ইসিনবায়েভার হুমকি
রুশ অ্যাথলেটদের ‘ডোপ পাপ’ ধরা পড়ায় গত নভেম্বরে নিষিদ্ধ ওষুধ সেবনের জন্য রাশিয়াকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)। সেই নিষেধাজ্ঞা এখনো বহাল আছে, রিও ডি জেনিরো অলিম্পিকে রুশ অ্যাথলেটরা খেলতে পারবেন কি না, সেটি নিয়ে এখনো ঘোর সংশয়। কিন্তু পোল ভল্টের দুবারের অলিম্পিক সোনাজয়ী ইয়েলেনা ইসিনবায়েভা এবার হুমকি দিয়েছেন, রিওতে অংশ নিতে না পারলে আদালতের আশ্রয় নেবেন।
দীর্ঘদিন ধরে প্রায় নিয়মিতই পারফরম্যান্স-বর্ধক ডোপ নেওয়ার অভিযোগ ছিল রাশিয়ার অ্যাথলেটদের বিরুদ্ধে। সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে, এমন অভিযোগও এসেছে। আপাতত তাই ট্র্যাকে নামতে পারছেন না রুশ অ্যাথলেটরা। তবে ইসিনবায়েভা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবেন না, ‘এটা অবশ্যই একটা বৈষম্য, মানবাধিকার লঙ্ঘনও। নিষেধাজ্ঞা বহাল থাকলে আমি নিজে আন্তর্জাতিক আদালতে যাব। আমি আত্মবিশ্বাসী, জয় আমারই হবে।’
ইসিনবায়েভা গত চারটি ডোপ পরীক্ষায় উতরানোর প্রমাণও দেখিয়েছেন। কেন তাঁকে অংশ নিতে দেওয়া হবে না, সেই অভিযোগ তুলেছেন। নিজের শহর ভোলগোগ্রাদ থেকে স্কাইপে নেওয়া এক সাক্ষাৎকারে রুশ পোল ভল্টার হতাশাটা গোপন করেননি, ‘অবশ্যই আমি ক্ষুব্ধ, কারণ আমার অসহায় লাগছে। এখন অনুশীলন ছাড়া আমার কিছু করার নেই।’ নিষেধাজ্ঞা বহাল থাকলে রুশ অ্যাথলেটদের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে বলে মনে করেন ইসিনবায়েভা, ‘চার বছর অনেক সময়। এর মধ্যে অনেকেই ভেঙে পড়তে পারে।’
রাশিয়া অবশ্য এরই মধ্যে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে কিছু ব্যবস্থা নিয়েছে। কোনো অ্যাথলেটের বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ উঠলে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করার কথা ভাবছে সরকার। সে ক্ষেত্রে জরিমানা থেকে শুরু করে সংশ্লিষ্ট অ্যাথলেটের কারাদণ্ডও হতে পারে। গার্ডিয়ান।