এবার ডব্লিউডব্লিউই ছাড়লেন জেফ হার্ডি
কয়েক দিন আগেই ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) বিশেষ আয়োজন ‘সারভাইভর’ সিরিজের বিখ্যাত ‘এলিমিনেশন ম্যাচ’–এর অন্যতম প্রধান অংশ ছিলেন জেফ হার্ডি। হার্ডিকে হারিয়েই ম্যাচটা জেতেন সেথ রলিন্স (কোলবি লোপেজ)।
২০ দিন যেতে না যেতে সে জেফ হার্ডির চুক্তিই বাতিল করল ডব্লিউডব্লিউই!
জনপ্রিয় এই রেসলারকে ছাঁটাই করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই রেসলিং প্রতিষ্ঠানটি।
আনুষ্ঠানিকভাবে এখনো ডব্লিউডব্লিউইর পক্ষ থেকে কোনো বিবৃতি না এলেও নির্ভরযোগ্য মোটামুটি সব রেসলিং-বিষয়ক ওয়েবসাইটই এ খবর প্রকাশ করেছে। ঠিক কোন কারণে হার্ডিকে বিদায় করে দেওয়া হয়েছে, সে নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও অনেকেই মনে করছেন, অতিরিক্ত মাদকাসক্তিই কাল হয়েছে এই রেসলারের জন্য।
গত কয়েক মাসে খরচ কমানোর কথা বলে বেশ অনেক রেসলারকে ছাঁটাই করেছে ডব্লিউডব্লিউই। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কিথ লি, ক্যারিয়ন ক্রস, আনদ্রাদে, অ্যালিস্টার ব্ল্যাক, নায়া জ্যাক্স প্রমুখ। একাধিক রেসলার ছাঁটাই করলেও জেফ হার্ডির ওপর কর্তৃপক্ষের ভরসা ছিল। এখনো জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই রেসলার কিছুদিনের মধ্যেই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইনসের (জো আনোয়াই) সঙ্গে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করবেন, এমনটা পরিকল্পনাও ছিল ডব্লিউডব্লিউইর। কিন্তু সেসব পরিকল্পনা এখন আর আলোর মুখ দেখবে না।
গত সপ্তাহে টেক্সাসের এডিনবার্গে ডব্লিউডব্লিউইর নিয়মিত লাইভ শোতে রোমান রেইনস আর তাঁর দুই কাজিন জে উসো (জোশুয়া ফাতু) ও জিমি উসোর (জোনাথন ফাতু) বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন জেফ হার্ডি, ড্রু ম্যাকিন্টায়ার (অ্যান্ড্রু গ্যালোওয়ে) ও কিং উডস (অস্টিন ওয়াটসন)। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সে ম্যাচের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ঠিকমতো লড়াই করতে পারছেন না হার্ডি, নিজেকে সামলাতে পারছেন না। কোনোরকমে ম্যাকিন্টায়ারকে ‘ট্যাগ’ করে রিংয়ে এনে তিনি রিং ছেড়ে চলে যান। পরে ম্যাচ জেতার পর ম্যাকিন্টায়ার আর উডসের সঙ্গে উদ্যাপন করতেও দেখা যায়নি হার্ডিকে।
এখন হার্ডির এহেন অবস্থা কি অতিরিক্ত মাদকাসক্তির কারণে, না বয়স হওয়ার কারণে আগের মতো রিংয়ে লড়তে পারছেন না, সেটা নিশ্চিতভাবে জানা যায়নি। ওই ম্যাচের পরেই হার্ডিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী শোতে তাঁকে আর খেলানো হয়নি।
নির্ভরযোগ্য রেসলিং ওয়েবসাইট ফাইটফুলের সাংবাদিক শন রস স্যাপ, টকস্পোর্টসের অ্যালেক্স ম্যাকার্থি, ফোর্বসের আলফ্রেড কোনুওয়া সবাই জানিয়েছেন, ওই ম্যাচের পর ডব্লিউডব্লিউই হার্ডিকে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু হার্ডি বা তাঁর পরিবারের কেউ এ প্রস্তাবে রাজি হননি। যে কারণে ছাঁটাই করা হয় হার্ডিকে।
এদিকে হার্ডির ভাই, আরেক কিংবদন্তি রেসলার ম্যাট হার্ডি জানিয়েছেন, তাঁর ভাই সুস্থই আছেন, ‘আমি জেফের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি আজ। ও ঠিক আছে। আমি জানি, ও আবারও ফিরে আসবে। যদিও এসব নিয়ে কথা বলার আমি কেউ নই, ওর যদি বিস্তারিতভাবে কিছু বলার থাকে ও নিজেই বলবে। ও এখন নিজের বাসায় আছে এবং সুস্থ আছে।’
এদিকে বিভিন্ন রেসলার হার্ডির সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন। ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন বিগ ই (ইতোরে ইওয়েন) জানিয়েছেন, ‘জেফ হার্ডিকে তাঁর সতীর্থ ও ভক্তরা অনেক ভালোবাসেন। আমি কখনো তাঁকে নিয়ে নেতিবাচক কোনো কিছু শুনিনি। তিনি সব সময় আমার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেছেন। তিনি ও তাঁর পরিবারকে শুভকামনা জানাই।’
ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন ড্যামিয়েন প্রিস্ট (লুইস মার্তিনেজ) জানিয়েছেন, ‘জেফ হার্ডির জন্য ইতিবাচক বিষয় ছাড়া অন্য কোনো কথা মাথায় আসছে না। এই মহান ও অসাধারণ মানুষটার জন্য শুভকামনা।’