আলিদাকে নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিদা শিকদার ও শিরিন আক্তার
আলিদা শিকদার ও শিরিন আক্তার

আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। শুধু বলেছেন, ‘শেফ দ্য মিশন দেশে আসুক। তিনি কী রিপোর্ট দেন সেটা দেখি। তারপর বলতে পারব ঘটনাটা আসলে কী।’
ঘটনা হলো, যুক্তরাষ্ট্রপ্রবাসী অ্যাথলেট আলিদা শিকদার ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রতিনিধি হয়ে গিয়েও খেলেননি। নিজের ইভেন্টের এক দিন আগে আজারবাইজানের বাকু গিয়ে অসুস্থ হয়ে পড়ায় ১০০ মিটার স্প্রিন্টে ট্র্যাকে নামেননি। এক দিন পর লংজাম্পেও অংশ না নিয়ে ফিরে গেছেন যুক্তরাষ্ট্র। তাঁর খেলা ছিল গত ১৮ ও ১৯ মে।
অ্যাথলেটিকস ফেডারেশন বলছে, আলিদার শরীর খারাপ থাকায় খেলতে পারেননি। শরীর খারাপ হতেই পারে যে কারও। তাই এ নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। কারণ, তিনি তো খেলতেই গেছেন আজারবাইজান। এই যুক্তিটা জোরালোভাবেই দিচ্ছেন বিওএর মহাসচিব। তবে বাকু থেকে পাওয়া বিভিন্ন সূত্রের খবর, আলিদা নাকি স্নায়ুচাপে ভুগছিলেন। প্রথমবারের মতো দেশের পক্ষে খেলার চাপটা নিতে পারেননি বলেই খেলেননি। অসুস্থতা নাকি বড় কোনো কারণ নয়।
বিতর্কটা এখানেই। বড় একটা প্রশ্ন তুলে দিয়েছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। সারা বছর কষ্ট করার পরও বাকুগামী দলে টিকতে ট্রায়াল দেওয়ার সুযোগ না পাওয়ার আক্ষেপ আছে তাঁর, ‘আমার কোনো দুঃখ থাকত না যদি ট্রায়ালে বাদ পড়তাম। যিনি বাকুতে গেলেন, আমার চেয়ে তিনি ভালো না খারাপ, সেটা বুঝতে পারলাম না।’
আলিদার পারফরম্যান্স বাংলাদেশের যেকোনো অ্যাথলেটের চেয়ে ভালো, এটাই জানে বিওএ। বিওএর মহাসচিব শাহেদ রেজার কথা, ‘ও নিজের কলেজে চ্যাম্পিয়ন। তা ছাড়া আমরা তো একটা সৎ উদ্দেশ্য নিয়ে ওকে দলে নিই। এখন খেলতে না পারলে কিছু বলার নেই। একটা প্লেয়ার খেলতে এসে খেলবে না, এটা হতে পারে না।’
ঘটনা যা-ই হোক, শিরিন ট্রায়ালের সুযোগ পাননি এটা বাস্তবতা। তবে ভবিষ্যতে বাইরে থেকে এসে কেউ ট্রায়াল না দিয়ে দলে ঢুকে যেতে পারবে না। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু অন্তত তেমনটাই বলছেন, ‘অবশ্যই ভবিষ্যতে কেউ চাইলেই দলে নিয়ে নেওয়া হবে না। ট্রায়াল দিয়েই টিকতে হবে। আলিদার ঘটনা থেকে এটাই আমাদের শিক্ষা।’
বর্তমানে আন্তর্জাতিক গেমসের জন্য বাংলাদেশ দল গঠনে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় কারও কারও পছন্দের খেলোয়াড় দলে ঢুকে যেতে পারেন। এ ব্যাপারে বিওএ কি কোনো নীতিমালা করবে? শাহেদ রেজা নীতিমালা করার পক্ষে, ‘এটা নিয়ে আমরা ভবিষ্যতে ভাবব। তবে অবশ্যই একটা নীতিমালা থাকা দরকার। সেটা আমরা করব আশা করি।’
কিন্তু একটা ধাঁধা থেকেই যাচ্ছে। আলিদা শিকদার নির্বাচিত হলেন কীভাবে? অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদকের ভাষ্য, ‘আমি দায়িত্ব নেওয়ার আগেই ওই সিলেকশনটা হয়ে যায়।’ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের কথা, ‘এই সিলেকশনটা অলিম্পিক করেছে। তবে আমার সময়ে হয়েছে।’ কিন্তু বিওএর মহাসচিবের ভাষ্য উল্টো, ‘সিলেকশন তো ফেডারেশন করেছে।’ আসলে কোনটা যে ঠিক, সেটা এক রহস্য। কেউই আসলে এখন দায়িত্ব নিয়ে কথা বলতে চান না।
বিষয়টা নিয়ে চেঙ্গিস ফিরে যান অতীতে যেখানে আলিদার বাবার সঙ্গে রয়েছে তাঁর অনেক সুখস্মৃতি, ‘ওর বাবা আমার ৩৫-৪০ বছরের বন্ধু। আরামবাগে থাকার সময় আমরা অনেক সময় কাটিয়েছি।’ ‘গত এসএ গেমসের আগে আলিদা বাংলাদেশে আসেন বাবার সঙ্গে। ওই গেমসে খেলার কথা ছিল তাঁর। পাসপোর্টও করা হয়েছিল, কিন্তু গেমসে যাওয়া হয়নি।