ইতিহাসের সামনে লেডেকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক হাতে পদক, অন্য হাতে দেশের পতাকা—সাঁতারের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জয়ের পর যুক্তরাষ্ট্রের মেয়েরা এভাবেই হলেন ফ্রেমবন্দী। পরশু রিওর অলিম্পিক অ্যাকুয়াটিক সেন্টারে l রয়টার্স
এক হাতে পদক, অন্য হাতে দেশের পতাকা—সাঁতারের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জয়ের পর যুক্তরাষ্ট্রের মেয়েরা এভাবেই হলেন ফ্রেমবন্দী। পরশু রিওর অলিম্পিক অ্যাকুয়াটিক সেন্টারে l রয়টার্স

যখন পুলে ঝাঁপ দিলেন, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এগিয়ে আছেন ০.৮৯ সেকেন্ডে। ২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা অস্ট্রেলিয়া পকেটে প্রায় পুরেই ফেলেছে। কিন্তু কেটি লেডেকি যা করলেন, বিস্ফারিত চোখে সেটি সবাই দেখেছেন। যখন সবার আগে সাঁতার শেষ করেছেন, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ১.৮৪ সেকেন্ডে। সোনাটা দলীয় ইভেন্টে হলেও আসলে তো সেটা লেডেকিরই!

মেয়েদের ‘মাইকেল ফেল্‌প্‌স’ বলাটা এখনই একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তবে এই ১৯ বছর বয়সেই লেডেকি যা করে ফেলেছেন, তাতে সে পথেই হাঁটছেন (পড়ুন সাঁতরাচ্ছেন) নিশ্চিতভাবেই। ১০০ মিটার ফ্রিস্টাইলের রিলেতে রুপা জিতে শুরু হয়েছিল রিও অলিম্পিক অভিযান। এরপর ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন বিশ্বরেকর্ড গড়ে। ২০০ মিটার ফ্রিস্টাইলেও সোনা জিতেছেন, যদিও বিশ্বরেকর্ড হয়নি। আর পরশু তো দেশকে বলতে গেলে একাই আরেকটি সোনা এনে দিলেন।

চতুর্থ সোনা পাওয়াটা লেডেকির জন্য সময়ের ব্যাপার। ৮০০ মিটার ফ্রিস্টাইল এমনিতেই তাঁর প্রিয় ইভেন্ট। চার বছর আগে লন্ডন অলিম্পিকে এই ইভেন্টেই সোনা জিতে বিশ্বমঞ্চে প্রথম আলো ছড়িয়েছিলেন। ৮০০ মিটার বিশ্বরেকর্ড তাঁর, তাও আবার নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন চারবার। এবার যা করছেন, তাতে সোনা জেতার সঙ্গে পঞ্চমবার সেই রেকর্ড ভাঙতে না পারলেই, সেটা হবে আশ্চর্যের।

তবে সোনা জিতলেই আরেকটি দারুণ কীর্তি হয়ে যাবে। এক অলিম্পিকেই মেয়েদের ২০০, ৪০০ ও ৮০০ ফ্রিস্টাইলেই জেতার রেকর্ড ছিল এর আগে শুধু একজনের। ১৯৬৮ অলিম্পিকে সেই কীর্তিটা করেছিলেন যুক্তরাষ্ট্রেরই ডেবি মায়ার। আর এক আসরে মেয়েদের সাঁতারে চারটি সোনা জয়ের কীর্তি ছিল এর আগে মাত্র তিনজনের। বড় কোনো অঘটন না ঘটলে লেডেকি যে চতুর্থজন হচ্ছেন, সেটা বলেই দেওয়া যায়।

তবে সেটির জন্য একটু অপেক্ষা লেডেকিকে করতেই হচ্ছে। বাংলাদেশ সময় আগামীকাল সকালে রিওতে শেষবারের মতো সাঁতরাবেন। দেশের জন্য গৌরব বয়ে এনেছেন, আপাতত এই ভাবনাতেই বুঁদ মার্কিন জলকন্যা। ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নিজের কীর্তিটা একদমই বড় মনে হচ্ছে না তাঁর কাছে, ‘এগিয়ে থাকি বা পিছিয়ে থাকি, যেকোনো পরিস্থিতির জন্য আমি তৈরি ছিলাম। আমি জানতাম, বাকি তিনজন আমাকে সমাপ্তি টানার জন্য দারুণ একটা অবস্থান দেবে।’ এএফপি।