এখনো অংশগ্রহণেই সার্থকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকে যাওয়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশনে এক ফ্রেমে বাংলাদেশের সাত খেলোয়াড়: (বাঁ থেকে) শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, দ্রুততম মানবী শিরিন আক্তার, সাঁতারু সোনিয়া আক্তার, তিরন্দাজ শ্যামলী রায়, গলফার সিদ্দিকুর রহমান, দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও সাঁতারু মাহফিজুর রহমান (সাগর) l ফাইল ছবি
রিও অলিম্পিকে যাওয়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশনে এক ফ্রেমে বাংলাদেশের সাত খেলোয়াড়: (বাঁ থেকে) শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, দ্রুততম মানবী শিরিন আক্তার, সাঁতারু সোনিয়া আক্তার, তিরন্দাজ শ্যামলী রায়, গলফার সিদ্দিকুর রহমান, দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও সাঁতারু মাহফিজুর রহমান (সাগর) l ফাইল ছবি

কুর্মিটোলা গলফ কোর্সের লবিতে বসে আছেন সিদ্দিকুর রহমান। তাঁকে ঘিরে দ্রুততম মানব মেজবাহ আহমেদ, সাঁতারু মাহফিজুর রহমান (সাগর) ও তিরন্দাজ শ্যামলী রায়। দেশসেরা গলফারের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন ওই অ্যাথলেটরা। গত সপ্তাহে কুর্মিটোলায় রিও অলিম্পিকের ব্লেজার প্রদান অনুষ্ঠানের ফাঁকে খোশগল্পে মেতে উঠেছিলেন চার অলিম্পিয়ান। সবার চোখেমুখে রোমাঞ্চ, কখন গায়ে জড়াবেন অলিম্পিকের লোগো-সংবলিত ব্লেজার!
২০১৬ রিও অলিম্পিকে অংশ নিচ্ছেন বাংলাদেশের সাত ক্রীড়াবিদ। সিদ্দিকুর, মাহফিজুর, মেজবাহ, শ্যামলীদের সঙ্গী হয়ে ব্রাজিল গেছেন সাঁতারু সোনিয়া আক্তার, দ্রুততম মানবী শিরীন আক্তার ও শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। বাস্তবতা হচ্ছে, অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখারও সাহস কারও নেই। অংশ নিতে পারছেন এটাই যে বড় পাওয়া। ব্যারন পিয়েরে দ্য কুবার্তিনের মূলমন্ত্র, অংশগ্রহণই বড় কথা—অলিম্পিকের শাশ্বত চেতনায় উজ্জীবিত সবাই। বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য অলিম্পিক এখনো অভিজ্ঞতা অর্জনের সবচেয়ে বড় মঞ্চ হয়েই আছে।
সরাসরি কখনোই অলিম্পিকে অংশ নিতে পারেননি বাংলাদেশের কোনো অ্যাথলেট। এর আগের আটটি আসরে সবাই খেলেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। এখানেই নতুন ইতিহাস গড়ে রিও অলিম্পিকে গেছেন সিদ্দিকুর রহমান। বাংলাদেশের অলিম্পিক ইতিহাসে প্রথম সরাসরি সুযোগ করে নেওয়া খেলোয়াড় যে এই গলফার!
