উৎসবের অপেক্ষায় লেস্টার
প্রথম অলিম্পিক সোনা জয়ের পথে ফিনিশিং লাইন ছোঁয়ার আগমুহূর্তে কেমন লেগেছে উসাইন বোল্টের? রজার ফেদেরারের অনুভূতিই বা কী ছিল প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতানো পয়েন্টের জন্য সার্ভ করতে যাওয়ার সময়? একদিকে হাতছোঁয়া দূরত্বে থাকা শিরোপার চাপা উচ্ছ্বাস, সঙ্গে শেষটা ঠিকমতো হবে কি না সেই সতর্কতা। এই অম্লমধুর সময়টা এখন চলছে লেস্টার সিটির। মৌসুমজুড়ে যে রূপকথা লিখে চলেছে, তাতে শেষ টান দেওয়ার সুযোগ এসে গেছে। আজ ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয় পেলেই হয়ে যাবে লেস্টার-রূপকথার মধুরেণ সমাপয়েৎ!
একদিক থেকে ভাবলে হয়তো প্রকৃতি-নির্ধারিতই ছিল বিষয়টি। ইউনাইটেডের মাঠেই তো হওয়া উচিত লেস্টারের স্বপ্নের চূড়ান্ত মঞ্চায়ন। স্টেডিয়ামের ডাকনামটা যে এই মৌসুমের লেস্টারের গল্পের সঙ্গে খুব যায়—থিয়েটার অব ড্রিমস! ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথম ইংলিশ লিগ শিরোপার স্বপ্নটা বাস্তবে রূপ পেতে যাচ্ছে, তার শেষ দৃশ্যটা তো স্বপ্নের নাট্যমঞ্চেই হওয়া উচিত।
এত স্বপ্নের গান চারদিকে সুর চড়াচ্ছে ম্যাচটাকে ঘিরে, কিন্তু ম্যাচের আগের সংবাদ সম্মেলনের ক্লদিও রানিয়েরিকে দেখে তা কে বলবে? এই উত্তেজনার সময়ও ৬৪ বছর বয়সী লেস্টার কোচ ধরে রেখেছেন প্রৌঢ়ের শান্ত-সমাহিত ভাব। নিশ্চিত করতে চাইছেন যেন শিরোপার স্বপ্নে খেলোয়াড়দের চোখ ঝাপসা না হয়ে যায়, ‘ম্যাচটা দুর্দান্ত হবে, তবে কঠিন। আমাদের শান্ত থাকতে হবে, ক্ষুধার্তও থাকতে হবে। আমি খেলোয়াড়দের মধ্যে সেটিই দেখতে চাই।’ শিরোপার সম্ভাবনার প্রশ্নে অল্পস্বল্পেই বললেন, ‘ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিততে যাচ্ছে। এটা অবিশ্বাস্য। ইতিহাস!’
ইতিহাস আজই হবে কি না সেটি অবশ্য দেখার বিষয়। লেস্টার জিতলে কথাই নেই, হারলে বা ড্র করলেও থাকবে এই সপ্তাহেই শিরোপা নিশ্চিত করার সুযোগ। এ ম্যাচের পর লিগে আর ম্যাচ বাকি দুটি, দ্বিতীয় স্থানে থাকা টটেনহামের সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন ৭। লেস্টার ম্যাচে আজ যে ফল হবে, টটেনহাম কাল চেলসির সঙ্গে তার চেয়ে ভালো করতে না পারলেই হলো। শিরোপা হবে লেস্টারের!
ইউনাইটেড কোচ লুই ফন গালও চাইছেন লেস্টার শিরোপা জিতুক, তবে সেটি এই ম্যাচ জিতে নয়। ডাচ কোচ লেস্টারকে হারাতে চাইছেন নিজেদের স্বার্থেই, ‘ওদের হারাতেই হবে, কারণ আমরা নিজেরাও চতুর্থ স্থানের জন্য লড়ছি। আমরা তাদের ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়ন হতে দিতে পারি না। ওরা পরের সপ্তাহেই চ্যাম্পিয়ন হোক না! আমরা ওদের উৎসব নষ্ট করতে চাই না, শুধু একটু পেছাতে চাচ্ছি, এই যা।’
মৌসুমের শুরু থেকে সব বাধা উড়িয়ে দেওয়া লেস্টার সেটা হতে দেবে? এএফপি।