উদ্বোধনী অনুষ্ঠানে 'ছিনতাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও ডি জেনিরোয় ছিনতাই বলতে গেলে নিত্যনৈমিত্তিক ঘটনা। এ বছর প্রথম ছয় মাসে ব্রাজিলের শহরটিতে ছিনতাইয়ের ঘটনাই ঘটেছে ৫৮ হাজার ৯৯৯টি, যা গত বছরের চেয়ে ৩৪ ভাগ বেশি। সেই শহরে শুরু হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ, আর এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিনতাই থাকবে না, তা কি হয়! আয়োজকেরা উদ্বোধনী অনুষ্ঠানের জন্যও সাজিয়েছেন ছিনতাইয়ের একটি ঘটনা! ৫ আগস্ট মারাকানায় উদ্বোধনী অনুষ্ঠানের এই ‘ছিনতাই’ উপস্থাপনায় থাকবেন ব্রাজিলের সাবেক সুপারমডেল জিসেল বুনচেন। তাঁকে ঘিরে ধরবে ছিনতাইকারীরা। এমন একটা দৃশ্য উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা ফাঁস করে দিয়েছে ব্রাজিলের পত্রপত্রিকা। আর এই নিয়ে ব্রাজিলে শুরু হয়েছে বিতর্ক। অবশ্য ব্রাজিলের পত্রপত্রিকায় বলা হয়েছে, ছিনতাইয়ের ঘটনার দৃশ্যায়নে শেষ পর্যন্ত শান্তির বার্তাই দেওয়া হয়েছে। গত রোববার মারাকানায় উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া হয়েছে। সেখানে কী কী ছিল বা উদ্বোধনী অনুষ্ঠানে কী কী থাকবে, তা যেন প্রকাশ করা না হয়, সে ব্যাপারে অনুরোধ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এএফপি।