এনরিকে আর স্টেগেনের দিন
ইতিহাস বলছে, অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ থেকে জয় নিয়ে ফিরে আসা খুব সহজ নয়। গত মৌসুমেও সান মেমেসে জয় পেতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল, এবারের জয়টাও বেশ ঘাম ঝরানো। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়েই লা লিগায় জয়যাত্রা ধরে রেখেছে বার্সেলোনা। লুইস এনরিকের কাছেও ম্যাচটা একটু অন্যরকম, বার্সার হয়ে এটি যে তাঁর শততম জয়। তবে পরশুর ম্যাচটা সবচেয়ে বেশি মনে রাখবেন আন্দ্রে টের স্টেগেন, বার্সায় এদিনই যে পেলেন ‘নতুন জীবন’!
দুই মৌসুম আগে বার্সায় নাম লিখিয়েছেন এই জার্মান গোলরক্ষক। কিন্তু লা লিগা খেলার সুযোগ পাননি খুব একটা, ইউরোপিয়ান প্রতিযোগিতাতেই পোস্টের নিচে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে। কিন্তু ক্লদিও ব্রাভো ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ার পর এবার লিগের দরজা খুলে গেল টের স্টেগেনের। সেই স্নায়ুচাপ থেকে হয়তো শুরুতেই একটা ভুল করে বসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেভ করে ‘প্রায়শ্চিত্ত’ করেছেন, পুরো ম্যাচে এরপর আর কোনো বিপদ হতে দেননি। পুরো ম্যাচে ৬১টি পাস দিয়েছেন, ২০০৫-০৬ মৌসুমের পর কোনো গোলরক্ষক এক ম্যাচে এত পাস দেননি।
কিন্তু রক্ষণ নিজেদের কাজটা ঠিকঠাক করলেও মেসি, সুয়ারেজরা সেটি পারেননি। ২০ মিনিটেই আরদা তুরানের নিখুঁত ক্রস থেকে হেড করে বার্সাকে এগিয়ে দেন ইভান রাকিতিচ। এরপর মেসি, সুয়ারেজ বেশ কয়েকবারই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, কিন্তু নষ্ট করেছেন। বিলবাও-ও সুযোগ পেয়েছিল, কিন্তু বেনাতের ফ্রিকিক সাইড নেট ঘেঁষে চলে যায়।
ব্যবধান যা-ই হোক শেষ পর্যন্ত জয় বলে কথা। এনরিকেও নিজের শততম জয়টা পেয়ে গেছেন মাত্র ১২৬ ম্যাচেই। তবে বার্সা কোচকে তিন পয়েন্ট পাওয়াটাই বেশি তৃপ্তি দিচ্ছে, ‘এমন একটা প্রতিপক্ষের সঙ্গে জয় পেয়ে আমি আসলেই খুশি। হয়তো জয়টা আগেই নিশ্চিত করতে পারতাম, কিন্তু আমাদের পারফরম্যান্সটা ভালো ছিল।’
আন্তর্জাতিক বিরতি এখন বার্সার ছন্দপতন না করলেই হয়! এএফপি, রয়টার্স।