আসছে 'আই অ্যাম বোল্ট'

ট্র্যাকের বোল্টকে তো সবাই চেনে। চিতার মতো ক্ষিপ্র, অন্য যেকোনো ক্যারিবীয়র মতো আমুদেও। কিন্তু ব্যক্তি উসাইন বোল্ট কেমন? কেমন কাটে সর্বকালের সেরা স্প্রিন্টারের সময়? তাঁর সাফল্যের পেছনের গল্পগুলোই বা কেমন!
প্রশ্নগুলো নিশ্চয়ই আপনারও মনে জাগে। তাহলে উত্তরও পেয়ে যাবেন শিগগিরই। আগামী মাসেই মুক্তি পাচ্ছে বোল্টের জীবন ও ক্যারিয়ার নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র আই অ্যাম বোল্ট। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল স্টুডিও সেটির প্রথম আনুষ্ঠানিক ট্রেলারও প্রকাশ করেছে।
২০০৮ বেইজিং অলিম্পিকে যে সোনালি যাত্রা শুরু হয়েছিল, লন্ডন ঘুরে সেটি অব্যাহত থেকে এবারের রিও অলিম্পিক পর্যন্তও। টানা তিন অলিম্পিকেই ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলেতে সোনা জিতে ‘ট্রেবল ট্রেবলের’ ইতিহাস গড়েছেন বোল্ট। জ্যামাইকান বজ্রবিদ্যুৎ তো এখন স্প্রিন্ট ছাড়িয়ে অ্যাথলেটিকসেরই সর্বকালের সেরাদের একজন। প্রামাণ্যচিত্রে তাঁর সেই যাত্রাই দেখানো হয়েছে।
দুই পরিচালক গেইব ও বেন টার্নার খুঁজে বেড়িয়েছেন ট্র্যাক ও এর বাইরের বোল্টের জীবন। তাঁর ঘাম ঝরানো অনুশীলন, যত হতাশা, বিশ্বমঞ্চে নামার আগের যত সংশয়, কিংবা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো ৩০ বছর বয়সী স্প্রিন্টারের ব্যক্তিগত সময়টাও ধরা আছে প্রামাণ্যচিত্রে। আছে ধরাধামের দ্রুততম দৌড়বিদ হয়ে ওঠার পেছনের গল্প, পরিচিতজনের সাক্ষাৎকার। কিছু ফুটেজ তো বোল্টের নিজেরই ভিডিও করা।
নিজেকেই নিজে ‘কিংবদন্তি’ ঘোষণা দিয়েই এবার রিও অলিম্পিকে নেমেছিলেন বোল্ট। তবে তার আগে নিজের সঙ্গে তাঁর লড়াইয়ের কথাও উঠে এসেছে প্রামাণ্যচিত্রে, ‘প্রতিবছরই আমি উদ্বিগ্ন থাকি, “আমি কি এখনো দ্রুততম?” এ বছরও নিজেকে বলেছি, আমার কিছু সংশয় আছে, আমি পুরোপুরি অনুপ্রাণিতও নই। কিন্তু পরে তো সব বদলে গেল।’
একেবারে শুরু থেকে আজকের বোল্ট হওয়ার গল্পগুলোই আসছে রুপালি পর্দায়। ডেইলি মেইল।