এবার গ্যাটলিনের চোখ রিওতে

বেইজিংয়ে উসাইন বোল্ট ছিলেন। তাই তিনি পারেননি। কিন্তু এখানে তো বোল্ট নেই। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর বিশ্রামে আছেন বিশ্বের দ্রুততম মানব। ব্রাসেলসের ডায়মন্ড লিগ মিটে তাই জাস্টিন গ্যাটলিনের জয়টাই প্রত্যাশিত ছিল। হলোও তা-ই। ৯.৯৮ সেকেন্ড সময় করে পরশু ১০০ মিটার জিতেছেন আমেরিকান স্প্রিন্টার। ফটোফিনিশে দ্বিতীয় হতে হয়েছে কাতারের ফেমি ওগুনোদেকে। ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ফ্রান্সের জিমি ভিকাউ। দারুণভাবে মৌসুম শেষ করে উচ্ছ্বসিত গ্যাটলিন। এবার তাঁর চোখ আগামী বছরের রিও অলিম্পিকে।
মৌসুমের শুরুটাই হয়েছিল দুর্দান্তভাবে। গত মে মাসে দোহায় ৯.৭৪ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে বছরের সেরা টাইমিং করেছিলেন গ্যাটলিন। পরশু শেষও হলো ব্রাসেলসে ১০০ মিটারে জয় দিয়ে। ২০০ মিটারেও দৌড়ানোর কথা ছিল তাঁর, কিন্তু সতর্কতা হিসেবে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। মাঝে শুধু বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের কাছে ১০০ ও ২০০ মিটারে হেরে রুপায় সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে সব মিলিয়ে এ মৌসুমে নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি গ্যাটলিন, ‘আমি এটাকে একটা সফল মৌসুমই বলব। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এখানে এসে পদক জিতেছি। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অনেক বড় মাপের অ্যাথলেট ছিল, যারা ফাইনালে কিংবা বিজয়ীর মঞ্চে উঠতে পারেননি। সেখান থেকে দুটি রুপা জিতে আসতে পেরে আমি খুশি।’
যেটুকু না পাওয়ার আক্ষেপ আছে সেটাকেই আগামী বছরের প্রেরণা করতে চান গ্যাটলিন, ‘অবশ্যই আমি আরও সাফল্য চাই। আর সেটাই আমাকে ২০১৬ সালে ক্ষুধার্ত রাখবে।’
তবে সামনের বছর যেহেতু অলিম্পিক, সেটির প্রস্তুতিও অন্য রকমভাবে নিতে চান ডোপিংয়ের দায়ে দুই দফা নিষিদ্ধ থাকা স্প্রিন্টার, ‘এ বছর আমি যুক্তরাষ্ট্রের জাতীয় ট্রায়ালেও ১০০ মিটার ও ২০০ মিটারে দৌড়েছি। পরের বছর আমাকে মৌসুমের শুরু থেকেই দেখা যাবে না। কিন্তু যখন আমি ট্র্যাকে নামব, সেটা নামার মতোই হবে।’
দুর্দান্ত ফর্মে থাকা গ্যাটলিনের জন্য একটা সমস্যা হতে পারে তাঁর বয়স। রিও অলিম্পিকের সময় ৩৪ পেরিয়ে যাবেন। অন্যদিকে বোল্টের এখন ২৯। তবে এটিকে খুব বড় বাধা বলে মানেন না গ্যাটলিন, ‘৩৪ বছর বয়সে যে কোনো কিছু শেখা যায় না, সেটা আমি মানতে নারাজ। সাধারণত দেখা যায় অ্যাথলেটদের বয়স ৩০ পেরিয়ে গেলে তাঁরা পরিবার নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন। তাঁদের সব মনোযোগ তখন ওসব ঘিরে। কিন্তু আমি সর্বশেষ তিন বছর ধরে শুধু একটাই চিন্তা করছি, কী করে আরও জোরে দৌড়ানো যায়। কীভাবে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়া যায়।’ এএফপি।