এশিয়ান গেমসের সোনাও কিছুই না কৃষক আন্দোলনের সমর্থনে
বিজেপি সরকার প্রবর্তিত কৃষি সংস্কার-সংক্রান্ত এক বিতর্কিত আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ভারতের কৃষকেরা। এ আইন বাতিলের দাবিতে তাঁদের যে ধারাবাহিক আন্দোলন, তার ফলেই লাখ লাখ কৃষক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে রাজধানী দিল্লিকে ঘিরে রেখেছেন। দিল্লিতে ঢোকার যে সড়কগুলো রয়েছে, তার প্রতিটি আটকেই অবস্থান করছেন কৃষকেরা। পুলিশের ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিপেটা—উপেক্ষা করছেন প্রায় সবকিছুই। যেকোনো মূল্যে তাঁরা দিল্লিতে প্রবেশ করতে চান। জানা যাচ্ছে, চার মাস অবস্থান করার যাবতীয় রসদ নিয়েই নাকি আন্দোলনে নেমেছেন তাঁরা।
কিছুদিন আগেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কৃষক আন্দোলনের সমর্থনে বক্তব্য রেখেছেন। ট্রুডোর বক্তব্যকে অবশ্য খুব ভালোভাবে নেয়নি ভারত সরকার। তবে এই কৃষক আন্দোলনকে ঘিরে নানামুখী চাপেই আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্দোলনকে সমর্থন দিচ্ছেন ক্রীড়াবিদদের অনেকেই। কৃষকদের সমর্থনে তাঁরা পদক বর্জনেরও ঘোষণা দিয়েছেন।
পদক বর্জনের জন্য রাষ্ট্রপতি ভবন অভিমুখে মিছিলও করেছেন ক্রীড়াবিদেরা। এঁদের মধ্যে ছিলেন এশিয়ান গেমসে দুবারের সোনাজয়ী কুস্তিগির কর্তার সিং। তিনি ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় খেতাব অর্জুন পুরস্কারেও ভূষিত। পেয়েছেন আরেক মর্যাদাকর খেতাব পদ্মশ্রী। কৃষকদের সমর্থনে কর্তার সিংয়ের সঙ্গে ছিলেন অলিম্পিকে দেশের হয়ে সোনাজয়ী হকি খেলোয়াড় গুরমিল সিং ও নারী হকি দলের সাবেক অধিনায়ক রাজকীর কৌর। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের বক্সিংয়ে ভারতের হয়ে ব্রোঞ্জজয়ী বিজেন্দর সিংও যোগ দিয়েছেন এ বিক্ষোভে। তিনিও তাঁর খেলরত্ন উপাধি বর্জনের কথা বলেছেন।
১৯৭৬ সালে তেহরান ও ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে কুস্তিতে সোনা জিতেছিলেন কর্তার সিং। এ মুহূর্তে পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি আন্দোলনে নেমেছেন। নিজের বিবেকবোধ থেকেই এই আন্দোলনে শামিল হয়েছেন বলে জানিয়েছেন, ‘এই ঠান্ডায় খোলা আকাশের নিচে আমার দেশের কৃষকেরা যখন রাত কাটান, এঁদের ওপর যখন লাঠিচার্জ হয়, তখন একজন কৃষকের সন্তান হিসেবে আমি বাড়িতে বসে আরাম করতে পারি না। আমি পুলিশের উচ্চপদে চাকরি করার পরও কৃষিকাজ করি।’
বিজেন্দর সিং মনে করেন, এই কৃষকদের হাতে ফলা খাবার খেয়েই তাঁর বেড়ে ওঠা, ক্রীড়াবিদ হয়ে ওঠা, ‘আমি পাঞ্জাবের হাওয়ায় বড় হয়েছি, এই কৃষকদের হাতে ফলা গমের রুটি খেয়ে এই বয়স পর্যন্ত এসেছি। আমি তাঁদের সঙ্গে একাত্ম হয়েছি তাঁদের সন্তান ও ভাই হিসেবে। আরও অনেক ক্রীড়াবিদই এই আন্দোলনে শামিল হতে চান। কিন্তু তাঁরা প্রায় সবাই-ই সরকারি চাকরি করেন। তাঁরা আন্দোলনে যোগ দিলে সরকার খড়্গহস্ত হতে পারে, এই ভয়ে তাঁরা আসতে পারছেন না।’
এদিকে, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্রীড়াবিদদের খেতাব ও পদক বর্জনের মতো সিদ্ধান্ত না নিতে অনুরোধ জানিয়ে বলেছে, ‘সরকার কৃষক আন্দোলন নিয়ে ভাবছে। ক্রীড়াবিদেরা যেন আন্দোলন, রাজনীতি ও খেলাধুলাকে এক করে না দেখেন। তাঁরা যেন কেন্দ্রীয় সরকারের ওপর আস্থা রাখেন।’
গত সেপ্টেম্বরে এই আইনটি পাস হয়। এরপর থেকে সরকারি প্রতিনিধিদল কৃষকদের বিভিন্ন গ্রুপের সঙ্গে একাধিক বৈঠক করেও আইনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সরকারপক্ষ বলছে, এই আইনের মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য সরাসরি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারবেন। কিন্তু কৃষকেরা আশঙ্কা করছেন, এই আইনের মাধ্যমে পাইকারি বাজারব্যবস্থা সংকুচিত হয়ে আসবে এবং অল্প পুঁজির কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। পণ্যের সঠিক মূল্য না পেয়ে, ঋণগ্রস্ত হয়ে ভারতে প্রতিবছর অনেক কৃষক আত্মহননের পথ বেছে নেন।