টোকিওর ইয়ুমেনোশিমা পার্কের আর্চারি গ্রাউন্ডে কিছুক্ষণ আগে শেষ হয়েছে অলিম্পিক আর্চারির মিশ্র ইভেন্টের প্রথম রাউন্ড। গতকালের বাছাই পর্ব শেষে ১৬টি দেশের মিশ্র দল এই পর্বে খেলার সুযোগ পেয়েছে।
১৬ দেশের মধ্যে যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, সেটাও তো এই আর্চারদের পারফরম্যান্সের উন্নতির প্রমাণ। তবে প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ কোরিয়ার আর্চারদের পাওয়া দুর্ভাগ্যজনক মনে হলেও যাঁরা খেলা দেখেছেন, তাঁদের চোখে তা একবারও মনে হয়নি।
দক্ষিণ কোরিয়া এমনিতেই আর্চারির সবচেয়ে শক্তিশালী দেশ। আর এই কঠিন প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের দুই তিরন্দাজ লড়েছেন দারুণভাবে।
বাংলাদেশের দুই তিরন্দাজ রোমান সানা ও দিয়া সিদ্দিকী এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দলের বিপক্ষে লড়েছেন বীরের মতো এবং হারলেও মাথা উঁচু রেখে মাঠ ছেড়েছেন, ঠিক এমন মন্তব্যই করেছেন টেলিভিশনের এক ধারাভাষ্যকার।
মাঠে ঢোকার সময় দিয়ার কোমরে ঝোলানো ব্যাগের সঙ্গে ছিল বাংলাদেশের পতাকা। প্রথম সেটে রোমান এবং দিয়াকে দেখে যেন মনে হয়েছে কিছুটা অপ্রস্তুত। সেই সুযোগে দক্ষিণ কোরিয়া ৩৮-৩০ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে যায় প্রথম সেটে।
পরের দুই সেটে প্রায় ঘুঁরে দাড়িয়েছিলেন রোমান–দিয়া জুটি। দ্বিতীয় সেট দক্ষিণ কোরিয়া অবশ্য জিতেছে ৩৫-৩৩ পয়েন্টে এবং তৃতীয় সেট হয়েছে আরও জমজমাট।
দক্ষিণ কোরিয়া শেষ সেট জিতে নেয় ৩৯-৩৮ পয়েন্টে। শেষ পর্যন্ত ৬-০ সেট পয়েন্টে বাংলাদেশ হেরে গেলেও বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংকের দলের বিপক্ষে যেভাবে লড়াই করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।
মিশ্র ইভেন্ট থেকে বাংলাদেশ বিদায় নিলেও রোমান ও দিয়া এককে লড়বেন। ২৭ জুলাই ছেলেদের এককে রোমানের প্রতিপক্ষ ব্রিটেনের টম হল। ২৯ জুলাই মেয়েদের এককে দিয়ার প্রতিপক্ষ বেলারুশের আর্চার কারিনা দিওমিনসকায়া।