এক শ মিটারের মুকুট শিরিনেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরিন আক্তার: এক শ মিটারের শ্রেষ্ঠত্বের মুকুট তাঁরই মাথায়। ফাইল ছবি
শিরিন আক্তার: এক শ মিটারের শ্রেষ্ঠত্বের মুকুট তাঁরই মাথায়। ফাইল ছবি

দেশের দ্রুততম মানব হিসেবে গতকাল নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন মেসবাহ আহমেদ। মেসবাহর পথেই হাঁটলেন শিরিন আক্তারও। টানা চারটি মিটে দ্রুততম মানবী হয়েছেন বিকেএসপির সাবেক এই অ্যাথলেট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলমান ৪০তম জাতীয় অ্যাথলেটিকসে আজ এক শ মিটার স্প্রিন্টে শিরিন সোনা জিতেছেন ১২.০১ সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টে তাঁর সেরা টাইমিং ১২ সেকেন্ডের নিচে।
তবে টাইমিং নিয়ে না ভেবে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেই খুশি শিরিন। তাঁর কথা,‌ ‘এক শ মিটারে অন্য কাউকে সেরা হতে দেব না, এই জেদ আমার ছিল। কারণ, অনেক কষ্ট করেছি। পড়াশোনা আর অনুশীলন দুটি একসঙ্গে চালিয়ে যাওয়া অনেক কঠিন। সব বাধা জয় করে আমি নিজের অবস্থানটা ধরে রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।’
প্রায় ৪ বছর ধরে এক শ মিটারে মেসবাহ-শিরিন রাজত্বে কেউ হানা দিতে পারেনি, এটা তাঁদের কৃতিত্ব। তবে নতুন খেলোয়াড় উঠে আসছে না, পুরানোরা তেমন চ্যালেঞ্জের মুখে পড়ছেন না—এ নিয়ে অনেক সাবেক অ্যাথলেট হতাশা জানিয়ে আসছিলেন। মেসবাহ তবু কিছুটা চ্যালেঞ্জে পড়েছিলেন কাল, আজ শিরিন জিতেছেন খুব সহজেই।