বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে গিয়ে প্রায়ই পদক আনছেন বাংলাদেশের ভারোত্তোলকেরা। কিন্তু আগামী ৫-১১ সেপ্টেম্বর সামোয়াতে অনুষ্ঠেয় যুব কমনওয়েলথ গেমসের বাংলাদেশ দলে ভারোত্তোলনকে রাখা হয়নি। অথচ এই গেমসে আটটি খেলার মধ্যে একমাত্র ভারোত্তোলনেরই পদক জয়ের সম্ভাবনা আছে।
যুব কমনওয়েলথ গেমসে বাংলাদেশ অংশ নেবে পাঁচটি খেলায়—অ্যাথলেটিকস, সাঁতার, আর্চারি, বক্সিং ও স্কোয়াশ। অ্যাথলেটিকসের লং জাম্প ও ১০০ মিটার স্প্রিন্টে খেলবেন আশরাফুজ্জামান, তামান্না আক্তার ১০০ ও ২০০ মিটারে। ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে এবং ৫০ মিটার ফ্রি-স্টাইলে সাঁতরাবেন আরিফুল ইসলাম। ৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ফ্রি-স্টাইলে অংশ নেবেন সুরাইয়া আক্তার। আর্চারির রিকার্ভ বোয়ে খেলবেন তামিমুল ইসলাম ও নন্দিনী খান স্বপ্না। বক্সিংয়ে রাকিব শেখ ও রবিন মিয়া। আর স্কোয়াশের একক ও দ্বৈতে খেলবেন রাকিন আজিজ ও সাইফুল মিয়া।
ভারোত্তোলন কেন সুযোগ পেল না, তা জানতে চাইলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) ফখরুদ্দিন হায়দার বলেন, ‘আমরা ঘুরেফিরে সব খেলাকেই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ করে দিতে চাই। স্কোয়াশ ছোট খেলা, কিন্তু তারাও বড় গেমসে অংশ নিতে চায়। এ জন্যই এবার তাদের পাঠানো হচ্ছে।’
কিন্তু যেখানে স্কোয়াশের মতো অপ্রচলিত খেলার কোনো ঘরোয়া টুর্নামেন্টই নিয়মিত হয় না, সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এভাবে ঘটা করে পাঠানো একটা রহস্যই বটে!