বাংলাদেশকে অলিম্পিকের প্রথম স্মৃতিটা উপহার দিয়েছে ১৯৭২ মিউনিখ অলিম্পিক। সেবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন কাজী আনিসুর রহমান। বাংলাদেশের তৎকালীন ক্রীড়ানিয়ন্ত্রণ বোর্ডের আহ্বায়ক ওই গেমসে গিয়েছিলেন পর্যবেক্ষক হিসেবে। চার বছর পর মন্ট্রিয়ল অলিম্পিকে তিন সদস্যের প্রতিনিধিদল যোগ দেয়। ওই দলেও কোনো ক্রীড়াবিদের জায়গা হয়নি। ১৯৮০ মস্কো অলিম্পিকে বাংলাদেশ কোনো প্রতিনিধিই পাঠায়নি।
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের এক মাইলফলক হয়ে আছে ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস গেমস। ওই আসরে প্রথম ক্রীড়াবিদ হিসেবে অংশ নেন তখনকার দ্রুততম মানব সাইদুর রহমান ডন। মার্চপাস্টে বাংলাদেশ দলের পতাকাবাহকও ছিলেন তিনি। ১৯৮৮ সিউল অলিম্পিকে আট সদস্যের বাংলাদেশ দল অংশ নেয়। এই দলের ছয়জন খেলোয়াড় প্রয়াত অ্যাথলেট শাহ আলম ও শাহ জালাল মবিন, মিলজার হোসেন, শাহান উদ্দিন চৌধুরী, সাঁতারু বজলুর রহমান ও আবদুস সালাম।
১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে আটজনের দলেও খেলোয়াড় ছিলেন ছয়জন—শ্যুটার কাজী শাহানা পারভীন, স্প্রিন্টার গোলাম আম্বিয়া, শাহ জালাল মবিন, লংজাম্পার শাহান উদ্দিন চৌধুরী ও মেহেদী হাসান এবং সাঁতারু মোখলেছুর রহমান। ম্যানেজার ছিলেন ১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসের সোনাজয়ী শ্যুটার আতিকুর রহমান।
১৯৯৬ আটলান্টায় শতবর্ষ অলিম্পিক গেমসে ১১ সদস্যের বাংলাদেশ দলে খেলোয়াড় ছিলেন অ্যাথলেট বিমল চন্দ্র তরফদার, নিলুফার ইয়াসমিন, সাঁতারু কারার মিজানুর রহমান ও শ্যুটার সাইফুল আলম রিংকি। ২০০০ সিডনি অলিম্পিকে ১০ সদস্যের দলে খেলোয়াড় ছয়জন—১৯৯৫ সাফ গেমসের ২০০ মিটারে সোনাজয়ী প্রয়াত অ্যাথলেট মাহবুব আলম ও ফৌজিয়া হুদা জুঁই, শ্যুটার সাবরিনা সুলতানা ও প্রয়াত ফিরোজ হোসেন পাখি, সাঁতারু কারার ছামেদুল ইসলাম ও ডলি আক্তার। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি তিনটি অলিম্পিকে অংশ নিয়েছেন ওই ডলিই। সিডনির পর সাঁতরেছেন এথেন্স ও বেইজিংয়ে। আবারও একটা অলিম্পিক দুয়ারে। স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসে ডলির, ‘প্রথমবার সিডনিতে ডিসকোয়ালিফাইড হয়েছিলাম। বয়স অল্প ছিল তো, গ্যালারি থেকে বাঁশির আওয়াজ শুনেই ঝাঁপ দিয়েছিলাম! বেইজিং অলিম্পিকে মাইকেল ফেল্প্সের সঙ্গে একই পুলে অনুশীলনের স্মৃতি এখনো রোমাঞ্চ জাগায়।’
২০০৪ এথেন্স অলিম্পিকে পাঁচ কর্মকর্তার সঙ্গে ছিলেন অ্যাথলেট মোহাম্মদ শামসুদ্দিন, শামসুন্নাহার চুমকি, সাঁতারু ডলি আক্তার, জুয়েল আহমেদ এবং শ্যুটার আসিফ হোসেন খান। ২০০৮ বেইজিং অলিম্পিকে সর্বাধিক ১৭ জনের প্রতিনিধিদল অংশ নেয়। সেবার খেলোয়াড় ছিলেন ১১ জন। তাঁদের মধ্যে অ্যাথলেট মোহাম্মদ আবু আবদুল্লাহ ও নাজমুন্নাহার বিউটি, সাঁতারু রুবেল রানা, ডলি আক্তার এবং শ্যুটার ইমাম হোসেন ও শারমিন আক্তার। সর্বশেষ ২০১২ লন্ডন অলিম্পিকে বাংলাদেশ দলে ছিলেন ১৫ জন। খেলোয়াড় পাঁচজন—শ্যুটার শারমিন আক্তার রত্না, প্রবাসী বাংলাদেশি জিমন্যাস্ট সাইক সিজার, তিরন্দাজ ইমদাদুল হক মিলন, সাঁতারু মাহফিজুর রহমান ও দ্রুততম মানব মোহন খান।
২৮ খেলার ৩০৬টি ইভেন্টে ২০৭ দেশের ১১, ২৩৯ জন অ্যাথলেট এবার নামবেন পদকের লড়াইয়ে। বাংলাদেশের খেলোয়াড়েরা হয়তো হিটেই বাদ পড়বেন। তাতে কী? নানা জাতির, নানা বর্ণের খেলোয়াড়দের সঙ্গে মার্চপাস্টে বাংলাদেশের পতাকা নিয়ে হাঁটবেন সিদ্দিকুর রহমান। কোনো একদিন বিজয়মঞ্চে উড়বে লাল-সবুজ পতাকা, বাজবে বাংলাদেশের জাতীয় সংগীত; অলিম্পিক এলেই নিশ্চয়ই স্বপ্নটা নতুন করে দেখতে শুরু করেন বাংলাদেশের হাজারো খেলোয়াড়।