আসামে খেলার 'রাজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন এক টুকরো বিকেএসপি! শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে সোনাপুরে গড়ে ওঠা লক্ষ্মীবাঈ শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশের ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির মতোই নিরিবিলি। সেখানকার ইনডোরে হয়েছে এবারের এসএ গেমসের হ্যান্ডবল প্রতিযোগিতা। পাহাড়ঘেরা প্রতিষ্ঠানটির ভেতরে ছোট লেক। ছিমছাম প্রতিষ্ঠানে চমৎকার ইনডোর ছাড়াও রয়েছে হকি মাঠ। আর্চারদের অনুশীলনের জায়গা। আছে ভেলোড্রাম ও জিমনেসিয়াম।
আসামের প্রতিটি ভেন্যুর এমন চেহারাই বলে দেয় খেলাধুলায় দক্ষিণ এশিয়াতে কতখানি এগিয়ে ভারত। শুধু সোনাপুরই নয়, হারুহজাই স্পোর্টস কমপ্লেক্সের ভেতরের ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়াম, ডক্টর জাকির হুসাইন সুইমিং কমপ্লেক্স, সাই স্টেডিয়াম, আরজি বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স, নেহরু স্টেডিয়াম, কাহিলিপাড়ার শুটিং রেঞ্জও অসাধারণ। আধুনিক ক্রীড়া সরঞ্জামে ভরা সব অবকাঠামো।
দিসপুরের ভোজেশ্বরী ফুকাননি ইনডোরে যখন সোনা জিতে জাতীয় সংগীতের সুরে কান্নায় ভেঙে পড়েন মাবিয়া আক্তার সীমান্ত, সেই কান্নায় শুধু দেশপ্রেম লুকিয়ে থাকে না; লুকিয়ে থাকে অনুশীলনের জন্য পর্যাপ্ত জায়গা আর সুযোগ-সুবিধা না পাওয়ার আক্ষেপ। পল্টনের সুইমিংপুলের পাশের ছোট্ট গুদামঘরের মতো অনুশীলন ভেন্যুতেই সারা বছর ভার তোলেন মাবিয়ারা।
আসামের ক্রীড়া স্থাপনাগুলো খুব বেশি দিন আগে গড়ে ওঠেনি। ২০০৭ সালে ভারতের ৩৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার স্বাগতিক হয়েছিল আসাম। ওই সময়ই বেশির ভাগ অবকাঠামো তৈরি করে রাজ্য সরকার। শুধু নেহরু স্টেডিয়ামটাই ১৯৬২ সালে নির্মিত।
অন্যান্য রাজ্যের মতো আসামেও জনপ্রিয় ক্রিকেট। গত সপ্তাহে রনজি ট্রফি জিতে তো ইতিহাসই গড়ে ফেলেছেন আসামের ক্রিকেটাররা! তবে ফুটবলটাও এখানে যথেষ্ট জনপ্রিয়। বিখ্যাত বরদুলই ট্রফি, সান্তোষ ট্রফির মতো টুর্নামেন্ট হচ্ছে গুয়াহাটিতে। পনেরো হাজার দর্শক ধারণক্ষম নেহরু স্টেডিয়ামেই নিয়মিত সব ফুটবলের আয়োজন করা হয়। যদিও গেমসের আগে মাঠ প্রস্তুত না হওয়ায় গ্রুপ পর্বের খেলা হয়েছে সাই স্টেডিয়ামে। নকআউট হয়েছে ইন্দিরা গান্ধীতে।
আসামের তরুণদের মধ্যে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। নর্থ-ইস্ট ইউনাইটেড আসামের ফ্র্যাঞ্চাইজি। দলটির হোম ভেন্যু ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়াম। মালিক বলিউডের নায়ক জন এব্রাহাম। আসামের ছেলে অ্যালেন দেউরি ও হোলিচরণ নারজারি খেলছেন নর্থ-ইস্ট ইউনাইটেডে। ‘লোকাল হিরো’দের খেলা থাকলে স্টেডিয়াম উপচে পড়ে দর্শকে। এবারের এসএ গেমসে রুপাজয়ী ভারতীয় ফুটবল দলের অন্যতম ফরোয়ার্ড হোলিচরণ। ফাইনালে নেপালের সঙ্গে একমাত্র গোলটি তাঁরই ছিল।
আর্চারিতে সোনাজয়ী জয়ন্ত তালকুদারের বাড়ি গুয়াহাটিতে। বক্সিংয়ে সোনাজয়ী শিভা থাপাও আসামের ছেলে। তবে জয়ন্ত গুয়াহাটিতে থাকেন না, জামশেদপুর টাটা একাডেমিতে অনুশীলন করেন। কাবাডির হাসিনা বেগম আসামের মেয়ে। একসময় ভারতের ব্যাডমিন্টনে আধিপত্য ছিল আসাম রাজ্যের। আসামের অন্যতম সেরা শাটলার দীপঙ্কর ভট্টাচার্য একজন বাঙালি। ভারতের হয়ে খেলেছেন বার্সেলোনা ও আটলান্টা অলিম্পিকে। এবারের গেমসে মশাল বয়ে নিয়ে যাওয়া টিটি খেলোয়াড় মোনালিসা বড়ুয়া পেয়েছেন অর্জুনা পুরস্কার।
ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি হলেও স্থানীয় মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কংগ্রেসের রাজনীতিবিদ। কিন্তু গেমসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন সবাই। বাংলাদেশে যা কল্পনা করাও অসম্ভব। ভারতের তরুণ ক্রীড়ামন্ত্রী সরবানন্দ সোনোয়াল কংগ্রেসের রাজনীতি করেন। গেমসটা গুয়াহাটি ও শিলংয়ে আয়োজনের জন্য আসামের এই রাজনীতিবিদের সবচেয়ে বড় অবদান আছে।
আসামের হয়ে রনজি ট্রফিতে খেলা ক্রিকেটার তৌহিদ আলী গেমসের শেষ দিনে ছিলেন ভীষণ উচ্ছ্বসিত, ‘এখানে এমন অবকাঠামো না থাকলে এত বড় গেমস করার সাহসই পেত না ভারত। সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে বলে ভালো লাগছে।’
১৪ ফেব্রুয়ারি রাতে গেমস কাভার করা আট দেশের গণমাধ্যমকর্মীদের নৈশভোজে নিমন্ত্রণ জানিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী সরবানন্দ সোনোয়াল। গেমস শেষ করতে পেরে স্বস্তির নিশ্বাস ছাড়লেন তিনি, ‘মাত্র ৯০ দিনের প্রস্তুতিতে এত বড় আয়োজন সফলভাবে শেষ করা সহজ কথা নয়। এটা আমাদের জন্য বড় অর্জন।’
১৮৮টি সোনা জিতে এসএ গেমসে এবারও ভারতেরই আধিপত্য। ক্রীড়া উন্নয়নে যে দেশে দল-মতের পার্থক্য নেই, খেলাধুলায় রকেটের গতিতে এগিয়ে যাওয়া তো তাদেরই মানায়।