আশা জাগানো যুব শ্যুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচেনা একদল কিশোর এদিক-সেদিক ঘুরছে। কখনো দলবেঁধে আইসক্রিম খাওয়া, কখনো সেলফি তোলার ধুম। কাল গুলশান শ্যুটিং রেঞ্জে হামিদুর রহমান যুব শ্যুটিংয়ের সমাপনী দিনে এমন দৃশ্য দেখা গেল বেশ কয়েকবারই।
এত দিন নবীন ও জ্যেষ্ঠ শ্যুটারদের প্রতিযোগিতা হতো একসঙ্গে। এবারই প্রথম আলাদাভাবে হলো যুব টুর্নামেন্ট, যেখানে বিকেএসপির ১৮ শ্যুটারের সঙ্গে যোগ হয়েছিল ক্লাবের অধীনে আসা ৬০ জনের বেশি শ্যুটার।
নবীন শ্যুটার অন্বেষণী দুই দিনের এই প্রতিযোগিতাটি নতুন সম্ভাবনার দুয়ারই যেন খুলে দিয়েছে। নবীনদের কাছে অন্তত এই বার্তাটা দেওয়া গেল যে, নিজেকে তুলে ধরার একটা মঞ্চ তারা পাচ্ছে। কোচ সাবরিনা সুলতানাও তেমনই মনে করেন। কমনওয়েলথ ও সাফ শ্যুটিংয়ের সোনাজয়ী সাবরিনা এবার কোচের ভূমিকায় পুরো আয়োজনটা দেখে বেশ খুশিই, ‘নতুনেরা একটা সুযোগ পেয়েছে, ভালোও করেছে। এই অভিজ্ঞতা ওরা কাজে লাগিয়ে ভবিষ্যতে জাতীয় দলে খেলবে। দেশের শ্যুটিংয়ের জন্য এটা নতুন আশাই বলা যায়।’
‘নতুন আশা’ শব্দ দুটি নিয়ে কারও দ্বিমত নেই। তবে বড় প্রশ্ন হলো, সে রকম নবীন প্রতিভা কতটা চোখে পড়ল যারা যেতে পারে অনেক দূর? নির্দিষ্ট কোনো নাম বলেননি সাবরিনা। তাঁর চোখে, সবাই কাছাকাছি মানেরই। ১০ মিটার এয়ার রাইফেলে কাল যেমন প্রতিযোগিতা শেষেও কেউই বলতে পারছিলেন না প্রথম হলেন কে? বেশ কয়েকজন একই রকম স্কোর করেছেন। যা দেখে সাবেক শ্যুটার বর্তমানে শ্যুটিং ফেডারেশনের কোচ সাইফুল আলম রিংকি বলছিলেন, ‘ওভাবে কাউকে আলাদা না করাই ভালো। তবে বেশ কয়েকজন আছে, যাদের মধ্যে ভালো সম্ভাবনাই দেখছি।’
ফেডারেশনও তাই আশাবাদী। ভবিষ্যতে এই যুব টুর্নামেন্টটি নিয়মিত আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছেন কর্মকর্তারা। ফেডারেশনের সদস্য ও বিকেএসপির কোচ আসবাব আলী ফয়েজের কথা, ‘ছেলেমেয়েদের স্কোর যথেষ্ট ভালো। এখনো ওরা নবীন, আস্তে আস্তে পরিণত হবে। তবে এ পর্যন্ত যা দেখলাম তাতে স্বপ্ন দেখাই যায়।’
সেই স্বপ্নপূরণে বড় ভূমিকা রাখারই যেন ঘোষণা দিল বিকেএসপি। এই প্রতিযোগিতার ছয়টি সোনার পাঁচটিই তাদের। কাল ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ৫৮২ স্কোর করে প্রথম হয়েছে বিকেএসপির রবিউল ইসলাম। একই ইভেন্টে মেয়েদের বিভাগে সেরা আর্মি শ্যুটিং ক্লাবের সৈয়দা আতকিয়া হাসান (৩৮৯)।