আশা দেখাচ্ছেন নবীনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে জুনিয়র ও যুব বিভাগে ভালোই করছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২১ জুনিয়র বিভাগে পরশু ১০ মিটার এয়ার রাইফেলে এসেছে দলীয় রুপা। সেই ১০ মিটার এয়ার রাইফেলেই গতকাল আরেকটি রুপা এসেছে।
এটি এসেছে জুনিয়র বিভাগের সৈয়দা আতকিয়া হাসান দিশা, মাহফুজা জান্নাত জুঁই ও শারমিন আক্তারের হাত ধরে। তাঁদের তিনজনের সম্মিলিত স্কোর ১২২৭.৫। এই ইভেন্টে সোনা জিতেছে চীন, কাজাখস্তান ব্রোঞ্জ। ভারত চতুর্থ ও ইরান পঞ্চম।
জুনিয়রদের এই ভালো ফল শুটিংয়ে নতুন আশাই যেন তৈরি করেছে। তাঁদের ঘষে মেজে আগামীর চ্যালেঞ্জ নিতে তৈরি করতে পারলে বাংলাদেশের শুটিং পেতে পারে নতুন পথ। সে কথাই বলছিলেন কমনওয়েলথ শুটিংয়ে সোনাজয়ী শারমিন আক্তার রত্না, ‘একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ছেলেমেয়েদের মধ্যে। আমি তো বলব, পরপর দুই দিনে দুটি রুপা আসা অবশ্যই আশা জাগানিয়া।’
মেয়েদের এয়ার রাইফেলে রুপা আনতে বড় অবদান রাখা আতকিয়া ৪৩৬ স্কোরের মধ্যে করেছেন ৪১৩.৩। রত্নার সেরা স্কোরের (৪১৩.৮) প্রায় কাছাকাছি। তবে সমস্যা হয়েছে, জুনিয়র বিভাগ থেকে ওপরের দিকে লড়াইয়ের মাঠে আর শক্তভাবে দাঁড়াতে পারেন না বাংলাদেশের শুটাররা। এবার যেমন মেয়েদের বিভাগে বড়দের ১০ মিটার এয়ার রাইফেলে দলই পাঠানো হয়নি। কারণ, এই বিভাগে ভালো করার মতো স্কোর এখন আর নেই বাংলাদেশের মেয়েদের। অন্যতম বড় ভরসা রত্না কিছুদিন ধরে শুটিংয়ের বাইরে আছেন।
তবে নিয়মিত খেললেও ভালো স্কোর করতে পারছেন না দেশসেরা শুটার আবদুল্লাহ হেল বাকি। সম্প্রতি নৌবাহিনীতে যোগ দেওয়া এই শুটারের স্কোর কোথায় ভালো হবে, তা নয়, উল্টো খারাপ হয়েই চলেছে। অথচ ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশ এখন তাকিয়ে থাকে তাঁর দিকেই। কিন্তু বাকি তাঁর সেরা স্কোরের আশপাশেই যেতে পারছেন না, যেমনটা তেহরানেও পারেননি। ইভেন্টটিতে তাঁর সেরা স্কোর ৬৫৪ তে ৬২৪.৮। কিন্তু নতুন রাইফেল নিয়ে ভালো করার আশায় প্রতিযোগিতায় গিয়ে স্কোর করলেন মাত্র ৬১৬.৪।
২০১৪ কমনওয়েলথ গেমসে রুপা জয়ের পর আর কোনো টুর্নামেন্টে বাকিকে খুঁজেই পাওয়া যায়নি। এই এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ২৮ জনের মধ্যে হয়েছেন ১৯তম। বাকি সতীর্থদের অবস্থাও উজ্জ্বল কিছু নয়। শোভন চৌধুরী ৬১৯ স্কোর করে হয়েছেন ১২তম। নতুনদের সাফল্যের এই সময়ে বাকি-শোভনদের ব্যর্থতায় হতাশ তাঁদের সতীর্থরা।