এই না হলে বোল্ট!

সংবাদ সম্মেলনে ঢুকতেই হাসতে হাসতে বললেন, ‘এত আস্তে তালি দিলে তো হবে না, আরও জোরে দিতে হবে!’ ব্যস, গুরুগম্ভীর ভাবটা মুহূর্তে কেটে গেল। এই একটা কথাতেই উসাইন বোল্ট যেন বুঝিয়ে দিলেন, কেন আর দশজন অ্যাথলেটের চেয়ে তিনি অন্য রকম। রিও অলিম্পিকে তাঁর প্রথম সংবাদ সম্মেলনটাও হয়ে থাকল সবার জন্য আনন্দের এক অফুরান ঝরনাধারা। ডোপ কেলেঙ্কারি, নিজের অবসর—এসব ‘সিরিয়াস’ বিষয়ও অবশ্য বাদ পড়েনি।
এই সময়ের তো বটেই, সর্বকালেরই সেরা দ্রুততম মানব বোল্ট। তার ওপর এটা তাঁর শেষ অলিম্পিক। আগেও সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। সংশয় যদি কিছু থাকেও, পরশু সেটি উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছেন, রিওর পর আর অলিম্পিকে দেখা যাবে না তাঁকে। সেই সংবাদ সম্মেলনে তাই তিল ধারণের ঠাঁই ছিল না। পরে জানা গেল, সেখানে প্রায় ৫৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। অনেক দিন গল্প করার মতো একটা অভিজ্ঞতাও নিয়ে গেলেন তাঁরা।
বেইজিং ও লন্ডন অলিম্পিকে ১০০, ২০০ ও ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন। এবার রিওতে হাতছানি দিচ্ছে ‘ট্রেবলের’ স্বপ্ন। বয়স প্রায় ৩০ ছুঁই ছুঁই, একজন দৌড়বিদের জন্য খুব একটা পক্ষে নয়। তবে মানুষটা যখন বোল্ট, এসব নিয়ে মুখ শক্ত করে দুশ্চিন্তা করার পাত্র তো তিনি নন! হাসতে হাসতে যে কথাটা বললেন, সেটা আসলে তাঁর জীবনবোধেরই প্রতিচ্ছবি, ‘আমি আনন্দ দিতে পছন্দ করি, কারণ দিন শেষে মানুষ সেটাই পেতে চায়। আমি চেষ্টা করি একটু অন্য রকম কিছু করতে। আমি এ রকমই।’
‘অন্য রকম’ কিছু সেখানকার সাংবাদিকেরাও কম করলেন না। নরওয়ের এক সাংবাদিক মাইক হাতে নিয়ে বললেন, ‘আমি কোনো প্রশ্ন করতে চাই না, আমি শুধু বলতে চাই আমি তোমাকে ভালোবাসি।’ বোল্টের জ্যামাইকান টান নকল করে সবাইকে বেশ বিনোদনও দিলেন। জাপানের টিভি ব্যক্তিত্ব তেরুহিদে তাকাহাসি মাইক নিয়ে প্রথমেই ধন্যবাদ দিলেন বোল্টকে। সংবাদ সম্মেলনে আসার আগে বোল্টের পরা এক জোড়া পুমা জুতো পেয়েছেন। তাকাহাসি জানালেন, তাঁর কাছে এটি পরম পাওয়া।
তবে এসব হাসি-ঠাট্টার মধ্যেই প্রশ্নোত্তর পর্বও চলছিল। ডোপ কেলেঙ্কারির কালো ছায়া এই অলিম্পিকের ওপর আগে থেকেই পড়েছে। আর বোল্ট সব সময়ই সেটার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গত বছর যুক্তরাষ্ট্রের দৌড়বিদ জাস্টিন গ্যাটলিনকে একসময়ের ডোপ পাপের খোঁচা দিয়েছিলেন। সেই দৌড় বোল্টের চোখে ছিল ‘ভালো আর মন্দের’ লড়াই।
এবার অবশ্য সে রকম তাঁতিয়ে দেওয়ার মতো কিছু বললেন না বোল্ট, ‘আমি ড্রাগ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করি না। এই কাজটা ওয়াডা, আইএএএফ, আইওসির কাজ। আমি শুধু ট্র্যাকে গিয়ে মানুষকে আনন্দ দিই।’ তবে ডোপ-পাপের এই অন্ধকার সুড়ঙ্গেও আশার চুইয়ে আসা আলো দেখতে পাচ্ছেন, ‘আমার মনে হয় আমরা ঠিক পথেই যাচ্ছি। খারাপ অনেক কিছুই আমরা বাদ দিতে পেরেছি। ভালো কিছুর জন্য আমাদের এই সময়টা পার হতেই হবে। কয়েক বছরের মধ্যে খেলাধুলার জগৎটা নিষ্কলুষ হবে। সবকিছু আবার ঠিক হবে।’
মানুষটা বোল্ট বলেই হয়তো এভাবেই আশার বাণী শোনাতে পারেন! এএফপি, রয়টার্স।