পেইলাত বলেন, ‘জিততে পেরে আমরা উজ্জীবিত। জয়ের ধারাটা ধরে রাখতে হবে। আশা করি, সুপার লিগে আমরা আরও ভালো করব। মোহামেডানের জয়ের অন্যতম নায়ক জোয়াকিম মেনিনির কথা, ‘কঠিন ম্যাচ জিতে দারুণ লাগছে। আবাহনীকে আমরা ৪ গোলে উড়িয়ে দিয়েছি। তবে আমাদের কাজটা শেষ হয়ে যায়নি। সামনে আরও ভালো করতে হবে।’