এবার দ্বৈতের সোনাও জিতলেন নাদাল

ক্যারিয়ারে কী জেতেননি রাফায়েল নাদাল?
ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন—সব কটি গ্র্যান্ড স্লামই তাঁর শোকেসে আছে। সব মিলিয়ে ১৪টি গ্র্যান্ড স্লাম। চারবার জিতেছেন ডেভিস কাপ। ২০০৮ বেইজিং অলিম্পিকে টেনিসের এককেও সোনার পদকটা গলায় তুলেছেন নাদাল। এবার এসে গেল দ্বৈতের সোনাও। দীর্ঘদিনের বন্ধু মার্ক লোপেজকে নিয়ে রিও অলিম্পিকে টেনিসের দ্বৈতের সোনা জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা।
রোমানিয়ার ফ্লোরিন মারজেয়া ও ওরিয়া তেকাউকে ৬-২, ৩-৬, ৪-৬ সেটে হারিয়ে দ্বৈতের সোনা জিতেছেন নাদাল ও লোপেজ।
এই সোনার পদক জয়ে একটা কীর্তিও গড়েছেন নাদাল—অলিম্পিকে একক ও দ্বৈত দুটিতেই সোনা জেতা। অলিম্পিকে টেনিসের ইতিহাসে যে কীর্তি আছে শুধু তিনজনের—যুক্তরাষ্ট্রের দুই উইলিয়ামস বোন সেরেনা ও ভেনাস এবং চিলির নিকোলাস মাসু।
রিওতে অবশ্য এককেও সোনার পদক জেতার সম্ভাবনা এখনো আছে নাদালের। ব্রাজিলের থমাজ বেলুচ্চিকে ২-৬, ৬-৪, ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন ৩০ বছর বয়সী স্প্যানিশ তারকার। আজ শেষ চারের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো। সূত্র: এএফপি।