ইব্রার পরে শোস্ট্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা শোস্ট্রম ও ইব্রাহিমোভিচ
সারা শোস্ট্রম ও ইব্রাহিমোভিচ

ইব্রাহিমোভিচ! গত কয়েক বছরে সুইডেনের নাম বললেই এই নামটাই আসে আগে। ইব্রার মতো ঝলমলে ও বর্ণাঢ্য চরিত্রের লোক সুইডেনে খুঁজে পাওয়াই যে মুশকিল। এবারের অলিম্পিক অবশ্য নতুন এক তারকা পেয়ে গেছে সুইডিশরা। অন্তত কিছুদিনের জন্য হলেও। রিওর সাঁতার পুলে ঝড় তুলে বিশ্ব রেকর্ড গড়া সাঁতারু সারা শোস্ট্রমকে নিয়েই এখন মেতেছে সুইডেন।

গত রোববার ইতিহাসের প্রথম সুইডিশ নারী হিসেবে অলিম্পিক সাঁতারে সোনা জিতেছেন শোস্ট্রম। সোনা জয়ের পথে ১০০ মিটার বাটারফ্লাইয়ের বিশ্ব রেকর্ডটাও নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী সাঁতারু। পরশু ২০০ মিটার ফ্রিস্টাইলের হিট পেরোনোর পর ইব্রাহিমোভিচের তারকাখ্যাতির সঙ্গে নিজের তুলনা করতে হলো শোস্ট্রমকে। স্বল্পবাক শোস্ট্রম তা উপভোগই করছেন, ‘ইব্রাহিমোভিচ অন্য রকম। সাধারণত পুরুষ অ্যাথলেটরাই ক্রীড়াজগতে তারকাখ্যাতি পান। মেয়ে হিসেবে তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারাটাই ভালো লাগার ব্যাপার।’

শোস্ট্রমের সতীর্থরাও তুলনা টেনেছেন দুজনের। পুরুষ ২০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে প্রথম হওয়া সিমন শোডিন মজা করেই বললেন, ‘ইব্রা, সে আবার কে? তাঁর গতি তো বেশি না। (জনপ্রিয়তায়) সে হয়তো ইব্রাহিমোভিচকে হারাতে পারবে না। তবে ব্যবধানটা কমে আসছে। ইব্রাই সবার আগে। সে পুরো একটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এখন সারাও সেটা করছে। তাঁরা দুজন সুইডেনের অনুকরণীয় ব্যক্তিত্ব।’ এএফপি।