একই দিনে দুবার রেকর্ড পিটির
‘বিশ্ব রেকর্ডটা ছিল দুই বছরের পুরোনো। নতুন রেকর্ড তো পাওনা হয়ে গিয়েছিল, তাই না?’
কাল সকালে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের প্রাথমিক হিটে নতুন বিশ্ব রেকর্ড গড়ার পর বলছিলেন অ্যাডাম পিটি। কিন্তু নতুন রেকর্ডটাও টিকল মোটে আট ঘণ্টা! রাতেই যে আবার সেমিফাইনালে নিজের রেকর্ড ভেঙে ফেললেন পিটি। ব্রিটিশ সাঁতারু দুপুরে সময় নিয়েছিলেন ২৬.১০ সেকেন্ড, রাতে সেমিফাইনালে ২৫.৯৫ সেকেন্ড। প্রাথমিক হিটেও নিজের রেকর্ড ভেঙেছিলেন ২২ বছর বয়সী এই সাঁতারু।
সকালে নিজের আগের বিশ্ব রেকর্ড থেকে ০.৩২ সেকেন্ড ছেঁটে ফেলেছিলেন পিটি। রাতে সেমিফাইনালে সময়টা কমালেন আরও ০.১৫ সেকেন্ড। চারবার পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের বিশ্ব রেকর্ড ভাঙা পিটি কি আজ ফাইনালেও আরেকটি রেকর্ড উপহার দিতে পারবেন?
প্রথম সাঁতারু হিসেবে ২৬ সেকেন্ডের নিচে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক শেষ করলেন পিটি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ৫৭ সেকেন্ডের নিচে শেষ করার প্রজেক্টটা তো তিনি আগেই হাতে নিয়েছেন। এই ইভেন্টেরও বিশ্ব রেকর্ডের মালিক তিনি। গত বছর রিও অলিম্পিকে সোনা জয়ের পথে ৫৭.১৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন। এরপরই ৫৬ সেকেন্ডকে পাখির চোখ করেছেন পিটি।
এবার বুদাপেস্টে অবশ্য ১০০ মিটারের বিশ্ব রেকর্ডটা নতুন করে লিখতে পারেননি। তবে পরশু রাতে সহজেই জিতে নিয়েছেন নিজের প্রিয় ইভেন্টটা। নিকট প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছেন ১.২ সেকেন্ডের ব্যবধানে। বাঁ হাতে সিংহের উলকি আঁকা পিটি সময় নিয়েছেন ৫৭.৪৭ সেকেন্ড, যা কিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড, আর ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের ইতিহাসে দ্বিতীয় সেরা সময়। অবশ্য ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেরা ১০টি সময়ই পিটির।
প্রাথমিক হিটে বিশ্ব রেকর্ড গড়ার পর প্রতিদ্বন্দ্বী ক্যামেরন ফন ডার বার্গ বলেছেন হিটে বিশ্ব রেকর্ড করা মানেই ফাইনাল জয়ের নিশ্চয়তা নয়। সেমিফাইনালের পর প্রায় একই সুর পিটির ঠিক পেছনে থেকে ফাইনালে ওঠা ব্রাজিলিয়ান ফেলিপে লিমার, ‘এটা অবিশ্বাস্য (পিটির কীর্তি)। তবে ফাইনালটা অন্য রকম হবে।’
পিটি কি হতে দেবেন? এএফপি।